৮৪ কি.মি. সড়ক সংস্কারে ধীরগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক ও জনপথ (সওজ) বিভাগ যশোরের তিনটি প্রকল্পের ৮৪ কিলোমিটার সড়কের সংস্কার ও পুনর্নির্মাণকাজ চলছে অত্যন্ত ধীরগতিতে। এর মধ্যে ঢাকা-খুলনা মহসড়কের ৩০ কিলোমিটারের কাজ বর্ষা মৌসুমের আগে শেষ করার জন্য সওজের পক্ষ থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে। অন্যথায় বর্ষাকালে যোগাযোগব্যবস্থা বিঘ্নিত হলে তার দায়ভার এককভাবে ঠিকাদারি প্রতিষ্ঠানকেই নিতে হবে বলে সতর্ক করা হয়েছে। ঠিকাদারের প্রতিনিধিরা বলছেন, অর্থ ছাড় না হওয়ায় তাঁদের কাজ শেষ করতে বিলম্ব হচ্ছে।সওজ সূত্রে জানা গেছে, খুলনা-ঢাকা মহাসড়কের যশোর শহর থেকে নওয়াপাড়ার রাজঘাট পর্যন্ত ৩০ কিলোমিটার সংস্কার ও পুনর্নির্মাণকাজের জন্য ১৮ কোটি টাকা, যশোর-নড়াইল সড়কের বাউলিয়া থেকে রূপগঞ্জ পর্যন্ত ২৮ কিলোমিটারের জন্য ১১ কোটি ৩৪ লাখ এবং জেলা সড়ক উন্নয়ন প্রকল্পের (খুলনা জোন) অধীনে তিনটি সড়ক সংস্কার ও মাইলফলক নির্মাণকাজের জন্য ১২ কোটি টাকার কার্যাদেশ দেওয়া হয় গত বছর।খুলনা-ঢাকা মহাসড়ক: এই মহাসড়কের যশোর শহরের চাঁচড়া থেকে অভয়নগর উপজেলার রাজঘাট পর্যন্ত সড়ক পুনর্নির্মাণ ও সংস্কারকাজের জন্য খুলনার ঠিকাদারি প্রতিষ্ঠান বেসিক-ইউআইএল জেভিকে গত বছরের ২০ ডিসেম্বর কার্যাদেশ দেওয়া হয়। ৩৬৫ দিনের মধ্যে এই কাজ শেষ করতে হবে। কিন্তু কার্যাদেশের পর চার মাস অতিবাহিত হলেও কাজের তেমন অগ্রগতি হয়নি। সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, যশোর সদর উপজেলার মুড়লি, রাজারহাট, গোপালপুর গেট, রূপদিয়া, জামতলা ও অভয়নগর উপজেলার প্রেমবাগ, ভাঙার গেট ও নওয়াপাড়া এলাকায় সড়কের ভাঙাচোরা অংশে এক্সক্যাভেটর দিয়ে আঁচড়িয়ে রোলারের মাধ্যমে সমান করা হচ্ছে। হাটবিলা এলাকায় গিয়ে দেখা যায়, আঁচড়ানো অংশে কয়েকজন শ্রমিক দিয়ে বালু ও পাথর বিছানোর (ম্যাকাডাম) কাজ করা হচ্ছে। কাজ তদারকির দায়িত্বে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান ইউআইএলের উপসহকারী প্রকৌশলী মঞ্জুর হোসেন প্রথম আলোকে বলেন, এক্সক্যাভেটর দিয়ে রাস্তার ক্ষতিগ্রস্ত অংশ খুঁড়ে পানি দিয়ে রোলার করা হয়েছে। বর্তমানে বেইজ পাথর ও বালু বিছানোর কাজ চলছে। এক প্রশ্নের জবাবে মঞ্জুর হোসেন বলেন, বর্ষা মৌসুমের আগে সড়কের কাজ শেষ করার সম্ভাবনা কম। তবে অতিরিক্ত শ্রমিক দিয়ে দিন-রাত কাজ করিয়ে এমন একটা পর্যায়ে নিয়ে রাখার চেষ্টা করা হবে, যাতে বর্ষায় তেমন ক্ষতি না হয়। মঞ্জুর হোসেন জানান, অর্থ ছাড়ের নিশ্চয়তা না থাকায় এত দিন কাজ শুরু করা যায়নি। এদিকে বর্ষা মৌসুমের আগে কাজ শেষ করার জন্য সওজ বিভাগ যশোর থেকে গত ১ এপ্রিল ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে তাগিদ দেওয়া হয়েছে। নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউল হায়দার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, কাজের অগ্রগতি অত্যন্ত হতাশাব্যঞ্জক। শিগগিরই সড়কের কাজ শেষ না হলে বর্ষাকালে সড়ক যোগাযোগব্যবস্থা চরম বিপর্যয়ের মুখে পড়বে। জনদুর্ভোগ চরমে পৌঁছাবে। বর্ষাকাল শুরুর আগেই কাজ শেষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হলো। যশোর-নড়াইল সড়ক: যশোর-নড়াইল সড়কের বাউলিয়া থেকে নড়াইলের রূপগঞ্জ পর্যন্ত অংশ সংস্কারের জন্য ৩৬৫ দিন