৮৬ হাজার শিক্ষার্থী জীবাণুমুক্ত থাকার শপথ নিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে জীবাণুমুক্ত থাকার শপথ নিয়েছে ৮৬ হাজার ২৬৮ জন শিক্ষার্থী। গতকাল বুধবার বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানে তারা এ শপথ নেয়।এবারের বিশ্ব হাত ধোয়া দিবসের প্রতিপাদ্য ছিল, ‘শুধু এক দিন নয়, এর চেয়ে বেশি কিছু’।দিবসটি উপলক্ষে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৬ হাজার ৭১২ জন শিক্ষার্থী সমবেত হয়। এত শিক্ষার্থীর ভিড়ে কলেজ প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। শিক্ষার্থীরা অনুষ্ঠানে সাবান দিয়ে নিজেদের হাত ধোয় এবং জীবাণুমুক্ত সুস্থ জীবন যাপনের শপথ নেয়। গতকাল সরকারের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে যৌথভাবে দেশব্যাপী হাত ধোয়া দিবসের অনুষ্ঠানের আয়োজন করে ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেন, কেয়ার বাংলাদেশ, সেফ, অক্সফাম, ইউনিলিভার বাংলাদেশ, প্ল্যান বাংলাদেশ, মুসলিম এইড, ওয়াটার এইড বাংলাদেশ, এনজিও ফোরাম এবং ওয়াটার স্যানিটেশন ফর আরবান পুওর।অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘হাত ধোয়ার মতো ভালো অভ্যাসের মাধ্যমে ভবিষ্যতে আমরা একটি সুস্থ বাংলাদেশ গড়ে তুলতে পারব।’ অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের সচিব মনজুর হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. নুরুজ্জামান, ইউনিসেফের বাংলাদেশ পরিচালক ক্যারল ডি রয়, সেভ দ্য চিলড্রেনের মার্গারিটা ক্লার্ক, ইউনিলিভারের প্রতিনিধি তানভীর ফারুক, মুসলিম এইডের চেয়ারম্যান ইকবাল স্যাকরেনি প্রমুখ উপস্থিত ছিলেন।আয়োজকেরা জানান, কেন্দ্রীয়ভাবে ঢাকায় মূল অনুষ্ঠান হলেও দেশের সব বিভাগীয় শহরে বেলা ১২টা ৫ মিনিটে হাত ধোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকাসহ সারা দেশে ৮৬ হাজার ২৬৮ জন শিক্ষার্থী তাতে অংশ নেয়।