৮ মাসেও ক্ষমতার অপব্যবহার রোধ বিলের প্রতিবেদন নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদদের ক্ষমতার অপব্যবহার রোধ ও আচরণ নির্ধারণে উত্থাপিত একটি বিলের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে। জানুয়ারি মাসে উত্থাপিত হলেও গত আট মাসে বিলটি সম্পর্কে সংসদে প্রতিবেদন উপস্থাপন করা হয়নি। আসন্ন অধিবেশনেও বিলটি সংসদে উপস্থাপনের সম্ভাবনা নেই বলে জানা গেছে।গত ১৪ জানুয়ারি সংসদের চতুর্থ অধিবেশনে আওয়ামী লীগের সাংসদ সাবের হোসেন চৌধুরী ‘সংসদ সদস্য আচরণ বিল-২০১০’ সংসদে উত্থাপন করেন। বিলে সাংসদদের নৈতিক অবস্থান ও দায়িত্ব সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। স্বার্থগত দ্বন্দ্ব ও আর্থিক বিষয়ে সাংসদেরা কোন নীতি অনুসরণ করবেন, সে বিষয়েও এই বিলে নির্দেশনা রয়েছে। বিলটি উত্থাপনের পর তা বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। কমিটির বিলটি পরীক্ষা-নিরীক্ষার পর সংসদে প্রতিবেদন দেওয়ার কথা। কিন্তু গত আট মাসেও প্রতিবেদন আসেনি। ২০ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া আগামী অধিবেশনেও বিলটি ওঠার সম্ভাবনা কম বলে জানা গেছে।এ ব্যাপারে জানতে চাইলে বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আবদুল মতিন খসরু গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, কমিটি বিলটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। বিশ্বের অন্যান্য দেশে এ ধরনের কোনো আইন আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। সবকিছু দেখার পর বিলটি সম্পর্কে সংসদে প্রতিবেদন দেওয়া হবে। এ কারণে আগামী অধিবেশনে বিলটি সম্পর্কে প্রতিবেদন দেওয়ার সম্ভাবনা কম।এ সম্পর্কে বিল উত্থাপনকারী সাবের হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সংসদ ও সাংসদদের মর্যাদা রক্ষার্থে বিলটি আনা হয়েছে। আশা করি, সাংসদেরা বিলটি সর্বসম্মতভাবে গ্রহণ করবেন।’বিলে বলা হয়েছে, সাংসদেরা নিজেদের দায়িত্ব ও কর্তব্যের প্রতি অবিচল থেকে যাতে কাজ করতে পারেন, সে লক্ষ্যে এ বিল আনা হয়েছে। বিলে সাংসদদের আচরণ ও মূল্যায়ন নিশ্চিত করতে স্পিকারের নেতৃত্বে অনধিক নয় সাংসদের সমন্বয়ে একটি ‘নৈতিকতা কমিটি’ গঠন করার কথা বলা হয়েছে। সংসদের প্রথম অধিবেশনে সংসদে প্রতিনিধিত্বকারী সব দলের সদস্যদের আনুপাতিক প্রতিনিধিত্বের সমন্বয়ে এ কমিটি গঠিত হবে। কমিটি প্রতি মাসে অন্তত একবার বৈঠক করবে। সাংসদদের কোনো আচরণ আইনবিরুদ্ধ হলে যে কেউ তা কমিটিকে জানাতে পারবেন। গণমাধ্যমে উত্থাপিত অভিযোগও আমলে নিতে পারবে এ কমিটি।সাত মূলনীতি: বিলে বলা হয়েছে, সাংসদেরা দায়িত্ব পালনকালে সাতটি মূলনীতি অনুসরণ করবেন। প্রথমত, সাংসদেরা তাঁদের দায়িত্বের সঙ্গে ব্যক্তিগত স্বার্থ-সম্পর্কিত থাকলে তা প্রকাশ করবেন; দ্বিতীয়ত, যেকোনো সিদ্ধান্ত ও কাজের ক্ষেত্রে যথাযথ স্বচ্ছতা অবলম্বন করবেন এবং প্রয়োজনবোধে শুধু জনস্বার্থের ক্ষেত্রে তথ্যকে সীমাবদ্ধ রাখতে পারবেন; তৃতীয়ত, সাংসদেরা তাঁদের গৃহীত সিদ্ধান্ত ও কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করবেন এবং তাঁরা যেকোনো যাচাই-বাছাই ও পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রস্তুত থাকবেন; চতুর্থত, সাংসদেরা তাঁর নিজের, পরিবারের ও স্বজনদের কোনো ধরনের