৮৯ রানের পরাজয় সতর্কসংকেতও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডা ম্যাচটাতে অনেক পরীক্ষা দিতেই হয়নি। আর কাল সব বিষয়ে পরীক্ষা দিয়ে মোটামুটি সব কটিতেই ফেল! বোলিং-ফিল্ডিং-ব্যাটিং—সবখানেই হতাশা ছড়িয়ে পাকিস্তানের কাছে ৮৯ রানের হার বিশ্বকাপের আগে একটা সতর্কসংকেত দিল বাংলাদেশ দলকে।টসে জিতে পাকিস্তান আগে নিয়েছিল ব্যাটিং, আগের ম্যাচে বাংলাদেশ থিংক ট্যাংক যেটা চেয়েছিল, ঠিক সেটাই। প্রতিপক্ষ আগে ব্যাট করা মানে নিজেদের সব বোলারকে স্বাভাবিক কন্ডিশনে দেখে নেওয়ার সুযোগ, সেই সঙ্গে ফ্লাডলাইটের আলোয় ব্যাটসম্যানদের ব্যাটিং প্র্যাকটিসটাও হয়। কিন্তু এটা তো আর কানাডা নয় যে, যখন যেমন ইচ্ছা ব্যাটিং-বোলিং করে নিজেদের প্রয়োজনটা মিটিয়ে নেওয়া যাবে। এটা পাকিস্তান, বিশ্বকাপ যাদের কাছে অনেক সমালোচনার জবাব দেওয়ার মঞ্চ। নিজেদের স্বার্থ ভুলে গিয়ে তারা নিশ্চয়ই প্রস্তুতি ম্যাচকে বাংলাদেশের গবেষণার ‘গিনিপিগ’ হতে দেবে না!বাংলাদেশের বোলিং খুব খারাপ হয়েছে, তা নয়। ৯ উইকেটে ২৮৫ রান হলেও রান তো করলেন শুধু দুই ব্যাটসম্যান! কিন্তু ওয়ানডে মানেই তো এটা—সাময়িক ধাক্কা খেলেও পরিস্থিতি সামলে কাউকে না কাউকে এগিয়ে নিতে হবে ম্যাচ। পাকিস্তানের ব্যাটসম্যানদের কাছে বাংলাদেশের বোলার-ফিল্ডাররা এই জায়গাতেই মার খেয়ে গেছেন। নইলে ১৫ ওভারের মধ্যে ৫৮ রানে ৩ উইকেট হারানো পাকিস্তান কীভাবে অত বড় রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় বাংলাদেশকে?চতুর্থ উইকেটে ওপেনার আহমেদ শেহজাদ আর মিসবাহ-উল হক মিলে গড়লেন ১৫২ রানের জুটি এবং তখনই বাংলাদেশের হাত থেকে ছুটে যায় ম্যাচ। সেঞ্চুরিয়ান শেহজাদ ধন্যবাদ দিতে পারেন সোহরাওয়ার্দী ও রাজ্জাককে। ব্যক্তিগত ৪২ ও ৫৬ রানের সময় এই দুই ফিল্ডারই শেহজাদের সহজ ক্যাচ ফেলেছেন একে অন্যের বলে। পাকিস্তানের ইনিংসটা যখন আরেকটু ধাক্কা লাগলেই টালমাটাল হয়ে যায়, তখনই ক্যাচ-ট্যাচ ছেড়ে তাদের ম্যাচে ফেরানোর দায়িত্ব নিল বাংলাদেশ! হতে পারে বিশ্বকাপের ক্রমবর্ধমান আগমন ধ্বনিতে কিছুটা স্নায়ুচাপে ভুগছেন স্বাগতিক খেলোয়াড়েরা।শফিউল আগের ম্যাচের মতো কালও খুব ভালো বল করলেন। রুবেল রান যা-ই দিয়েছেন, তিনটা উইকেট নিয়ে কিছুটা হলেও পুষিয়ে দিয়েছেন তা। আবদুল রাজ্জাক আর ওয়াহাব রিয়াজের উইকেট দুটি তো নিলেন পরপর দুই বলে! কিন্তু স্পিন শক্তিতে বলীয়ান বাংলাদেশ দলের বোলিং আক্রমণে আঁধার ঘরের মানিক হয়ে থাকলেন সাকিব আল হাসানই। ১০ ওভারে ৪৯ রানে ৩ উইকেট, এর মধ্যে এক ওভারেই ফিরিয়েছেন মিসবাহ আর আফ্রিদিকে।পাকিস্তানের ছুড়ে দেওয়া বড় রানের লক্ষ্যে বাংলাদেশের জন্য হতে পারত ব্যাটিং অনুশীলনের দারুণ সুযোগ। কানাডা ম্যাচের মতো দু-তিনজনের ব্যাটিংয়ে তো আর এখানে ম্যাচ শেষ হওয়ার সম্ভাবনা নেই। তা কাল বাংলাদেশ দলের সবাই ব্যাটিং করলেন ঠিকই, কিন্তু এটা ব্যাটিং তো? ২৮৫ রানের চাপেই যেন ভেঙে পড়ল পুরো ইনিংস! আবদুর রাজ্জাকের প্রথম বলেই বোল্ড তামিম ইকবাল। ৭১ রানের জুটিতে আরেক ওপেনার ইমরুল কায়েস আর জুনায়েদ সিদ্দিক লড়াইয়ের পূর্বাভাস দিলেও শেষ পর্যন্ত সেটা টিকল না। ২৮ বলে ঝোড়ো ৩৮ রান করে দশম ওভারেই ফিরে গেলেন জুনায়েদ, শেষ ভাঙনের শুরু এর পরই।‘হাওয়াবদল’ করে ছয় থেকে চার নম্বরে উঠে এসে ব্যর্থ মুশফিকুর রহিম। ৯ রান করে বাঁহাতি স্পিনার আবদুর রেহমানের বলে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিলেন মোহাম্মদ হাফিজের হাতে। তিন ওভার পর ঠিক একই রকম উচ্চাভিলাষী শট খেলে একই ভাবে আউট সাকিবও। আর মুশফিকুরকে ওপরে জায়গা ছেড়ে দিয়ে ছয়ে নেমে আসা মোহাম্মদ আশরাফুল চার মারার পরের বলেই বোল্ড। ৪৯ রানের অষ্টম উইকেট জুটিতে নাঈম-রকিবুল যেটা করলেন, সেটা ম্যাচটাকে আরেকটু টেনে নিলেও পাকিস্তানকে পাল্টা ধাক্কা দেওয়ার মতো নয়। ২৮৫ রানের জবাবে ১৪৫ রানেই ৭ উইকেট পড়ে গেলে আর কী-ই বা করার থাকে!কানাডা-পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ বিশ্বকাপের আগে বাংলাদেশ দলকে দিল দুই রকম অভিজ্ঞতা। অধিনায়ক সাকিব আল হাসান এবং কোচ জেমি সিডন্স অবশ্য বলেছিলেন, নিজেদের দেখে নেওয়ার আসল আয়না হবে পাকিস্তান ম্যাচটাই। কিন্তু সেই আয়নায় যে প্রত্যাশার উল্টো ছবিটাই দেখলেন তাঁরা!