৮০ দিনের কাজ পাঁচ বছরেও শেষ হয়নি
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট বাজার থেকে ফুলমতি সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তাটি পাঁচ বছরেরও পাকা হয়নি। ফলে প্রতিদিনই পথচারীদের এ পথে চলতে ভোগান্তি পোহাতে হয়। কবে এ দুর্দশা কাটবে, তাও কেউ বলতে পারছেন না। ফুলমতি গ্রামের ফজলুল হক (৫০) বলেন, ‘আস্তাটা আগোত ভাল্ আচিল। ভাল্ কইরবার ধরিয়া নষ্ট হয়া গেইল। হিট্টিগুলা (খোয়া) এলা চোরে নিয়া যাবার নাগচে, তাও কায়ো দেকে না!’একই গ্রামের পথচারী লিলিমা বেগম বলেন, ‘হায় আল্লাহ! সারা দুয়ার কাদো আলা ঘাটা, হাঁটলেও হাঁটা যায়। কিন্তুক এই ঘাটাটাত্ হাঁটপার ধইরলে পাওয়োত খালি গিট্টি নাগে!’প্রতিদিনের পথচারী নাওডাঙ্গা উচ্চবিদ্যালয় ও কলেজের শিক্ষক জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, ‘এলজিইডি আর ঠিকাদারেরা যে কতটা বাজে হয়, তা এই রাস্তা দেখেই বোঝা যায়। যাদের জন্য রাস্তা বানানো, তাদের এই দুই শ্রেণীর লোকেরা জিম্মি করে রেখেছে!’উপজেলা স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, বালারহাট বাজার থেকে ফুলমতি সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এক হাজার ৩৬২ মিটার রাস্তা পাকা করার কাজ শুরু করে মেসার্স আজিজার রহমান ট্রেডার্স ও কাইফ ট্রেডার্স নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। দুই প্রতিষ্ঠানেরই চুক্তিতে দরপত্রের শর্ত অনুযায়ী, শুরুর ৮০ দিনের মধ্যে রাস্তাটি পাকা করার কাজ শেষ হওয়ার কথা। ২০০৪-০৫ অর্থবছরে কাজের শুরুতে ৮৭০ মিটার রাস্তা পাকা করার কাজ পায় মেসার্স আজিজার রহমান ট্রেডার্স। সেসময় ১৯ লাখ ৯৯ হাজার টাকার চুক্তিতে কাজ শুরুর পর খোয়া বিছিয়ে ১০ লাখ ৪৮ হাজার টাকা তুলে আর কাজ করেনি ঠিকাদারি প্রতিষ্ঠানটি। পরে তাদের ঠিকাদারি বাতিল হয় ১৪ আগস্ট ২০০৮ সালে। সেই থেকে আর কোনো দরপত্র আহ্বান করা হয়নি।পরের অর্থবছরে (২০০৫-০৬ সালে) ১৫ লাখ টাকা ব্যয়ে রাস্তাটির শেষের ৪৯২ মিটার পাকা করার কাজ পায় কাইফ ট্রেডার্স। এরাও খোয়া বিছানো পর্যন্ত কাজ করে। ৮০ দিনে কাজটি শেষ করার কথা থাকলেও প্রতি তিন মাস পর মেয়াদ বাড়িয়ে চার বছরেও তা শেষ করতে পারেনি ওই ঠিকাদারি প্রতিষ্ঠান।গত ৩ জানুয়ারি যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. নজরুল ইসলাম বলেন, মেসার্স আজিজার রহমান ট্রেডার্সের নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে না পারায় কার্যাদেশ বাতিল হয়েছে। কাইফ ট্রেডার্স জানিয়ে দিয়েছে, টাকা না দিলে তারা আর কাজ করবে না। বিষয়টি এ রকম—রাস্তাটি কবে পাকা হবে বা আদৌ হবে কি না, সেটা অনেকটা অনিশ্চিত। কাইফ ট্রেডার্সকে কাজের চাপ দেওয়া হচ্ছে না জানিয়ে তিনি আরও বলেন, ‘সরাসরি এমপি (সংসদ সদস্য) হস্তক্ষেপ না করলে হয়ত কাজটি হবেই না।’যোগাযোগ করা হলে আখতারুজ্জমান পাভেল নিজেকে কাইফ ট্রেডার্সের ব্যবস্থাপক দাবি করে বলেন, ‘লোকজনের সমস্যা হচ্ছে সেটা বুঝি, কিন্তু আমরা তো কাজ শেষ করার পর টাকা পাচ্ছি না। টাকা পেলে আবারও কাজ শুরু হবে।’