আর্থিক সুবিধা বা বস্তুগত সুবিধা লাভের জন্য কিছু করবেন না; পঞ্চমত, সাংসদেরা বাইরের কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির সঙ্গে এমন কোনো আর্থিক বা অন্য কোনো বাধ্যবাধকতায় সম্পৃক্ত হবেন না, যা তাঁর সংসদীয় দায়িত্ব পালনকে প্রভাবিত করতে পারে; ষষ্ঠত, দায়িত্ব পালনকালে সাংসদেরা নিয়োগ, চুক্তি সম্পাদন, কাউকে পুরস্কার দেওয়া, কোনো ধরনের সুবিধা দেওয়ার সুপারিশসহ যেকোনো কাজে মেধা ও যোগ্যতাকে প্রাধান্য দেবেন এবং সপ্তমত, তাঁরা এই নীতিগুলোর প্রসার ঘটাবেন।সাংসদদের দায়িত্ব: সংসদের ভেতরে সাংসদেরা কার্যপ্রণালী বিধি অনুযায়ী কাজ করবেন। তাঁরা দায়বদ্ধতার সঙ্গে জনগণের প্রতিনিধিত্ব করবেন, আইন প্রণয়ন করবেন এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করবেন। সার্বিকভাবে তাঁরা জাতীয় স্বার্থে কাজ করার পাশাপাশি আইন ও বিধি অনুযায়ী দায়িত্ব পালন করবেন। ব্যক্তিগত ও আর্থিক লাভের বিষয়টিকে বিবেচনায় না এনে তাঁরা বস্তুনিষ্ঠভাবে সংসদীয় ও সরকারি দায়িত্ব পালন করবেন।স্বার্থগত দ্বন্দ্ব ও আর্থিক তথ্য: বিলে বলা হয়েছে, সাংসদেরা নিজের বা অন্যের স্বার্থে অবৈধ ও অসৎ পথ অবলম্বন করবেন না। সাংসদেরা তাঁদের নিজেদের ও পরিবারের অন্য সদস্যদের সম্পদ এবং সম্পদের উৎস-সম্পর্কিত তথ্য সংসদের প্রথম অধিবেশনের মধ্যে প্রকাশ করবেন এবং প্রতিবছর তা নবায়ন করবেন। নৈতিকতা কমিটি যাচাই-বাছাই করে তা জনসমক্ষে প্রকাশ করবে।বিলে আরও বলা হয়েছে, সাংসদেরা ব্যক্তিগত স্বার্থসংশ্লিষ্ট বিষয় মন্ত্রী, সরকারি কর্মকর্তা বা সরকারি প্রতিষ্ঠানের কাছে উপস্থাপন করতে পারবেন না। সরকারি, বেসরকারি খাতে নিয়োগ, পদোন্নতি, বদলি, জ্যেষ্ঠতা বা অন্য কোনো সিদ্ধান্তে সুবিধা পেতে সাংসদেরা তাঁদের ক্ষমতা অপব্যবহার করে সুপারিশ করবেন না। সরকারি ক্রয়-বিক্রয়, প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন-সংক্রান্ত সরকারি নীতিনির্ধারণ বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাংসদেরা কোনো প্রকার প্রভাব বিস্তার করবেন না।ব্যক্তিস্বার্থে আর্থিক প্রতিদান: বিলে বলা হয়েছে, সাংসদেরা আর্থিক প্রতিদান বা ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে সংসদ বা কোনো কমিটিতে কোনো বিষয় বা বিল উত্থাপন করবেন না। পাঁচ হাজার টাকার বেশি দামের কোনো উপঢৌকন বা সেবা গ্রহণ করলে তা নৈতিকতা কমিটিকে অবহিত করবেন এবং প্রযোজ্য ক্ষেত্রে ওই উপঢৌকন রাষ্ট্রীয় কোষাগারে জমা দেবেন। তথ্য অধিকার আইন অনুযায়ী গোপনীয় বিষয়ে কোনো তথ্য জানলে তিনি সেটা প্রকাশ করবেন না।আইন লঙ্ঘনের শাস্তি: কোনো সাংসদ এ আইন লঙ্ঘন করলে নৈতিকতা কমিটি তাদের বিবেচনা অনুযায়ী শাস্তির সুপারিশ করে সংসদে প্রতিবেদন উপস্থাপন করতে পারবে। কমিটি গঠিত হওয়ার পর সংসদের মেয়াদ পর্যন্ত এর কার্যক্রম থাকবে। কমিটি প্রতিবছর সংসদে একটি প্রতিবেদন উপস্থাপন করবে।সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদ এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, এ ধরনের গুরুত্বপূর্ণ একটি বিল অনেক আগেই করা প্রয়োজন ছিল। কারণ এতে সাংসদের অমর্যাদা নয়, মর্যাদা বাড়বে। গত আট মাসেও বিলটি সম্পর্কে সংসদে প্রতিবেদন না দেওয়াকে দুর্ভাগ্যজনক আখ্যায়িত করে তিনি বলেন, এ ধরনের বিল সংসদের দ্রুতই গ্রহণ করা উচিত।