৮৩টি পদের মধ্যে ৪০টিই শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা জেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় সাতটি উপজেলায় ৮৩টি পদের মধ্যে ৪০টি পদই শূন্য। ফলে হাঁস-মুরগি পশু পালনকারীরা হাতুড়ে চিকিৎসকের চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। জেলা প্রাণিসম্পদ সম্প্র্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অধিদপ্তরের ছয়টি পদের মধ্যে পাঁচটি পদই শূন্য। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, কম্পিউটার মুদ্রাক্ষরিক, ক্যাশিয়ার, এমএলএসএস ও নাইটগার্ডের পদ শূন্য রয়েছে। ভোলা সদর উপজেলায় ১১টি পদের মধ্যে চারটি পদ শূন্য। এখানে ১৩টি ইউনিয়ন রয়েছে। কিন্তু উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ সহকারী, ড্রেসার ও এমএলএসএসের পদ শূন্য রয়েছে। দৌলতখান উপজেলায় ১১টি পদের মধ্যে পাঁচটি পদ শূন্য। এখানে নয়টি ইউনিয়ন রয়েছে। কিন্তু উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ভেটেরিনারি সার্জন, উপজেলা প্রাণিসম্পদ সহকারী, অফিস সহকারী ও এমএলএসএসের পদ শূন্য।বোরহানউদ্দিন উপজেলায় ১১টি পদের মধ্যে চারটি শূন্য। এখানে নয়টি ইউনিয়ন রয়েছে। কিন্তু উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ সহকারী, অফিস সহকারী ও এমএলএসএসের পদ শূন্য রয়েছে।তজুমদ্দিন উপজেলায় ১১টি পদের মধ্যে পাঁচটি শূন্য। এখানে পাঁচটি উপজেলা আছে। কিন্তু প্রাণিসম্পদ কর্মকর্তা, ভেটেরিনারি সার্জন, উপজেলা প্রাণিসম্পদ সহকারী, অফিস সহকারী ও এমএলএসএসের পদ শূন্য রয়েছে।লালমোহন উপজেলায় ১১টি পদের মধ্যে চারটি শূন্য। এখানে নয়টি ইউনিয়ন রয়েছে। কিন্তু উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ সহকারী, অফিস সহকারী ও এমএলএসএসের পদ শূন্য রয়েছে।চর ফ্যাশন উপজেলায় ১১টি পদের মধ্যে পাঁচটি শূন্য। এখানে ১৪টি ইউনিয়ন রয়েছে, যা পরে ১৭টি করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ সহকারী, অফিস সহকারী, ড্রেসার ও এমএলএসএসের পদ শূন্য রয়েছে।মনপুরা উপজেলায় ১১টি পদের মধ্যে সাতটি পদ শূন্য রয়েছে। এ এলাকায় তিনটি ইউনিয়ন। কিন্তু ভেটেরিনারি সার্জন, উপজেলা প্রাণিসম্পদ সহকারী, প্রাণিসম্পদ মাঠকর্মী একটি, কৃত্রিম প্রজনন সহকারী একটি, অফিস সহকারী, ড্রেসার ও এমএলএসএসের পদগুলো শূন্য রয়েছে। এ ছাড়া ভোলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন ৬০টি চরাঞ্চলসহ সাতটি উপজেলায় প্রায় পাঁচ লাখ গরু-মহিষ-ছাগল ও ভেড়া রয়েছে। এ ছাড়া রয়েছে অসংখ্য হাঁস-মুরগি। প্রায় প্রতিটি পরিবারেই রয়েছে গৃহপালিত পশুপাখি। খোঁজ নিয়ে জানা গেছে, একমাত্র জেলা ও উপজেলা পর্যায়ের পশু হাসপাতালে নিয়ে যাওয়া ছাড়া কোনো প্রাণিসম্পদের চিকিৎসা হয় না। বাধ্য হয়ে গ্রামের খামারিরা হাতুড়ে চিকিৎসকের চিকিৎসা নিচ্ছেন।ভারপ্রাপ্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনোমথ সাহা বলেন, ‘জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী-সংকটের বিষয়ে অনেক লেখালেখি করেছি। ভোলা বিচ্ছিন্ন দ্বীপ জেলা হওয়ায় কর্মকর্তারা বদলি হয়ে আসতে চাচ্ছেন না।’