৮৪ ওয়ার্ডে ভোটার তথ্য সংগ্রহের কাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ৮৪টি ওয়ার্ডে আজ শনিবার ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে। তথ্যসংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করেছেন। ২৪ সেপ্টেম্বর পর্যন্ত এ কাজ চলবে।নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব ফরহাদ হোসেন সাংবাদিকদের জানান, ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হওয়ার ব্যাপারে এরই মধ্যে বিভিন্ন এলাকায় মাইকে ঘোষণা দেওয়া হয়েছে। ছুটির দিন থাকায় আজ তথ্যসংগ্রহকারীরা ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছেন। কমিশন সচিবালয় থেকে জানানো হয়েছে, যে ৮৪টি ওয়ার্ডে ভোটার তালিকা হালানাগাদের কাজ শুরু হয়েছে, তার মধ্যে ১৩টি প্রশাসনিক থানা রয়েছে। এগুলো হলো: গুলশান, ধানমন্ডি, ডেমরা, মতিঝিল, ক্যান্টনমেন্ট, মিরপুর, মোহাম্মদপুর, লালবাগ, কোতোয়ালি, সূত্রাপুর, তেজগাঁও, রমনা ও পল্লবী। এর আগে ৪ সেপ্টেম্বর উত্তরা ও সবুজবাগ থানায় ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়। ভোটার তালিকা হালনাগাদের কাজে মোট তিন হাজার ৩১৯ জন তথ্য সংগ্রহকারী ও ৬৬৮ জন সুপারভাইজার কাজ করছেন। তথ্য সংগ্রহের পর আগামী অক্টোবরে ছবি তোলার কাজ শুরু হবে। বর্তমানে ঢাকার দুই সিটিতে ভোটারসংখ্যা ৪৮ লাখ ৭১ হাজার ২৮৬।