৮৮টি ইউনিয়নে ভোট গ্রহণ শেষ, চলছে গণনা
সারা দেশে ইউনিয়ন পরিষদের (ইউপি) দ্বিতীয় দফা নির্বাচনে দ্বিতীয় দিনের মতো আজ বুধবার ভোট গ্রহণ শেষ হয়েছে। দেশের সাত জেলার মোট ৮৮টি ইউনিয়নে আজ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ, এখন চলছে গণনা।আজ কুমিল্লার দেবীদ্বার, ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা, বগুড়ার সারিয়াকান্দি উপজেলা, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা, মাদারীপুরের শিবচর উপজেলা ও যশোরের মণিরামপুর উপজেলার ৮৮টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হয়।গতকাল মঙ্গলবার ইউপি নির্বাচনের দ্বিতীয় দফায় দেশের ১৭ জেলার ১৩১ ইউনিয়নে ভোট গ্রহণ করা হয়।এ দফায় আগামী ৫ জুলাই পর্যন্ত দেশের ৫৭ জেলার ৪১৪টি উপজেলার নির্বাচনযোগ্য প্রায় সাড়ে তিন হাজার ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে।ভোট গ্রহণ উপলক্ষে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ এলাকায় সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের এবং সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।এর আগে প্রথম দফায় দেশের উপকূলীয় অঞ্চলের ১২টি জেলার প্রায় সাড়ে ৫০০ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।