৮৪ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের সময় দরবার হলে উপস্থিত ছিলেন সুবেদার মেজর ফজলুল হক। মহাপরিচালকসহ কর্মকর্তাদের যখন বাইরে বের করে নিয়ে আসেন জওয়ানরা, তখন তাঁদের সঙ্গে ফজলুল হকও ছিলেন। জওয়ানরা কর্মকর্তাদের ব্রাশফায়ারে মেরে ফেললেও ফজলুল হককে মারেননি। পরে তিনিও বিদ্রোহে জড়িয়ে পড়েন। আর নায়েক সুবেদার ওয়ালিউল্লাহ নিহত কর্মকর্তাদের লাশ গুমে অংশ নেন। বিডিআর বিদ্রোহে অংশ নেওয়া সেক্টর সদর দপ্তরের এমন ৮৪ জওয়ানের বিরুদ্ধে গতকাল এভাবেই অভিযোগ পড়ে শোনানো হয় আদালতে। আজ এসব জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হতে পারে। পিলখানায় দরবার হলে গতকাল রোববার সকাল ১০টায় আদালতের কার্যক্রম শুরু হয়। শুরুতেই প্রসিকিউটর মেজর তসলিম উদ্দিন আসামিদের বিরুদ্ধে বিদ্রোহে জড়িত থাকা নিয়ে ছয় ধরনের অভিযোগ করেন। এরপর আদালত ৮৪ জন আসামির বিরুদ্ধে কী ধরনের অভিযোগ আছে, তা পড়ে শোনান। প্রতিটি আসামির নাম ধরে তাঁর বিরুদ্ধে কী ধরনের অভিযোগ আছে, তা উল্লেখ করা হয়। প্রায় সব আসামির বিরুদ্ধেই অভিযোগ ছিল, বিডিআর মহাপরিচালকের আদেশ উপেক্ষা করে বিদ্রোহে অংশ নেওয়া। অভিযোগ পড়ে শোনানোর সময় আদালতের স্থাপিত টিভি মনিটরে বিদ্রোহের সময় ধারণ করা অস্ত্র লুটসহ সিসি টিভির বিভিন্ন ধরনের বিভিন্ন চিত্র দেখানো হয়। আদালত জানান, এ মামলায় মোট ৮৬ জন অভিযুক্ত ছিলেন। এর মধ্যে ৮৪ জনকে আদালতে হাজির করা হয়। বাকি দুজন পলাতক থাকায় তাদের নাম অন্তর্ভুক্ত হয়নি। বিদ্রোহ মামলার আসামিদের মধ্যে ১৯ জন সিআইডির তদন্তে অভিযুক্ত হয়েছেন। এর আগে বিশেষ আদালত-৫-এ এসব আসামির বিচার শুরু হয়। কিন্তু আদালদের সংখ্যা বাড়ানোর কারণে গতকাল থেকে তাঁদের বিচার হচ্ছে বিশেষ আদালত-১১-তে। ময়মনসিংহ সেক্টরের কমান্ডার কর্নেল ইফতেখার উদ্দিন মাহমুদ এ আদালতের সভাপতির দায়িত্ব পালন করেন। তাঁর সঙ্গে ছিলেন লে. কর্নেল শাহাদত হোসেন, মেজর এ কে এম আলমগীর হোসেন এবং ডেপুটি এটর্নি জেনারেল মোহাম্মদ উল্লাহ। মামলায় প্রসিকিউটর হিসেবে আছেন মেজর তসলিম উদ্দিন। তিনি আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগ উত্থাপন শুরু করেন।বিডিআর কর্মকর্তারা জানান, মামলায় ২৭ জন আসামি তাঁদের পক্ষে আইনজীবী নিয়োগ করেছিলেন। তবে গতকাল উপস্থিত ছিলেন সাতজন। মোট ৪২ জন বেসরকারি আইনজীবীর সহায়তা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। ছয় থেকে নয় মাসের মধ্যে বিচার শেষ: আদালতের কার্যক্রম শেষ হওয়ার পর দরবার হলের বাইরে এক ব্রিফিংয়ে বিডিআরের পরিচালক (অপারেশন) কর্নেল সুমন কুমার বড়ুয়া বলেন, আগামী ছয় থেকে নয় মাসের মধ্যে ঢাকাসহ সারা দেশে বিদ্রোহের বিচার শেষ করা সম্ভব হবে। তিনি বলেন, নতুন আইন পাস হওয়ার কারণে আগের ছয়টি আদালত ভেঙে ১০টি আদালত গঠন করা হয়েছে। এসব আদালতের পাঁচটি ঢাকায় ও পাঁচটি ঢাকার বাইরে। ঢাকার বাইরে বিদ্রোহের বিচার চার থেকে ছয় মাসের মধ্যে শেষ করা সম্ভব হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পাঁচটি আদালতের এলাকাও ভাগ করা হয়েছে। কর্নেল পদপর্যাদার কর্মকর্তারা এসব আদালতের প্রধান হবেন। তিনি বলেন, সীমাবদ্ধতার কারণে আদালতের সংখ্যা এর চেয়ে বেশি করা যায়নি।