বনপাড়া-হাটিকুমরুল সড়কের আরও কিছু অংশ দেবে গেছে
৮০ লাখে মেরামত ২৫ কোটিতে পুরো সারানোর আশা
উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগের প্রধান সড়কটির বনপাড়া-হাটিকুমরুল অংশে গত ঈদুল ফিতরের আগে ৮০ লাখ টাকা খরচ করে সংস্কার করা হয়েছিল। কিন্তু ঈদুল আজহা আসতে না-আসতেই মেরামত করা অংশের আশপাশে নতুন কিছু স্থান আবার দেবে গেছে। এ স্থানগুলো গত সপ্তাহে আবারও মেরামত করা হয়েছে। কর্তৃপক্ষ দাবি করছে, ঈদের আগে-পরে এই সড়কে যাতায়াতে আর কোনো সমস্যা হবে না। সিরাজগঞ্জ সড়ক ও জনপথ সূত্রে জানা গেছে, গত ঈদের আগে অবিরাম বর্ষণের ফলে বনপাড়া-হাটিকুমরুল সড়কের সিরাজগঞ্জ অংশের ২৫ কিলোমিটারের মধ্যে ১৩ কিলোমিটার এলাকায় খানাখন্দ সৃষ্টি হয়। প্রায় ৮০ লাখ টাকা খরচ করে তখন সে রাস্তা মেরামতও করা হয়। কিন্তু দিন ১৫ আগে এই সড়কের মান্নাননগর, মহিষলুটি, ৯ ও ১০ নম্বর ব্রিজ এলাকার আট-দশটি স্থানে চার থেকে পাঁচ ফুট আয়তনের গর্ত সৃষ্টি হয়। একই সঙ্গে হাটিকুমরুল গোলচত্বর এলাকাতেও গর্তের সৃষ্টি হয়। গোলচত্বর এলাকায় কার্পেটিং এবং সড়কের গর্তগুলোতে ইট ফেলে আপাতত মেরামত করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নূর-এ-আলম জানান, সড়কের কোথাও কোনো সমস্যা নেই। ইতিপূর্বে মেরামত করার পর কয়েকটি স্থানে দেবে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছিল। নিচের মাটি নরম বলে এসব স্থানে বর্তমানে বিটুমিন কার্পেটিং করা ঠিক হবে না। ইটের সলিং দিয়ে বালু-খোয়া বিছিয়ে চলাচলের জন্য স্বাভাবিক করা হয়েছে। তিনি বলেন, সড়কের এই অংশটুকু পুরো তুলে ফেলে নতুন করে করতে হবে। সড়কের ২৫ কিলোমিটারের জন্য দরপত্র আহ্বান করে কার্যাদেশ দেওয়া হয়েছে। সাত কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে এই কাজ ঈদের পর শুরু হবে।