৮৬ জন ছাত্রের জন্য একজন শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ সালে শিশু জরিপ অনুযায়ী, নড়াইল জেলায় মোট শিশুর সংখ্যা দুই লাখ ৪১ হাজার ২২৩ জন। এর মধ্যে বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা এক লাখ ২০ হাজার ৭০ জন। শিক্ষকের সংখ্যা সরকারি হিসাবে এক হাজার ৫১০ জন থাকার কথা থাকলেও আছেন মাত্র এক হাজার ৩৯৬ জন। সরকারি হিসাব অনুযায়ী, নড়াইল জেলায় প্রাথমিক স্তরে প্রতি ৬৩ জন শিক্ষার্থীর জন্য একজন করে শিক্ষক থাকার কথা। আছেন ৮৬ দশমিক ২৪ জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক। ফলে একজন শিক্ষকের পক্ষে ৮৬ দশমিক ২৪ জন শিক্ষার্থীকে সব বিষয়ে (পাঁচ থেকে আটটি) পাঠদান করা কঠিন। এরপর রয়েছে যোগাযোগ, শিক্ষাসামগ্রী, অবকাঠামোসহ আসবাবপত্র-সংকট। এ ছাড়া ভর্তি হওয়া শিশুদের শতকরা ২৫ ভাগ পঞ্চম শ্রেণীতে ওঠার আগেই ঝরে পড়ে। উপজেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষার চিত্র নিম্নরূপ।সদর: নড়াইল সদর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১৬৮টি। এর মধ্যে সরকারি ৯৮টি, বেসরকারি (রেজি.) ৬৬টি ও কমিউনিটি বিদ্যালয় চারটি এবং কিন্ডারগার্টেন ১৩টি। শিক্ষকের পদ ২১৪টি (সরকারি বিদ্যালয়ে)। এর মধ্যে কর্মরত আছেন ৪৮৩ জন। জরুরি ভিত্তিতে ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন প্রয়োজন। এর মধ্যে রুন্দিয়া সরকারি এবং মির্জাপুর ও বাসিয়ারডাঙ্গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অন্যতম। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সোহরাব হোসেন বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে ইতিমধ্যে সরকারি ৩১টি, বেসরকারি রেজিস্টার্ড ২৮টি এবং কমিউনিটি তিনটি বিদ্যালয়ের উন্নয়নের চেষ্টা চলছে। ভবনগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় সেখানে ক্লাস নিতে সমস্যা হচ্ছে। বিশেষ করে ঝড় এবং বর্ষার সময় যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্নসহ ভবনের নিচে ক্লাস নিতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ার কারণে এ সংকট দেখা দিয়েছে। ৪০টি সরকারি, ৪৫টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে খাওয়ার পানির কোনো সুব্যবস্থা নেই। লোহাগড়া: উপজেলায় প্রাথমিক বিদ্যালয় ১৫৪টি। এর মধ্যে সরকারি ৯৮টি, বেসরকারি (রেজি.) ৫৪টি, কমিউনিটি দুটি এবং কিন্ডারগার্টেন চারটি। শিক্ষকের পদ ৫২৩টি। কর্মরত আছেন ৪৮২ জন।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান বলেন, ‘সরকারি ২৯টি ও বেসরকারি (রেজি.) ২৬টি প্রাথমিক বিদ্যালয়ে খাওয়ার পানির কোনো ব্যবস্থা নেই। এ ছাড়া লোকবল-সংকটে কর্মকাণ্ড পরিচালনায় চরম বিঘ্ন ঘটছে।’