প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বল্পোন্নত (এলডিসি) দেশগুলোর ৮৮ কোটির অধিক মানুষকে দারিদ্র্য ও অনুন্নয়নের মধ্যে রেখে বৈশ্বিক অগ্রগতি অর্জন কখনোই সম্ভব নয়। তিনি এলডিসি বা উদীয়মান অর্থনীতির দেশগুলোর টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সক্ষমতা সৃষ্টিতে সহযোগিতা বাড়াতে ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী গতকাল মঙ্গলবার তুরস্কের ইস্তাম্বুলে স্বল্পোন্নত দেশগুলোর চতুর্থ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণদানকালে এ আহ্বান জানান। খবর বাসস ও ইউএনবির।‘এই সম্মেলন এলডিসি ও ধনী দেশগুলোর মধ্যে সহযোগিতার নতুন যুগ রচনার ক্ষেত্র হবে’, এ আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশগুলোর জীবনযাত্রার মানোন্নয়নের সময় অতিক্রান্ত হচ্ছে। কারণ, বিশ্বায়নে জলবায়ু পরিবর্তনের প্রভাব নতুন চ্যালেঞ্জের সৃষ্টি করছে।সম্মেলনে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘পরিস্থিতি শুধরে নিতে আমরা ইস্তাম্বুল সম্মেলনকে শেষ প্রয়াস হিসেবে গণ্য করতে চাইলে আমাদের বাগাড়ম্বরতা পরিহার করে এখানে প্রদত্ত অঙ্গীকারের প্রতি সম্মান দেখাতে হবে।’ তিনি বলেন, তেল ও খাদ্যপণ্যের আকস্মিক মূল্যবৃদ্ধি, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক মন্দা উন্নয়নশীল দেশগুলোর প্রয়াসকে ব্যাহত করেছে। এর ফলে এলডিসি ও উন্নত দেশগুলোর মধ্যকার ব্যবধান বেড়েছে।জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত স্বল্পোন্নত দেশগুলোকে অবশ্যই অতিরিক্ত তহবিলের জোগান দিতে হবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ ও বাইরের হুমকি মোকাবিলায় এলডিসিকে অতিরিক্ত ক্ষতিপূরণ ও সহায়তা দেওয়ার ব্যাপারে সবাইকে একমত হতে হবে। তিনি বলেন, স্বল্পোন্নত দেশগুলোর নাজুক অবস্থা, কাঠামোগত দুর্বলতা ও নিত্য অর্থনৈতিক চরমাবস্থার ফলে এর উন্নয়ন ও সমৃদ্ধি ব্যাহত হচ্ছে। এলডিসি দেশগুলোর মাথাপিছু আয় ১৯৭১ সালে বৈশ্বিক গড়ের ১৮ শতাংশের তুলনায় হ্রাস পেয়ে ২০০৮ সালে ১৫ শতাংশে দাঁড়িয়েছে। শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীকে মানবসম্পদে পরিণত করাই আমাদের লক্ষ্য। এ পর্যন্ত আমরা কিছু ক্ষেত্রে ক্ষুধা ও দারিদ্র্য হ্রাস করতে সক্ষম হয়েছি।’ তিনি বলেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শতভাগ ভর্তি নিশ্চিত, নারী-পুরুষ সমতা অর্জন, শিশুমৃত্যুর হার হ্রাস এবং টিকাদান কর্মসূচি, খাওয়ার পানি সরবরাহ ও স্যানিটেশনের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, গত বছর ঢাকায় ব্রাসেলস কর্মপরিকল্পনায় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক পর্যালোচনা সভার আয়োজন করা হয়। এ সময় অংশীদারির ভিত্তিতে নেওয়া সাতটি অঙ্গীকারের মধ্যে ব্যবধান, ভুলত্রুটি ও বিচ্যুতি ধরা পড়ে। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে সুষম, কাঙ্ক্ষিত ও সমন্বিত ইস্তাম্বুল চুক্তির প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি সম্মেলনে গুণগত শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ, সর্বজনীন স্বাস্থ্যসেবা ও জনসংখ্যা ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ এবং মানবসম্পদ উন্নয়নের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে তালিকার শীর্ষে রাখার সুপারিশ করেন। শেখ হাসিনা বলেন, এ জন্য উন্নয়ন-অংশীদারদের সহযোগিতা অন্তত তাদের মোট জাতীয় আয়ের (জিএনআই) শূন্য দশমিক ২ শতাংশ বাড়ানো প্রয়োজন। তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে স্বল্পোন্নত দেশগুলো নাজুক অবস্থায় রয়েছে।ইস্তাম্বুল ঘোষণায় যেসব বিষয় গুরুত্ব পাবে বলে বিবেচনা করা হচ্ছে, তার কয়েকটির ওপর তিনি আলোকপাত করেন। বিষয়গুলোর মধ্যে রয়েছে—স্বল্পোন্নত দেশগুলোর সব পণ্যের জন্য সব বাজারে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার এবং কার্যকর বাজারসুবিধা নিশ্চিত করতে বিধিবিধান নমনীয় করা। এ প্রসঙ্গে শেখ হাসিনা এলডিসি দেশগুলোর জন্য নতুন ও নবায়নযোগ্যসহ সাশ্রয়ী, বহুমুখী ও দূষণমুক্ত জ্বালানি সরবরাহ প্রয়োজন বলে উল্লেখ করেন। তিনি বলেন, স্বল্পোন্নত দেশগুলোর ভঙ্গুর অর্থনীতি পুনরুজ্জীবনে ঋণ রেয়াত অব্যাহত রাখতে হবে। এলডিসিভুক্ত যেসব দেশ ঋণ পরিশোধ করে এবং বাংলাদেশের মতো ব্যাপকভাবে ঋণগ্রস্ত নয়, তাদের অবশ্যই বিকল্প সম্পদ সংস্থানে অব্যাহতভাবে উৎসাহিত করতে হবে। শেখ হাসিনা বলেন, ‘ইস্তাম্বুল আমাদের বিকল্প সুযোগ খুঁজে বের করার অবকাশ দিয়েছে। আমাদের এই সুযোগের সদ্ব্যবহার, সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং দারিদ্র্য ও দুর্দশা থেকে এলডিসিকে উদ্ধারের সর্বাত্মক প্রয়াস চালাতে হবে।’হেলেন ক্লার্কের সাক্ষাৎ: ইউএনডিপির প্রশাসক হেলেন ক্লার্ক গতকাল ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর হোটেল স্যুটে সৌজন্য সাক্ষাৎ করেছেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, সাক্ষাৎকালে তাঁরা অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, শিক্ষা ও নারীর ক্ষমতায়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। হেলেন ক্লার্ক এসব ক্ষেত্রে ইউএনডিপির পক্ষ থেকে বাংলাদেশকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।দেশের পথে রওনা: প্রধানমন্ত্রী তুরস্কের ইস্তাম্বুলে চার দিনের সফর শেষে গতকাল সন্ধ্যায় দেশের উদ্দেশে রওনা হয়েছেন। তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জুলফিকার রহমান স্থানীয় সময় সন্ধ্যা সাতটা ২৫ মিনিটে আতাতুর্ক আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। আজ বুধবার সকাল সাড়ে আটটায় প্রধানমন্ত্রীর ঢাকায় পৌঁছার কথা।