৮২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খুন, আটক ২
দুর্বৃত্তরা গতকাল শুক্রবার রাতে ঢাকা মহানগরের ৮২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দীন ইসলামকে (৪৫) হত্যা করেছে। তিনি ঢাকা-৬ আসনে সরকারদলীয় সাংসদ মিজানুর রহমান খানের ঘনিষ্ঠ অনুসারী ছিলেন। এ ঘটনায় পুলিশ আজ শনিবার দুজনকে আটক করেছে।পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাত পৌনে দুইটার দিকে দীন ইসলাম গেন্ডারিয়ার ৫৪/১ হরিচরণ রোডে তাঁর বাবার বাসা থেকে বনানীতে নিজের বাসায় যাচ্ছিলেন। তিনি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। কেবি রোডে পৌঁছালে এক দল দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রাত তিনটার দিকে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করে। গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডের সম্ভাব্য কারণগুলো খতিয়ে দেখা হচ্ছে।