৮০০ ভরি সোনা-রুপার অলংকার লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া শহরের মনিহার জুয়েলার্সে গতকাল শনিবার ভোররাতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ১৮-২০ জনের ডাকাত দল প্রায় ৪৫০ ভরি সোনার ও ৩৫০ ভরি রুপার অলংকার এবং পাঁচ লাখ টাকা লুট করেছে। জুয়েলার্সটির মালিকের অভিযোগ, কাপাসিয়া থানাসংলগ্ন বাজারে এ ঘটনা ঘটলেও তাঁরা পুলিশের সহায়তা পাননি।ডাকাতির প্রতিবাদে ঐতিহ্যবাহী কাপাসিয়া বাজারের ব্যবসায়ীরা গতকাল সারা দিন সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখেন। ক্ষুব্ধ ব্যবসায়ীরা সকালে বণিক সমিতির কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা করেন এবং বাজারের বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে দুপুর ১২টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ করে দেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বাজারের ১২ জন নিরাপত্তারক্ষীকে আটক করেছে।কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, ডাকাতির ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করেছেন মনিহার জুয়েলার্সের অন্যতম মালিক জীবন ভৌমিক। এজাহারে বলা হয়েছে, ১৮-২০ জনের ডাকাত দল প্রায় ৪৫০ ভরি সোনার ও ৩৫০ ভরি রুপার অলংকার এবং পাঁচ লাখ টাকা লুট করেছে। এর আনুমানিক মূল্য এক কোটি ৬২ লাখ টাকা।স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মনিহার জুয়েলার্সের বর্তমান মালিক জীবন ভৌমিক ও তাঁর ছোট ভাই স্বপন ভৌমিক। তাঁদের দাদা (পিতামহ) এটি প্রতিষ্ঠা করেন। টঙ্গী বাদে এটি গাজীপুর জেলার প্রথম ও সবচেয়ে বড় অলংকারের প্রতিষ্ঠান। ব্যবসায়িক সুনামের কারণে অনেক গ্রাহকই তাঁদের অলংকার ও টাকা এই প্রতিষ্ঠানের সিন্দুকে জমা রাখতেন। ছুটির দিনে বা ব্যাংকিং লেনদেনের সময় পেরিয়ে গেলে টাকার জন্য অনেক ব্যবসায়ীর ভরসার জায়গা ছিল এটি।মনিহার জুয়েলার্সের মালিক-কর্মচারী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোর সাড়ে চারটার দিকে আনুমানিক ২০ জনের ডাকাত দল বাজারে কর্তব্যরত চার নিরাপত্তাকর্মীকে বেঁধে ফেলে। তারা মনিহার জুয়েলার্সের কলাপসিবল গেট ও শাটার ভারী যন্ত্রপাতি দিয়ে কেটে ও ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় দুই কর্মচারী সুবল দাস ও হরেশ পাল ভেতরে ঘুমিয়ে ছিলেন। ডাকাতেরা দুই কর্মচারীকে মারধর করে হাত-পা বেঁধে দোকানের বাইরে ফেলে লুটপাট শুরু করে। সুবল কৌশলে পালিয়ে বাজারের অদূরে বানার হাওলা এলাকায় মালিকের বাড়িতে গিয়ে খবর দেন।স্বপন ভৌমিক অভিযোগ করেন, ডাকাতির খবর পেয়ে তিনি থানার টিঅ্যান্ডটি নম্বরসহ পরিচিত একাধিক পুলিশ কর্মকর্তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেন। থানার ফোনের রিং বাজলেও কেউ ধরেনি। পরে প্রতিবেশী ও একাধিক আত্মীয় নিয়ে দ্রুত বাজারে গিয়ে দেখেন ডাকাতেরা ট্রাকে দুটি সিন্দুক নিয়ে পালাচ্ছে। ব্যক্তিগত গাড়িতে কয়েকজন পিছু নিলেও শেষ পর্যন্ত ডাকাতদের নাগাল পাওয়া যায়নি। এরই মধ্যে তাঁদের পরিবারের কয়েকজন সদস্য থানায় উপস্থিত হয়ে ঘটনা জানালে পুলিশের একটি দল ডাকাত ধরতে রওনা হয়। কিন্তু পাবুর বাজার এলাকা পর্যন্ত যাওয়ার পর গাড়ির জ্বালানি ফুরিয়ে যায়।একাধিক সূত্র জানায়, ডাকাতেরা অলংকার ও টাকাভর্তি দুটি সিন্দুক ট্রাকে উঠিয়ে পাবুর সড়ক দিয়ে মারতা এলাকা হয়ে গাজীপুর শহরে ঢোকে। পথে ডেফুলিয়া এলাকায় একটি ও গাজীপুর শহরের অদূরে হানকাটা ব্রিজ এলাকায় অপর সিন্দুক খালি অবস্থায় ফেলে রেখে যায়।ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) প্রভাষ মণ্ডল সময়মতো ফোন ধরলে ডাকাতেরা ধরা পড়ত। খবর পেয়ে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান সকালে কাপাসিয়ায় গেলে ব্যবসায়ীরা তাঁর কাছেও এ অভিযোগ করেন। পরে তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের জেরা করে জানতে পারেন, দায়িত্বরত কর্মকর্তা দায়িত্ব ফেলে রাত চারটা থেকে থানার ব্যারাকে ঘুমাচ্ছিলেন।এ ব্যাপারে কাপাসিয়া থানার ওসি জামাল উদ্দিন মীর বলেন, ‘ডিউটি অফিসার প্রভাষ মণ্ডলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা তদন্ত করছেন। এ ব্যাপারে মন্তব্য করতে চাই না।’গাজীপুরের পুলিশ সুপার এস এম মাহফুজুল হক নুরুজ্জামান প্রথম আলোকে জানান, ডাকাতদের ধরতে গোয়েন্দা পুলিশসহ পুলিশের বড় একটি দল কাজ করছে। আশা করি, শিগগিরই ডাকাতদের গ্রেপ্তার করা যাবে।