প্রথম পর্যায়ে দুই বছর মেয়াদি ৯,৫২৭ কোটি টাকার প্রকল্প-প্রস্তাব
৮৫ হাজার গ্রামে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প
দেশব্যাপী গ্রামীণ জনগোষ্ঠীকে ব্যক্তিগত সঞ্চয়ে উত্সাহিত করা এবং অতিদরিদ্রদের সঞ্চয়ে সরাসরি আর্থিক সহায়তা দিতে সরকার ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প চালু করছে। দেশের ৮৫ হাজার গ্রামে সমবায় ভিত্তিতে আগামী জুলাই মাস থেকে এ প্রকল্প চালু করা হবে।প্রথম পর্যায়ে দুই বছর মেয়াদের জন্য নয় হাজার ৫২৭ কোটি টাকার একটি প্রকল্প-প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। চলতি মাসের (মে ২০১১) প্রথমার্ধের মধ্যে প্রস্তাবটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পেতে পারে বলে পরিকল্পনা কমিশনের একটি সূত্র জানায়।দ্বিতীয় পর্যায়ে আরও তিন বছরসহ মোট পাঁচ বছর মেয়াদে প্রকল্পটি চালানোর জন্য পরিকল্পনা করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এ প্রকল্প বাস্তবায়ন করবে।প্রকল্প প্রস্তাব অনুযায়ী, দেশের ৮৫ হাজার গ্রামের প্রতিটিতে একটি করে ‘সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি’ গঠন করা হবে। সমবায় অধিদপ্তরে নিবন্ধিত এই সমিতির সদস্য হতে পারবেন গ্রামের যেকোনো শ্রেণী-পেশার প্রতিটি মানুষ। প্রতি মাসে সমিতির প্রত্যেক সদস্য সর্বোচ্চ ২০০ টাকা করে সঞ্চয় করবেন।এর মধ্যে প্রতিটি সমিতির সবচেয়ে দরিদ্র ৬০ জন সদস্য (প্রতিটি সমিতি এই ৬০ জন নির্ধারণ করবে) সঞ্চয়-সহায়তা পাবেন। তাঁরা প্রত্যেকে প্রতি মাসে যত টাকা সঞ্চয় হিসেবে জমা দেবেন, সরকারও তাঁকে সেই একই পরিমাণ টাকা দেবে। অর্থাত্ প্রতিটি সমিতির সবচেয়ে দরিদ্র ৬০ জন সদস্য প্রতি মাসে যত টাকা জমাবেন, পাবেন তার দ্বিগুণ। এই হিসাবে দেশের মোট ৫১ লাখ অতিদরিদ্র পরিবার সরকারের এই বিশেষ উত্সাহ সঞ্চয়-সহায়তা পাবেন।এ ছাড়া সমিতির প্রত্যেক সদস্য যে পরিমাণ টাকা সঞ্চয় করবেন, তার তিন গুণ টাকা প্রকল্পভিত্তিক ঋণ নিতে পারবেন। অর্থাত্ কোনো সদস্য বছরে দুই হাজার টাকা সঞ্চয় করলে তিনি বছর শেষে ঋণ পাবেন ছয় হাজার টাকা। ঋণ পরিশোধ করবেন প্রকল্প শেষ হওয়ার পর। এই ঋণের জন্য কোনো কিস্তি দিতে হবে না। যে প্রকল্পের জন্য ঋণ নেবেন (কৃষিকাজ, মাছ চাষ, পশুপালন প্রভৃতি), সেই প্রকল্প শেষে কিস্তিতে বা এককালীন ঋণ পরিশোধ করতে পারবেন। সমিতির যেকোনো সদস্যই ঋণ নিতে পারবেন। তবে অতিদরিদ্র সদস্যরা অগ্রাধিকার পাবেন।প্রকল্পের পাঁচ বছর মেয়াদ শেষে অতিদরিদ্র ৬০ জন সদস্য বোনাসসহ এককালীন টাকা ফেরত পাবেন। তবে বোনাস পাওয়ার জন্য অবশ্যই প্রত্যেক সদস্যকে পাঁচ বছর সমিতির সদস্য হিসেবে থাকতে হবে। তার আগে সমিতি ছেড়ে চলে গেলে বোনাস পাবেন না।