কালিয়া: উপজেলায় ১৪৫টি প্রাথমিক বিদ্যালয় আছে। এর মধ্যে সরকারি ৯০টি, বেসরকারি (রেজি.) ৫৪টি, কমিউনিটি দুটি এবং কিন্ডারগার্টেন দুটি আছে। শিক্ষকের পদ আছে ৪৭৩টি। কর্মরত আছেন ৪৩১ জন।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আক্তারুজ্জামান বলেন, ‘সরকারি ২৪টি এবং বেসরকারি ১৩টি বিদ্যালয়সহ কমিউনিটি ও কিন্ডারগার্টেনে খাওয়ার পানির কোনো ব্যবস্থা নেই।’এবতেদায়ি মাদ্রাসা ও কিন্ডারগার্টেনের পরিসংখ্যান নেই: নড়াইল জেলায় কতগুলো এবতেদায়ি মাদ্রাসা ও কিন্ডারগার্টেন স্কুল আছে এ তথ্য জেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস এবং ইসলামিক ফাউন্ডেশনে পাওয়া যায়নি। তথ্য সংগ্রহে নিজ নিজ অফিসে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তারা জানান, অফিসে এ ধরনের কোনো পরিসংখ্যান নেই। কীভাবে এই প্রতিষ্ঠানগুলো চলে, তাও তাঁদের জানা নেই। তবে বিভিন্ন সূত্রে জানা যায়, ১৯ টি কিন্ডারগার্টেন আছে। এর মধ্যে সদরেই ১৩ টি। এসব স্কুলের ব্যাপারে সরকারি কোনো নজরদারিও নেই। যার কারণে এখানকার পাঠ্যক্রম, মাসিক বেতন, পরীক্ষার ফিস, পরিবেশ এবং শিক্ষকদের মাসিক সম্মানীর কোনো হিসাব জানা নেই। হাতেগোনা দুএকটি ছাড়া বেশিরভাগ কিন্ডারগার্টেনে শিশুদের খেলাধূলার কোনো ব্যবস্থা নেই। গ্রিলের দোকানের সঙ্গে স্কুল এমন পরিবেশেও কিন্ডারগার্টেন গড়ে উঠেছে। কিন্ডারগার্টেন স্কুলগুলোতে নিয়মনীতির বালাই নেই: রাজনৈতিক ঐতিহ্যমণ্ডিত নড়াইল জেলা শহরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে কিন্ডারগার্টেন স্কুল। এসব কিন্ডারগার্টেন স্কুল দেশে প্রচলিত শিক্ষানীতির কোনো তোয়াক্কা না করেই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বেশ দাপটের সঙ্গে। শহরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে শিক্ষাদানের নামে শুরু হয়েছে গলাকাটা ব্যবসা। ভালো লেখাপড়ার আশায় অনেক অভিভাবক এসব স্কুলে ছেলেমেয়েদের ভর্তি করে বিপদে পড়েছেন। স্কুলগুলোর মানও নিম্নমানের। প্রতিটি স্কুলই প্রতিষ্ঠালগ্নে ঢাকঢোল পিটিয়ে তাদের গুণগান প্রচারের মাধ্যমে অভিভাবকদের আকৃষ্ট করে। বাস্তবে এর ছিটেফোঁটাও কাজকর্মে পাওয়া যায় না। অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে অভিজ্ঞ শিক্ষকের অভাব রয়েছে। এর মধ্যে যে কটি প্রতিষ্ঠানে অভিজ্ঞ শিক্ষক রয়েছেন, তাঁরাও ক্লাসে পাঠদানের চেয়ে বাসায় প্রাইভেট শিক্ষাদানে ব্যস্ত। অভিযোগ রয়েছে, ছাত্রপ্রতি ৫০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত নিয়ে কয়েকজন ছাত্র মিলিয়ে গ্রুপ করে শিক্ষকের