৮৪ জন উপজেলা নির্বাচন কর্মকর্তার পুনর্বহালের স্থগিতাদেশ বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারের সময় বাদ পড়া ৮৪ জন উপজেলা নির্বাচন কর্মকর্তা পুনর্বহালের রায়ের কার্যকারিতা স্থগিতের আদেশ বহাল রয়েছে। আজ রোববার দুপুর ১২টায় প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ লিভ টু আপিল মঞ্জুর করে এ আদেশ দেন। একই সঙ্গে আদালত আগামী ২২ ফেব্রুয়ারি আপিলের ওপর শুনানির দিন ধার্য করেছেন।নির্বাচন কর্মকর্তাদের কৌঁসুলি সালাহউদ্দিন দোলন প্রথম আলোকে বলেন, লিভ টু আপিল মঞ্জুর করে আদালত রায়ের কার্যকারিতা স্থগিত করেছেন। ফলে আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসব কর্মকর্তার পুনর্বহাল নিয়ে অনিশ্চয়তা রয়েই গেল।জানা গেছে, জোট সরকারের আমলে এসব কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়। তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই ৮৪ জন বাদ পড়েন। এর বিরুদ্ধে তাঁরা প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করেন। ট্রাইব্যুনালের রায় তাঁদের বিপক্ষে গেলে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালে তাঁরা আপিল করেন। এর পরিপ্রেক্ষিতে চলতি বছরের ১২ এপ্রিল প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল আপিল মঞ্জুর করেন এবং তাঁদের পুনর্বহালের আদেশ দেন। এর বিরুদ্ধে সরকারপক্ষ আপিল বিভাগে আবেদন করলে ২৫ জুন চেম্বার বিচারপতি ট্রাইব্যুনালের ওই রায়ের কার্যকারিতা স্থগিত করেন। পরে সরকারপক্ষ থেকে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন। আজ শুনানি শেষে আদালত লিভ টু আপিল মঞ্জুর করেন এবং স্থগিতাদেশ বহাল রাখেন।আদালতে সরকারপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।