৮৩ বছর বয়সে কিডনিদান!
জীবনে এ পর্যন্ত ৫৭ বার রক্ত দান করেছেন তিনি। মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিতে ব্রতী এই অশীতিপর এবার নিজের একটি কিডনি দান করেছেন। অথচ তিনি জানেনও না তাঁর এই অমূল্য অঙ্গদানে কার জীবন রক্ষা পেল।এই মানব-হিতৈষীর নাম নিকোলাস ক্রেস (৮৩)। বাড়ি যুক্তরাজ্যের হ্যাম্পশায়ার কাউন্টিতে। পেশাগত জীবনে একটি দাতব্য সংস্থার পরিচালক ছিলেন তিনি। দেশটির কিডনি প্রতিস্থাপন-সংক্রান্ত একটি দাতব্য সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।খবরে জানানো হয়, ২০১১ সালে ক্রেসের স্ত্রী মারা যান। এরপর তিনি ব্রিটিশ ন্যাশনাল হেলথ সার্ভিসকে তাঁর একটি কিডনি দানের সিদ্ধান্ত নেন। প্রতিষ্ঠানটির ভাষ্যমতে, ক্রেস যুক্তরাজ্যের সবচেয়ে বয়স্ক জীবিত কিডনিদাতা। তাঁর কিডনিটি ৪০ বছর বয়সী মানুষের কিডনির মতোই কাজ করছে।মানবকল্যাণে কিডনি দান করতে পেরে ক্রেস বেশ আনন্দিত। তাঁকে জানানো হয়েছিল, তিনি ৭০ বছরের পর আর রক্ত দান করতে পারবেন না। এরপর তিনি হাড়ের মজ্জা দান করতে চেয়েছিলেন। কিন্তু চিকিত্সকেরা জানান, ৪০ বছরের কম বয়সীরাই এটা করতে পারেন। পরে তিনি জানতে পারেন, কিডনি দানের ক্ষেত্রে কোনো বয়সসীমা নেই। এরপর কিডনিদানের সিদ্ধান্ত নেন তিনি। উত্ফুল্ল ক্রেস জানান, তাঁর কিডনি কারও উপকারে আসবে—এটা ভেবে এ বয়সেও তাঁর বেশ ভালোই লাগছে।যুক্তরাজ্যে প্রতিবছর প্রায় সাত হাজার ব্রিটিশ নাগরিক একটি কিডনির অপেক্ষায় থাকে। আর কিডনির অভাবে সেখানে বছরে প্রায় ৩০০ ব্যক্তি মারা যায়। ব্রিটেনে ২০০৭ সাল থেকে মানবকল্যাণে কিডনি প্রতিস্থাপন শুরু হয়েছে।