৮ সচিব পদে রদবদল,২ সচিব ওএসডি
সংস্থাপন মন্ত্রণালয়ের আদেশে দুই সচিবকে ওএসডি এবং আট সচিব পদে রদবদল করা হয়েছে। আজ বুধবার দুপুরে সংস্থাপন মন্ত্রণালয় সূত্র জানায়, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. মহসিনকে বেসরকারীকরণ কমিশনের সদস্য করা হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মো. মেজবাহ উদ্দিন আহমেদকে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোখলেছুর রহমানকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বরুণ দেব মিত্রকে খাদ্য বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। অর্থ বিভাগের অতিরিক্ত সচিব শফিকুর রহমান পাটোয়ারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ভারপ্রাপ্ত সচিব হয়েছেন।অর্থনীতি সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে সেতু বিভাগে ভারপ্রাপ্ত সচিবপদে বদলি করা হয়েছে।এদিকে সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব জাহিদ হোসেন ও বেসরকারীকরণ কমিশনের সদস্য শেখ মোতাহার হোসেনকে ওএসডি করা হয়েছে।