আগের দিনই বলেছিলাম, বাংলাদেশ দল লড়াই করে হারলে একটুও হতাশ হব না। সেই লড়াই বাংলাদেশ কতটা করতে পেরেছে সেটা ভিন্ন বিতর্ক। ভারতের মতো দলের সঙ্গে তো আসলে আমাদের হারানোর কিছু ছিল না। ব্যাটে-বলে ভালো পারফর্ম করে আত্মবিশ্বাসের জ্বালানি ভরে নিতে পারাই হতে পারত বড় পাওয়া। ব্যাটিংয়ে সেই আত্মবিশ্বাস পাওয়া গেলেও বোলিংটা এলোমেলো হয়েছে। ভারত ৩৭০ রান করার পরই ম্যাচ অনেকটা শেষ। এই বিশাল রানের পাহাড় ডিঙানো একেবারেই অসম্ভব নয় হয়তো, কিন্তু আমরা তো সাধারণত ২৫০-২৬০ রানের মতো লক্ষ্য তাড়া করি। তার পরও ২৮০-২৯০ পর্যন্ত হয়তো ঠিক ছিল। ওটা তাড়া করা যেত। কিন্তু ভারত ৮০ রান বেশি তুলে ফেলেছে, এটাই আমাদের সর্বনাশের কারণ। এর কারণ, আমরা উইকেটের দুই পাশেই বল ফেলেছি। এটা না করলে ওরা সাবলীলভাবে রান তুলে যেতে পারত না। রুবেল প্রথম ওভার পর কামব্যাক করেছে। শফিউল মনে হয় সুইং করাতে গিয়ে লাইন-লেংথ ঠিক রাখতে পারেনি। উইকেটের দুই দিকেই বল ফেলেছে ও। এটা থেকে ও আশা করি শিখবে।রাজ্জাককে আমরা একটা চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছিলাম। দল ভালো শুরু না পেলেই ডাক পড়ে রাজ্জাকের। তখন আসলে প্রতিপক্ষ ব্যাটসম্যানরা রানের গতি পেয়ে যায়, এবং তাদের থামানো কঠিন। আমি বলব, রাজ্জাক তার কাজটা করেছে। কিন্তু ব্যাটসম্যানরা ভালো বলেও মারলে তার তো আসলে করণীয় তেমন নেই। বরাবর সাকিব যা করে, কালও তাই করল। মুশকিল হচ্ছে, ওই যে বললাম, ব্যাটসম্যান রানের মধ্যে থাকলে ভালো বলেও শাস্তি দেয়। তেমনই অবস্থা হয়েছে। আমি বলব, ঠিকই আছে সাকিবের বোলিং। ভারতীয় ব্যাটসম্যানরা অনেক কঠিন পরিস্থিতিতেও বিশ্বসেরা স্পিনারদের সামলায়, আর এদিন তো রানের মধ্যে থেকেই খেলল। কী আর করার আছে!শেবাগের ১৭৫ রানের ইনিংস নিয়ে বেশি বলার নেই। সে ছন্দে ছিল। প্রথম ২ ওভারে ২৪ হওয়া মানে তো ব্যাটসম্যান রানের গতি পেয়ে গেল। তার ওপর দাঁড়িয়ে ইনিংস এগিয়ে নেওয়ার কাজটা শেবাগ তো বটেই, কোহলিও ভালোভাবে করল নামের পাশে সেঞ্চুরি যোগ করে। গম্ভীরের ৩৯ রানও রানের ফল্গুধারাকে টেনে নিল। আমরা শুরুতে একটা চাপ তৈরি করতে পারলে গল্পটা হয়তো অন্য রকম হতো। টস নিয়ে অনেক কথা হচ্ছে। সাকিব আগে বোলিং নিল কেন, এটা নিয়ে বিস্তর আলোচনা। খেয়াল করুন, টসের সময় ধোনিও কিন্তু বোলিং করারই কথা বলেছিলেন। সাকিব শিশিরের প্রভাব মাথায় রেখে অমন সিদ্ধান্ত নিয়েছে। আমি বলব, এটাকে বড় করে দেখার কিছু নেই। শিশিরের প্রভাব সত্যিই দেখা গেছে ভারত বোলিং করার সময়। ওদের স্পিনারদের অনেক সমস্যা হচ্ছিল। আমাদের ব্যাটিং ভালোই হয়েছে। তামিম বিচক্ষণ ব্যাটিং করেছে। ইমরুল মেরে খেলছিল শুরুতে, তামিম ধরে রাখল উইকেট। এটাই হওয়া উচিত। ওর কাছ থেকে আমরা বড় কিছু চাই। প্রথম ম্যাচ থেকে সে ভালোই আত্মবিশ্বাস পেয়েছে। সামগ্রিকভাবে আমার শেষ কথা, বোলিংয়ে ৮০ রান বেশি না দিলে আমরা এই ম্যাচ থেকে আরও অনেক কিছু পেতে পারতাম। ও হ্যাঁ, ভুলে গিয়েছিলাম, মাঠে বসে খেলা দেখা হবে কি না সংশয়ে ছিলাম। শেষ পর্যন্ত মাঠে বসেই দেখেছি। ভারতীয় ইনিংসের ১২ ওভারের সময় স্টেডিয়ামে যাই। বোলিংয়ের অতৃপ্তিটুকু না থাকলে হয়তো পুরোপুরি খুশি মনেই বের হতে পারতাম।