বাসায় অথবা শিক্ষার্থীর বাসায় এসব শিক্ষক প্রাইভেট পড়ান। তাঁদের কাছে প্রাইভেট পড়ুয়া শিক্ষার্থীরা পরীক্ষার আগেই জানতে পারে সংশ্লিষ্ট বিষয়ের প্রশ্নগুলো। ফলে পরীক্ষায় এসব ছাত্রছাত্রীর সঙ্গে অন্য ছাত্রছাত্রীদের পেরে ওঠা সম্ভব হয় না, যা অভিভাবক মহলকে ভাবিয়ে তুলেছে। শহরের বাংলা মিডিয়াম কিন্ডারগার্টেনের একটির সঙ্গে আরেকটির পাঠ্যবই, পাঠ্যসূচি ও লেখাপড়ার কোনো মিল নেই। এমনকি একটির সঙ্গে আরেকটির শিক্ষা পদ্ধতিরও মিল নেই। ক্লাস বা শ্রেণীর নামেও কোনো সামঞ্জস্য নেই। কোনো কোনো কিন্ডারগার্টেনে প্রথম শ্রেণী বা স্ট্যান্ডার্ড ওয়ানের আগে তিনটি শ্রেণী, আবার কোনোটিতে দুটি শ্রেণী। অর্থাৎ প্রথম শ্রেণী বা স্ট্যান্ডার্ড ওয়ানের আগে শিশুকে কিন্ডারগার্টেনগুলোতে তিনটি বা দুটি শ্রেণীতে তিন বা দুই বছর পড়তে হয়। বইয়ের ক্ষেত্রে দেখা যায়, কোনো বই এক স্কুলে প্লে-গ্রুপে পাঠ্য করা হয়েছে, একই বই অন্য স্কুলে ক্লাস ওয়ানে পড়ানো হচ্ছে। এ সমস্যার ফলে অভিভাবকেরা বিশেষ প্রয়োজনে বা বদলির কারণে এক কিন্ডারগার্টেন থেকে অন্য কিন্ডারগার্টেনে শিশুদের ভর্তি করাতে গেলে সমস্যায় পড়েন।‘এভাবে লেখাপড়া করানো যায় না’: পলেস্তারা খসে পড়ছে। ছাদ এবং গ্রেট ভিমের মরিচা ধরা রড বেরিয়ে গেছে। সামান্য বৃষ্টি হলেই ছাদ দিয়ে পানি পড়ে। জামাকাপড়, বই-খাতা ভিজে যায়। আকাশে মেঘ দেখা দিলে ধসে পড়ার আশঙ্কায় স্কুল ছুটি দিতে হয়। এ অবস্থায় ঝুঁকি নিয়ে লেখাপড়া অব্যাহত রেখেছেন রুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাপসী রানী জানান, ১৯৪২ সালে স্কুলটি স্থাপিত হয় এবং ১৯৯২ সালে পুনর্নির্মাণ করা হয়। এর পর কোনো সংস্কার না হওয়ায় তিন কক্ষবিশিষ্ট এই বিদ্যালয় ভবনের অবস্থা জরাজীর্ণ হয়ে পড়েছে। শিক্ষার্থীদের বসার ব্যবস্থা না থাকায় দুই শিফটে ক্লাস নিতে হয়। সরকারি স্কুল হয়েও এখানে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। তিনি বলেন, এভাবে ছেলেমেয়েদের লেখাপড়া করানো যায় না।এক নজরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা: ২৮৬টি।  বেসরকারি (রেজি.) বিদ্যালয়ের সংখ্যা: ১৭৪টি।  কমিউনিটি বিদ্যালয়ের সংখ্যা: সাতটি।  কিন্ডারগার্টেন: ১২টি।  উচ্চবিদ্যালয়সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা: ৩টি।  স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসার সংখ্যা: ৩৪টি।  উচ্চ মাদ্রাসাসংলগ্ন এবতেদায়ি মাদ্রাসা: ৩৮টি।  এনজিও পরিচালিত পূর্ণাঙ্গ বিদ্যালয়: আটটি। এক শিফটে পরিচালিত বিদ্যালয়: ১০৭টি। জেলায় মোট ছাত্রসংখ্যা: ১,২০,০৭০ জন শিক্ষকের সংখ্যা: ১,৩৯৬ জন ছাত্র-শিক্ষক অনুপাত: ৮৬: ১।