৮০ হাজার হেক্টর জমির ফসল নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় মহাসেনের ছোবলে বরগুনা, পটুয়াখালী ও ভোলা জেলার আউশ, বোরো ও রবিশস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। এই তিনটি জেলার মোট দুই লাখ ৬৭ হাজার ৯৬১ হেক্টর জমিতে আবাদ করা ফসলের মধ্যে প্রায় ৮০ হাজার হেক্টরের ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন উপকূলীয় এসব জেলার বিভিন্ন পর্যায়ের কৃষকেরা। বরগুনা: আউশ-বোরো ও রবিশস্যের ব্যাপক ক্ষতি হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা। ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় তাঁদের ঘাড়ে চেপেছে ঋণের বোঝা। কৃষি বিভাগের হিসাবে এ বছর জেলায় প্রায় ৩০ হাজার হেক্টর জমিতে রবিশস্য, আউশ ও বোরো আবাদ করা হয়। মহাসেনের প্রভাবে তুমুল বৃষ্টি ও জলোচ্ছ্বাসে প্রায় ১৮ হাজার হেক্টর জমির ফসল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ভুক্তভোগী কৃষকেরা জানান, জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হওয়ায় আউশ, বোরো ও রবি ফসলের শতভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তারা জানান, জেলার প্রায় সব ফসলি জমি তলিয়ে গেছে। গত সোমবার বরগুনা সদরের নলটোনা ইউনিয়নে গিয়ে কর্মকর্তাদের দেওয়া তথ্যের সত্যতা পাওয়া যায়। নলটোনা গ্রামের খলিলুর রহমান বলেন, ‘ধারদেনা কইর‌্যা ৪০ শতক জমিতে বোরো আবাদ করছিলাম। বইন্যায় মোর শ্যাষ করইলা দেছে।’ সদরের গৌরিচন্না ইউনিয়নের খাজুরতলা গ্রামের মাসুদ হাওলাদার বলেন, ‘এক কানি (১২০ শতক) জাগায় আউশের বীজতলা করছিলাম। বইন্যার পানিতে সব ভাসাইয়্যা নেছে।’ বরগুনা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক লুৎফর রহমান বলেন, বন্যায় প্রায় ৫০ কোটি টাকার বোরো-আউশ ও রবিশস্যের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে সম্পূর্ণ ক্ষতি হয়েছে মিষ্টি আলু, মুগ ডাল, তিল, চিনাবাদাম, মরিচ, গ্রীষ্মকালীন সবজি, বোরো-আউশ ধানের বীজতলা ও খেত। পটুয়াখালী: জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয় সূত্র জানায়, ঘূর্ণিঝড়ের ছোবলে জেলার আট উপজেলার ৭২টি ইউনিয়নের রবি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৯৮ হাজার ৩৬০ জন কৃষক। এর মধ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৭২ হাজার ২৩০ জন, মাঝারি ২২ হাজার ৯১৫ এবং বড় তিন হাজার ২১৫ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সূত্র জানায়, জেলায় কৃষিজমির পরিমাণ দুই লাখ ১৩ হাজার ৬০০ হেক্টর। এর মধ্যে রবি ফসলের আবাদ হয়েছে এক লাখ পাঁচ হাজার ২১০ হেক্টর জমিতে। পানিতে ডুবে গেছে ৪৮ হাজার ৫১৭ হেক্টর জমির ফসল। এর মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ১৬ হাজার ৭১১ হেক্টরের ফসল। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মরিচের—পাঁচ হাজার ২০৮ হেক্টর জমির। এ ছাড়া তিল চার হাজার ১৬২ হেক্টর, মুগ ডাল তিন হাজার ৪৩ হেক্টর, চিনাবাদাম দুই হাজার ৪০০ হেক্টর, শাকসবজি এক হাজার হেক্টর, মিষ্টি আলু ৬৯০ হেক্টর, আউশ বীজতলা ৯০ হেক্টর, পানের বরজ ৮৫ হেক্টর, ভুট্টা ১২ হেক্টর, কলা ১২ হেক্টর এবং নয় হেক্টর জমির সূর্যমুখী সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়ায় ১৪৪ মেট্রিক টন। টাকার অঙ্কে এই ক্ষতির পরিমাণ ধরা হয়েছে ১৮০ কোটি সাত লাখ ৮০ হাজার টাকা। জেলার কয়েক হাজার হেক্টর জমির রবি ফসল এখনো তলিয়ে আছে। পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ জেড এম মমতাজুল করিম জানান, ঘূর্ণিঝড়ের ক্ষতি সরেজমিনে নিরূপণ করা হয়েছে এবং প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে পাঠানো হয়েছে।ভোলা: ঘূর্ণিঝড়ের আঘাত আর তুমুল বর্ষণে ভোলার অধিকাংশ খেত ডুবে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এক লাখ ৩২ হাজার ৭৫১ হেক্টর জমিতে মুগডাল, মরিচ, তিল, তিসি, বাদাম, সয়াবিন, শাকসবজি, পান, পিওর ডাল, কাউন, আখ, ভুট্টা, মিষ্টি আলু, মাষকলাই, শসা, পেঁপে ও বোরো ধান আবাদ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকের দাবি, ঘূর্ণিঝড়ে তাঁদের এক-তৃতীয়াংশ ফসলের ক্ষতি হয়েছে। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শান্তি রঞ্জন মণ্ডল প্রথম আলোকে বলেন, বোরো ধানের ফলনের পাঁচ শতাংশ এবং অন্যান্য ফসলের ২৫-৩০ শতাংশ ক্ষতি হতে পারে। লালমোহন-চরফ্যাশন উপজেলার রাস্তাঘাটে দেখা যায়, কৃষকেরা কাঁচা-পাকা মুগ, মরিচ ও বাদাম শুকাতে দিয়েছেন। চরফ্যাশনের রসুলপুর ইউনিয়নের ভাষান চরের মৃধাবাড়ির দেলোয়ার মৃধার ভাষ্য, মহাসেনের প্রভাবে টানা চার-পাঁচ দিন বৃষ্টি হয়েছে। এতে তাঁর ৮০ শতক জমির বাদাম, ৩২ শতকের মরিচ, ১৬ শতকের মুগ এবং ৩২ শতকের পিওর ডাল নষ্ট হয়েছে। একই গ্রামের মো. শাজাহানের নষ্ট হয়েছে ৪০ শতাংশের বাদাম। চরফ্যাশনের মুজিবনগর ইউনিয়নের সব জমিই গতকাল মঙ্গলবার পর্যন্ত পানিতে ডুবে ছিল। দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের জাহাঙ্গীর আলম বলেন, বৃষ্টিতে তাঁর আড়াই একর জমির সয়াবিন নষ্ট হয়ে গেছে। শুধু সয়াবিন নয়, মদনপুরের বোরো ধানেরও ব্যাপক ক্ষতি হয়েছে। ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মর্কতা বেনজির আহমদ বলেন, চরে প্রায় ৫০০ হেক্টর জমির সয়াবিন ও মরিচের ক্ষতি হয়েছে।[প্রতিবেদন পাঠিয়েছেন এম জসীম উদ্দিন, বরগুনা; শংকর দাস, পটুয়াখালী ও নেয়ামত উল্যাহ, ভোলা]