সময় দিয়ে ২০১১ সালের ২৭ জুন ঢাকার সেল-পায়েল-জেভি নামের একটি যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সড়কের মনিহার, নীলগঞ্জ, ঝুমঝুমপুর, হামিদপুর, বাউলিয়া, দাইতলাসহ গোটা সড়কে গর্তের সৃষ্টি হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কের দাইতলা এলাকায় মালামাল ও যন্ত্রপাতি মজুদ করেছে। এ কাজ দেখভালের দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানের উপসহকারী প্রকৌশলী আজমল হক সরকার এ প্রতিবেদককে বলেন, বর্ষা মৌসুম শুরুর আগেই ২৮ কিলোমিটার সড়কের কাজ শেষ করা সম্ভব। বরাদ্দ সাপেক্ষে কাজ শেষ হবে বলেও তিনি মন্তব্য করেন।যশোর-নড়াইল সড়ক সংস্কারের দাবিতে গত বছরের ডিসেম্বর মাসের শেষ দিকে পরিবহন মালিক ও শ্রমিকেরা লাগাতার ধর্মঘট পালন করেন। তখন সওজ বিভাগ ও ঠিকাদারি প্রতিষ্ঠান তড়িঘড়ি ইটের খোয়া ও বালু ফেলে গর্ত ভরাট করে সড়কটি চলাচলের উপযোগী করার চেষ্টা করে। কয়েক দিনের মধ্যেই সড়কে আবার বড় বড় গর্তের সৃষ্টি হয়। এ ব্যাপারে বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতি যশোর শাখার সভাপতি আজিজুল আলম বলেন, এই সড়কে গাড়ি চালালে গাড়ির যন্ত্রাংশ ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। অতি শিগগির সড়কটি চলাচলের উপযোগী করা না হলে আবারও লাগাতার ধর্মঘটের ডাক দেওয়া হবে। জেলা সড়ক উন্নয়ন প্রকল্প: এই প্রকল্পের অর্থ বরাদ্দে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত ৮ মার্চ সড়ক বিভাগ যশোর থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউল হায়দার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, প্রকল্পের তিনটি সড়কে প্রায় ১২ কোটি টাকার কাজ চলছে। এর মধ্যে মাত্র ৮৪ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। টাকা বরাদ্দের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশেষভাবে অনুরোধ জানানো হলো।সওজ সূত্রে জানা গেছে, প্রায় এক বছর মেয়াদি এই প্রকল্পের কেশবপুর-বেতগ্রাম-তালা সড়কের সোয়া তিন কিলোমিটারের কার্যাদেশ দেওয়া হয় গত বছরের ১০ অক্টোবর, একই বছরের ৬ মার্চ মনিরামপুরের মদনপুর কলেজ মোড়-ত্রিমোহিনী সড়কের ছয় কিলোমিটারের ও ওই বছরের ১৪ ফেব্রুয়ারি মনিরামপুর-ঝিকরগাছা সড়কের ১৭ কিলোমিটারের কার্যাদেশ দেওয়া হয়। সম্প্রতি মনিরামপুরের মদনপুর কলেজ মোড় থেকে কেশবপুরের ত্রিমোহিনী সড়কে গিয়ে দেখা যায়, মল্লিকপাড়ার পাকা মাথা থেকে মশ্মিমনগর পর্যন্ত ছয় কিলোমিটার সড়ক খুঁড়ে বালু ফেলে রাখা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, এ কারণে দক্ষিণের আট গ্রাম ও উত্তরের ১৫ গ্রামের মানুষ চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছে। ষোলোখাদা গ্রামের শফিকুল ইসলাম বলেন, ‘রাস্তা খারাপ ছিল, কিন্তু চলাচল তো করা যেত। এখন খুঁড়ে ফেলে রাখার কারণে একদমই চলাচল করা যাচ্ছে না।’ এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান এসএস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের প্রতিনিধি বাবু পাটোয়ারি প্রথম আলোকে বলেন, টাকা ছাড় না করায় কাজ শেষ করা যাচ্ছে না। ছয় কিলোমিটার সড়কের মধ্যে সাড়ে পাঁচ কিলোমিটারে বালু ভরাটের কাজ হয়েছে। তিন কিলোমিটারে ম্যাকাডাম করা হয়েছে। ইতিমধ্যে পৌনে তিন কোটি টাকা খরচ হয়েছে। বরাদ্দ পাওয়া গেছে সামান্য।