৮৫৭ কোটি টাকা চেয়ে চার অপারেটরকে বিটিআরসির চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় প্রজন্মের (টু-জি) লাইসেন্স নবায়ন-বকেয়া ও বিলম্ব ফি মিলিয়ে মোট ৮৫৭ কোটি ৪৮ লাখ টাকা চেয়ে গ্রামীণফোনসহ চার মোবাইল অপারেটরকে চিঠি দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। তবে জিপি এ চিঠির বিষয়টিকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছে।টু-জি লাইসেন্স নবায়নে প্রথম কিস্তি এবং ২০১০ সাল থেকে বার্ষিক লাইসেন্স নবায়ন, রাজস্ব ভাগাভাগি ও স্পেকট্রাম চার্জ বাবদ অপারেটররা যে ১৫ শতাংশ কেটে রেখেছে, সেই টাকা চেয়ে অপারেটরদের পৃথকভাবে দুটি করে চিঠি দেওয়া হয়েছে বলে বিটিআরসি সূত্র জানায়। গত বুধবার সন্ধ্যায় বিটিআরসির কার্যালয় থেকে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও সিটিসেলের প্রতিনিধির হাতে এসব চিঠি দেওয়া হয় বলে জানান তিনি।এ প্রসঙ্গে বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ বলেন, আগামী ১০ দিনের মধ্যে চার অপারেটরকে টাকা জমা দিতে হবে, অন্যথা তাদের লাইসেন্স নবায়ন করা হবে না।বিটিআরসি সূত্র জানায়, জিপির টু-জি লাইসেন্স নবায়নে লেট ফিসহ ৩৯৬ কোটি ২১ লাখ টাকা দিতে হবে। রবিকে দিতে হবে ১৯৯ কোটি ৪৯ লাখ টাকা। বাংলালিংককে দিতে হবে ২১৭ কোটি ৫৪ লাখ টাকা। আর সিটিসেলকে ৪৪ কোটি ২৪ লাখ টাকা দিতে হবে।নাম প্রকাশে অনিচ্ছুক বিটিআরসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সোমবারের হাইকোর্টের রায়ের আলোকে হিসাব করে এ পাওনা পাওয়া গেছে। তবে হাইকোর্টের রায়ের কপি হাতে পাননি বলে জানান তিনি।জিপির বক্তব্য: লাইসেন্স নবায়ন ও স্পেকট্রাম বরাদ্দ ফিয়ের ভ্যাট বাবদ কর্তিত অংশ এবং অন্যান্য ফি পরিশোধের জন্য বিটিআরসির কাছ থেকে পাওয়া দুটি চিঠি প্রসঙ্গে আজ বৃহস্পতিবার এক সংবাদবিজ্ঞপ্তিতে জিপি বলেছে, ‘এর ফলে কিছুটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। কারণ আমরা এখনো মহামান্য হাইকোর্টের রায়ের লিখিত কপি হাতে পাইনি। তাই গ্রামীণফোন রায়ের সার্টিফায়েড কপি হাতে পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী কর্মপন্থা ঠিক করে বক্তব্য দেবে। এ ছাড়া আমরা চিঠিগুলোর বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য বিটিআরসিকে অনুরোধ করব।’