৮২৪ আসামির ‘বিচার আদালত’ পিলখানার দরবার হলে
বিডিআর বিদ্রোহের ঘটনায় খুন, লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত ৮২৪ জন আসামির ‘বিচার আদালত’ পিলখানায় বিডিআর সদর দপ্তরের দরবার হলে বসানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। নিরাপত্তার কথা চিন্তা করে দণ্ডবিধির ২৫টি ধারায় দরবার হলে বিচার করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন সূত্রে জানা গেছে। জানতে চাইলে স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার প্রথম আলোকে বলেন, নিরাপত্তার দিকটি প্রাধান্য দিয়েই বিচারের স্থান ঠিক করা হচ্ছে। এদিক থেকে দরবার হল উপযুক্ত স্থান, কিন্তু তার পরও বিকল্প চিন্তাও করা হতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বিডিআর বিদ্রোহের ঘটনায় বিভিন্ন অপরাধের বিচারের জন্য তিনটি স্থানকে চিহ্নিত করে সরকার। এগুলো হচ্ছে। মুখ্য মহানগর হাকিম আদালত, কাশিমপুর কারাগার ও পিলখানায় বিডিআর সদর দপ্তরের দরবার হল। বিকল্প হিসেবে পরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কাছাকাছি স্থানে বিশেষ আদালত করে, যেখানে বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার করা হয়েছিল সেখানে বিচার করার বিষয়টি চিন্তা করা হয়। মন্ত্রণালয় সূত্র জানায়, গতকাল সকাল ১০টায় স্বরাষ্ট্রমন্ত্রী, আইন প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্রসচিব, কারা মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট কয়েকজন প্রথমে কাশিমপুর কারাগার ও পরে বিডিআর দরবার হল পরিদর্শন করেন। সেখানে তাঁরা বিচারের স্থান নির্বাচনের জন্য সম্ভাব্যতা যাচাই করেন। পরিদর্শন শেষে বিডিআরের মহাপরিচালক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম এ বিষয়ে প্রথম আলোকে বলেন, কাশিমপুর কারাগার ও পিলখানায় বিডিআরের দরবার হল পরিদর্শন করে সব অবকাঠামো দেখা হয়েছে। বিকল্প চিন্তাও করা হচ্ছে। তবে নিরাপত্তার দিক থেকে দরবার হলই ঠিক আছে।সূত্রমতে, কাশিমপুর কারাগারে এ বিশেষ বিচার করার ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। যেমন, কারাগারের ভেতরে বিচার করার ক্ষেত্রে আইনি জটিলতা রয়েছে। ঢাকার মামলার বিচার কাশিমপুরে করতে হলে হাইকোর্টের অনুমতি নিতে হবে। অন্যদিকে কেন্দ্রীয় কারাগারের সামনের স্থানে বিচার করতে হলে আদালতের কলেবর বাড়াতে হবে।তবে বিডিআর দরবার হলেও এ বিচার করার বিষয়ে বিডিআর কর্মকর্তাদের কিছু আপত্তি রয়েছে। কেননা, পিলখানায় এখন বিডিআরের নিজস্ব আইনে বিচার করা হচ্ছে। ফলে সেখানে এত বড় আদালত হলে বিচারপ্রক্রিয়া কিছুটা বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করছেন কর্মকর্তারা।জানতে চাইলে বিডিআরের উপমহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল ওবাইদুল হক প্রথম আলোকে বলেন, নিরাপত্তার কারণেই পিলখানায় বিডিআর সদর দপ্তরের দরবার হলে বিচার করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এ ছাড়া দরবার হলে আদালত গঠনের জন্য স্থাপনা, কাঠগড়াসহ সব ধরনের সুবিধাদি রয়েছে। বিডিআর বিদ্রোহের পর এ হত্যাকাণ্ডের বিচার সেনা আইনে করার দাবির পরিপ্রেক্ষিতে সরকার বিষয়টি সুরাহার জন্যে সুপ্রিম কোর্টে পাঠায়। সেখানে ১০ জন আইনজীবীর মতামতের ভিত্তিতে হত্যাকাণ্ডের বিচার প্রচলিত আইনেই করার সিদ্ধান্ত হয়। এরপর সিআইডি মামলাটির তদন্ত শুরু করে। তদন্ত ছাড়াও বিডিআরের নিজস্ব আইনে বিদ্রোহের অভিযোগে সারা দেশে সাড়ে ছয় হাজার বিডিআর সদস্যকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। সূত্র জানায়, টানা ৫০০ দিন (১৬ মাস) তদন্তের পর গত সোমবার বহুল আলোচিত বিডিআর বিদ্রোহ ও পিলখানায় হত্যাযজ্ঞের মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে। এতে ৮০১ বিডিআর জওয়ানসহ ৮২৪ জনকে অভিযুক্ত করা হয়। এঁদের মধ্যে ২১ জন পলাতক আছেন। এ মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জবানবন্দিসহ মন্ত্রী, সাংসদ, সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধান এবং পুলিশের মহাপরিদর্শকসহ ১৪ জন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাক্ষ্য নেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত বছরের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহে বিডিআর জওয়ানদের হাতে ৫৭ জন কর্মকর্তা ও তিন নারীসহ ৭৪ জন প্রাণ হারান।