৮ হাজার ফুট উঁচু থেকে লাফিয়ে পড়েও অক্ষত!
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এক ব্যক্তি আট হাজার ফুট উঁচু থেকে লাফিয়ে পড়েও অলৌকিকভাবে বেঁচে গেছেন। তবে এ ঘটনায় ওই ব্যক্তির কাঁধ স্থানচ্যুত ও শরীরে সামান্য ব্যথা পেয়েছেন। বার্তা সংস্থা পিটিআই জানায়, ক্রেইগ স্ট্যাপ্লেটন (৫১) নামের ওই স্কাই-ডাইভার বিমান থেকে লাফ দেওয়ার পর তাঁর প্যারাসুট কাজ করেনি। তবে আঙুর খেতের নরম মাটিতে পড়ায় তিনি প্রায় অক্ষত রয়েছেন।স্ট্যাপ্লেটন ও তাঁর বন্ধু কেটি হ্যানসন ১০ মার্চ ক্যালিফোর্নিয়ার লোডি এলাকার আকাশ থেকে একসঙ্গে লাফ দেন। এ সময় তাঁদের বিমান আট হাজার ফুট উচ্চতা দিয়ে উড়ছিল। বিমান থেকে লাফ দেওয়ার ৪০ সেকেন্ড পর স্ট্যাপ্লেটন বুঝতে পারেন, তাঁর প্যারাসুটটি ঠিকমতো কাজ করছে না। স্ট্যাপ্লেটন জানান, অবস্থা বেগতিক দেখে তিনি তাঁর বিকল্প প্যারাসুটটি চালু করার চেষ্টা করেন। তবে সেটি সরাসরি তাঁর প্রধান প্যারাসুটের মধ্যে চলে গিয়ে আটকে যায়। স্ট্যাপ্লেটনের দলটির আরেক সদস্য টি জে ল্যাংগ্রিন যে ভিডিওচিত্র ধারণ করেছেন, তাতে দেখা যায়, স্ট্যাপ্লেটন অস্বাভাবিক গতিতে ভূপৃষ্ঠের দিকে নেমে আসছেন। তবে স্ট্যাপ্লেটনের ভাগ্য ভালো যে তিনি একটি আঙুরখেতের নরম মাটিতে অবতরণ করেন। সদ্য চাষ করে সেচ দেওয়ায় ওই স্থান ছিল কর্দমাক্ত। ফলে কাঁধ স্থানচ্যুত ও শরীরে সামান্য ব্যথা পাওয়া ছাড়া স্ট্যাপ্লেটন প্রায় অক্ষতই রয়েছেন।