৮টি ট্রেনের আজকের যাত্রা বাতিল
রেল কর্তৃপক্ষ আজ মঙ্গলবার আটটি ট্রেনের যাত্রা বাতিল করেছে। গতকাল সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম রুটে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেল স্টেশনে একটি মালবাহী ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়ে যায়। ফলে রাত দুইটা থেকে আজ সকাল ১০টা পর্যন্ত ওই পথে ট্রেন চলাচল বন্ধ থাকে। যাত্রা বাতিল হওয়া ট্রেনগুলো হলো ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ৬৮ নম্বর চট্টলা এক্সপ্রেস এবং চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৬৭ নম্বর চট্টলা এক্সপ্রেস, ৭১৯ ও ৭২০ নম্বর আপ-ডাউন আন্তনগর ট্রেন পাহাড়িকা এক্সপ্রেস, ৪৫ ও ৪৬ নম্বর আপ-ডাউন সমতট এক্সপ্রেস, ১৬১ ও ১৬২ নম্বর আপ-ডাউন লোকাল ট্রেন।শশীদল রেল স্টেশনের সহকারী মাস্টার জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ৮০১ মালবাহী ট্রেনটিকে শশীদল স্টেশনে দুই নম্বর লাইনে যাত্রা বিরতির নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু চালক না থেমে ট্রেনটি প্রধান লাইনে প্রবেশ করালে ট্রেনের ইঞ্জিনসহ ছয়টি বগি লাইনচ্যুত হয়ে হেলে পড়ে। ট্রেনটি সিলেট থেকে চট্টগ্রামে যাচ্ছিল।এতে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, নোয়াখালী-ঢাকা, নোয়াখালী-সিলেট রেললাইনে রাত দুইটা থেকে আজ সকাল ১০টা পর্যন্ত সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকে। জানা যায়, রাতেই আখাউড়া ও লাকসাম রেল জংশন থেকে দুটি উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে দুর্ঘটনাকবলিত ট্রেনটিকে উদ্ধার করে। পরে সকাল ১০টায় পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। কসবা রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, ট্রেন দুর্ঘটনার কারণে গতকাল রাতে রওনা হওয়া বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) মো. শাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ট্রেন দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তাঁকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত দল গঠন করা হয়েছে। ট্রেনচালক সিগন্যাল অমান্য করায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ট্রেন দুর্ঘটনার কারণে আপ-ডাউন চারটি আন্তনগর ট্রেনের আজকের যাত্রা বাতিল করা হয়েছে।