৮২ হাজার আলোর কাছে যাচ্ছে প্রথম আলো
এক ছেলে বাংলাদেশের মানচিত্র ছিঁড়ে ফেলেছে। বাবা বললেন, জোড়া লাগাও। ছেলে জোড়া লাগাল। বাবা বললেন, তুমি মানচিত্র চেনো না, কী করে পারলে। ছেলে বলল, এই মানচিত্রের উল্টো পিঠে একটা মানুষের মুখ ছিল। আমি মানুষটাকে জোড়া লাগিয়েছি। দেশটা আপনাআপনি জোড়া লেগে গেছে।আমরা যদি আমাদের মানুষগুলোকে গড়ে তুলি, দেশটা আপনাআপনিই গড়ে উঠবে। আজ থেকে ২০ বছর পর এই দেশটা হবে একটা সত্যিকারের আলোকিত দেশ। সত্যিকারের উন্নত দেশ।কারণ আজ যারা এসএসসি দিচ্ছে, তখন তারা দেশের হাল ধরবে। এ বছর ৮২ হাজারের বেশি ছেলেমেয়ে মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সারা দেশে ছড়িয়ে-ছিটিয়ে আছে তারা। রাতের বেলা দূর থেকে কোনো জনপদের দিকে তাকালে যেমন বিন্দু বিন্দু আলো চোখে পড়ে, তেমনি বাংলাদেশের এখানে-ওখানে জ্বলে উঠছে একেকটা আলো। এই জিপিএ-৫ পাওয়া ছেলেমেয়েদের প্রত্যেকের আছে সংগ্রামের আর একনিষ্ঠার নিজস্ব গল্প। শহরের বিত্তবান পরিবারের সন্তানেরা যেমন আছে এই কৃতীদের তালিকায়, যেমন আছে নামী স্কুলের ছেলেমেয়েরা, তেমনি আছে গ্রামগঞ্জের অখ্যাত স্কুলের শিক্ষার্থীরা, তাদের কারও বাবা-মা নেই, কেউ বা দিনমজুরের সন্তান, কেউ নিজেই রিকশা চালাত। কিন্তু এদের প্রত্যেকের হূদয়ের সলতে স্পর্শ পেয়েছে শিক্ষার আলো।শিক্ষা এমন একটা জাদুর কাঠি, যা জীবন বদলে দেয়। আর যার নিজের জীবন বদলে যায়, সেই তো বদলাতে পারে চারপাশটাকে। রংপুরের পায়রাবন্দ গ্রামের একটা ছোট্ট বালিকা বাড়ির শাসন অমান্য করে বাংলা-ইংরেজি পড়ত, রাতে সবাই যখন নিদ্রামগ্ন, তখন চুপি চুপি রোকেয়া নামের ওই একটা আলোকিত হূদয় তো আজ বাংলাদেশটাকেই পাল্টে দিয়েছে, আজ আমাদের মেয়েরা এভারেস্ট বিজয়ী থেকে প্রধানমন্ত্রী—কী নয়!এই তরুণেরাই আগামীকালের বাংলাদেশ। এই তরুণেরাই বদলে দেবে বাংলাদেশকে। তারা আমাদের নতুন আশায় উদ্দীপিত করবে। তেমনি তাদেরও মনে করিয়ে দিতে হবে কাজী নজরুল ইসলামের কবিতা: আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে,/তোমার ছেলে জাগলে মা গো রাত পোহাবে তবে।তাই তো প্রথম আলো একটা বিশেষ আয়োজন নিয়ে যাচ্ছে সারা বাংলাদেশে। জিপিএ-৫ পাওয়া ৮২ হাজার ছেলেমেয়ের কাছে। ৬৪টি জেলায়, এর বাইরে আরও পাঁচটি স্থানে, মানে মোট ৬৯টি জায়গায়। সে এক হুলস্থুল কাণ্ড।প্রথম আলোর আয়োজনে এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের সহযোগিতায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থী সংবর্ধনা শুরু হয়েছে গতকাল মঙ্গলবার থেকে। গতকাল সংবর্ধনা অনুষ্ঠান হলো বরিশাল, মৌলভীবাজার ও নরসিংদীতে। আজ অনুষ্ঠান হচ্ছে খুলনা, নড়াইল ও পিরোজপুরে। অন্যান্য অঞ্চলের অনুষ্ঠানের নিবন্ধন চলছে। এ বছর নিবন্ধন ফরমটি প্রথম আলোয় ছাপা হয়। তাতে যোগাযোগের ঠিকানা ও ফোন নম্বর থাকে। নিবন্ধন ফরমটি পূরণ করে নিজ নিজ অঞ্চলের নির্ধারিত ঠিকানায় জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হয়। গত ৭ জুন থেকে পর পর কয়েক দিন এই নিবন্ধন ফরমটি ছাপা হয়েছে। আগামী ১৫ জুন থেকে আবারও ছাপা হবে, সেখানে বাকি সব অঞ্চলের অনুষ্ঠানের তারিখ ও যোগাযোগের ঠিকানাও থাকবে। ঢাকার অনুষ্ঠান হবে জুলাই মাসের মাঝামাঝিতে। এর আগে নিবন্ধনের বিস্তারিত তথ্য আলাদা করে ছাপানো হবে প্রথম আলোয়। আর চট্টগ্রামের অনুষ্ঠান হবে ৩০ জুন, নিবন্ধন শুরু হবে ১৬ জুন থেকে। ঢাকা ও চট্টগ্রাম ছাড়া অন্যান্য অঞ্চলে নিবন্ধনের নির্ধারিত তারিখের মধ্যে কেউ নিবন্ধন করতে না পারলেও অনুষ্ঠানের আগে যেকোনো দিন নির্ধারিত ঠিকানা বা নম্বরে যোগাযোগ করে নিবন্ধনের ব্যাপারে সহযোগিতা নিতে পারবে। আর নিবন্ধন ও অনুষ্ঠানের তথ্য জানতে এই কয় দিন প্রথম আলোয় একটু চোখ রাখতে হবে শিক্ষার্থীদের। মাছরাঙা টেলিভিশন আর এবিসি রেডিও প্রচার-সহযোগী হিসেবে কাজ করছে এই আয়োজনের।একটা মোমবাতি থেকে আলোকিত হতে পারে লক্ষ মোমবাতি। এই ৮২ হাজার আলোকশিখা কেবল নিজেদেরই আলোকিত করবে না, আলোকিত করবে চারপাশ। কে জানে, এদের মধ্য থেকেই হয়তো বেরিয়ে আসবেন বেগম রোকেয়া, ঈশ্বরচন্দ্র, রবীন্দ্রনাথ-নজরুল। বেরিয়ে আসবেন এমন একজন নেতা, যিনি নেতৃত্ব দেবেন নতুন দিনের আলোকিত বাংলাদেশ গড়ার আন্দোলনে।প্রথম আলোর পক্ষ থেকে জিপিএ-৫ পাওয়া কৃতী ছাত্রদের অভিনন্দন। পাশাপাশি এ-ও বলি, যারা জিপিএ-৫ পাওনি, তারা একদম হতোদ্যম হবে না, জীবনের পরীক্ষায় শেষ পর্যন্ত কে সফল হবে, কেউ তা আগাম বলে দিতে পারে না। রবীন্দ্রনাথ-নজরুল প্রমুখের জীবনকাহিনি তো আমাদের সবারই জানা!