সরকারি হিসাব অনুযায়ী, সমিতির কোনো অতিদরিদ্র সদস্য প্রতি মাসে ২০০ টাকা হিসাবে বছরে দুই হাজার ৪০০ টাকা করে পাঁচ বছর সঞ্চয় করলে মেয়াদ শেষে তিনি বোনাসসহ ৪০ হাজার টাকা এককালীন পাবেন। প্রকল্প শেষে এ রকম একজন সদস্যের মোট অর্থপ্রাপ্তির হিসাব নিম্নরূপ:দরিদ্র পরিবার প্রতি মাসে সর্বোচ্চ জমা দেবে ২০০ টাকা, এর সঙ্গে সরকারি প্রকল্প থেকে দেওয়া হবে আরও ২০০ টাকা। ১২ শতাংশ সুদে বছর শেষে জমা হবে ৪৯৪৪ টাকা। এভাবে দ্বিতীয় বছর শেষে ১০৪৮১ টাকা; তৃতীয় বছর শেষে ১৮০৬০ টাকা; চতুর্থ বছর শেষে ২৫,১৭০ টাকা এবং পঞ্চম বছর শেষে ৩৪৩৭০ টাকা। পাঁচ বছর শেষে এর সঙ্গে বোনাস যোগ হবে ৫৬৩০ টাকা। তখন মোট সঞ্চয় দাঁড়াবে ৪০ হাজার টাকা।সরকারের এই উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে সাবেক সচিব ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান বলেন, ‘আমাদের দেশে সমবায় আন্দোলনের অতীত ব্যর্থতা পর্বতপ্রমাণ। এ দেশে সমবায় আন্দোলনের কোনো সাফল্য নেই। কাজেই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের মতো বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের কোনো প্রকল্প নেওয়ার আগে অতীত থেকে শিক্ষা নেওয়াটা জরুরি। আগে একটা পরীক্ষামূলক (পাইলট) প্রকল্প করে দেখা যায়। সেটার সাফল্য-ব্যর্থতার নিরিখে মূল প্রকল্প কার্যকর করা উচিত।তত্ত্বাবধায়ক সরকারের আরেকজন উপদেষ্টা, অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বলেন, ‘আমাদের দেশে যেসব প্রকল্প সফল হয়েছে, তার প্রতিটিই আগে পরীক্ষামূলকভাবে করে দেখা হয়েছে। তাই এই প্রকল্পেরও পরীক্ষামূলক পর্যায়টা দেখা দরকার।’ তিনি বলেন, এ দেশে সমবায়ের অভিজ্ঞতা খুব ভালো নয়। নিকট অতীতের মিল্ক ভিটাও তার প্রমাণ।পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে অতিদরিদ্র মানুষের হার শতকরা ২৫ ভাগ। সে হিসাবে প্রায় ৭৫ লাখ পরিবার অতিদরিদ্র শ্রেণীর। এর শতকরা ৭৫ ভাগ অর্থাত্ প্রায় ৫৬ লাখ পরিবার থাকে গ্রামে। ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের আওতায় এদের মধ্যে ৫১ লাখ পরিবারকে সরকার বিশেষ উত্সাহ সঞ্চয়-সহায়তা দেবে। এতে প্রথম বছরই একটি অতিদরিদ্র পরিবারের প্রায় পাঁচ হাজার টাকা পুঁজি সৃষ্টি হবে। তিনি কম সুদে ঋণ নিতে পারবেন।সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের উত্পাদিত দ্রব্যাদি (শাকসবজি, ফলমূল, হাঁস-মুরগি, গবাদিপশু, মাছ প্রভৃতি) সুষ্ঠুভাবে বাজারজাত করার জন্য প্রত্যেক উপজেলায় মার্কেটিং (বিপণন) সমবায় সমিতি গঠন করা হবে। সদস্যদের সয়াবিন-সরিষা-তিল প্রভৃতির তেলবীজসহ আদা, হলুদ, জিরা প্রভৃতি ফসল উত্পাদনে বিশেষভাবে উত্সাহিত করা হবে।পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. মিহির কান্তি মজুমদার বলেন, বর্তমানে ‘একটি বাড়ি একটি খামার’ নামে যে প্রকল্প চালু আছে, এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পটি তার স্থলাভিষিক্ত হবে।