কাঠগড়ায় দাঁড়ানো জওয়ান নিজের পরিচয় দিয়ে বললেন, ‘মাননীয় আদালত, আমি ল্যান্স নায়েক আউয়াল হাওলাদার। ঢাকার সেক্টর কমান্ডার কর্নেল মুজিবুল হকের গাড়িচালক। বিদ্রোহের দিন সকালে নিহত মুজিবের মেয়েকে নিয়ে গুলশানে একটি স্কুলে যাই। সদর দপ্তরে ফিরে আসি সকাল নয়টা ১০ মিনিটে। এর কিছুক্ষণ পরই শুরু হয় গোলাগুলি। সেক্টর কমান্ডারের স্ত্রীর কাছে জানতে চাই, “ম্যাডাম, এখন কী করব?” তিনি বলেন, “তুমি গাড়িটি গ্যারেজে নিয়ে রাখো”।’ল্যান্স নায়েক আউয়াল আরও বলেন, ‘বিদ্রোহের দুই দিনে আমি একটি গাছের পাতাও ছিঁড়িনি, তার পরও এক বছর জেল খাটতে হলো।’ এরপর আদালত জিজ্ঞেস করেন, ‘আপনি দোষী, না নির্দোষ?’ আউয়াল বলেন, ‘আমি দোষী।’উল্লেখ্য, বিদ্রোহে বাধা না দেওয়াও এক ধরনের অপরাধ।আউয়ালের মতো আরও চারজন গতকাল আদালতে দোষ স্বীকার করে অনুকম্পা চান। তবে এ মামলার আরও ৭৯ জন নিজেদের নির্দোষ দাবি করেন। আদালত ৮৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শেষে ৭ নভেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।পিলখানার দরবার হলে গতকাল সোমবার সকাল ১০টায় বিশেষ আদালত ১১-এর কার্যক্রম শুরু হয়। এর আগে বিশেষ আদালত-৫-এ এসব আসামির বিচার শুরু হয়েছিল। কিন্তু আদালতের সংখ্যা বাড়ানোর কারণে তাঁদের বিচার হচ্ছে বিশেষ আদালত ১১-তে।ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল ইফতেখার উদ্দিন মাহমুদ এ আদালতের সভাপতির দায়িত্ব পালন করেন। তাঁর সঙ্গে ছিলেন লে. কর্নেল শাহাদত হোসেন, মেজর এ কে এম আলমগীর হোসেন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ উল্লাহ। মামলায় প্রসিকিউটর হিসেবে আছেন মেজর তসলিম উদ্দিন।গতকাল আদালত শুরুর পরই ৮৪ আসামির সবাইকে একে একে জিজ্ঞেস করা হয়, তাঁরা দোষী, না নির্দোষ। আসামিরা দাঁড়িয়ে জবাব দেন। আসামিদের মধ্যে ল্যান্স নায়েক জাহাঙ্গীর আলম, সিপাহি ইমরান হোসেন, সিপাহি রফিকুল হোসেন ও গাড়িচালক আনোয়ার হোসেনও দোষ স্বীকার করেন।দোষ স্বীকার করা প্রসঙ্গে আগের দিন আদালতের বিচারক বলেন, যাঁরা দোষ স্বীকার করবেন, তাঁদের ব্যাপারে আদালতের অনুকম্পা দেখানোর সুযোগ আছে।এ মামলায় মোট ৮৬ জন অভিযুক্ত। তাঁদের মধ্যে ৮৪ জনকে আদালতে হাজির করা হয়। বাকি দুজন পলাতক। এ মামলার আসামিদের মধ্যে পিলখানা হত্যা মামলায় ১৯ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।উল্লেখ্য, বিডিআরের নিজস্ব আইনে বিদ্রোহের বিচারের জন্য এখন ১০টি আদালত আছে। এসব আদালতে এ পর্যন্ত ২২টি মামলায় চার হাজার ৬৫৮ জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে পিলখানায় ১১টি মামলায় চার হাজার ১০১ জন অভিযুক্ত হয়েছেন। ঢাকার বাইরের ১১টি মামলায় অভিযুক্ত হয়েছেন ৫৫৭ জন। ঢাকার বাইরের ছয়টি মামলায় ২১৫ জনের বিভিন্ন মেয়াদের সাজা ও ১০ জন খালাস পেয়েছেন। এ ছাড়া সিআইডির দায়ের করা দুটি মামলায় ৮২৪ জনকে অভিযুক্ত করা হয়েছে। এ মামলার বিচার এখনো শুরু হয়নি।