প্রতিবছর ৯ আগস্ট ‘জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। ১৯৭৫ সালের ৯ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাংলো-ডাচ কোম্পানি শেলের কাছ থেকে মাত্র ৪৫ লাখ পাউন্ড স্টার্লিংয়ে (তখনকার মূল্যমানে মোট ১৭ কোটি ৮৫ লাখ টাকা) দেশের পাঁচটি গ্যাসক্ষেত্র (তিতাস, হবিগঞ্জ, রশিদপুর, বাখরাবাদ ও কৈলাশটিলা) এবং তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানির শেয়ার কিনে রাষ্ট্রীয় মালিকানায় নিয়েছিলেন।সপরিবারে নিহত হওয়ার মাত্র এক সপ্তাহ আগে বঙ্গবন্ধু এই কাজটি করেছিলেন বলেই ওই পাঁচটি গ্যাসক্ষেত্র রাষ্ট্রের সম্পদ হয়েছে। এখন পর্যন্ত ওই ক্ষেত্রগুলো থেকে ৭৮ হাজার ৯৭৫ কোটি টাকার গ্যাস তোলা হয়েছে। আরও যে উত্তোলনযোগ্য মজুদ আছে তার দাম ৮৫ হাজার ৮২৯ কোটি টাকা। এখন প্রতিদিন দেশে যে পরিমাণ গ্যাস ব্যবহার করা হচ্ছে, তার প্রায় ৪৩ শতাংশ আসে ওই পাঁচটি ক্ষেত্র থেকে। দেশের জ্বালানি নিরাপত্তায় বঙ্গবন্ধুর ওই যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ এবং ৯ আগস্ট তাঁর বাস্তবায়নকে স্মরণীয় করে রাখতেই দিনটিকে জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সোমবার মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী এনামুল হকের এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।বিদ্যুৎ ও যানজট নিয়ে আলোচনা: সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলমান বিদ্যুৎ-সংকট ও তীব্র যানজট নিয়ে বৈঠকে আলোচনা করেন মন্ত্রিসভার সদস্যরা। কেউ কেউ ঢাকায় প্রতিদিন যে ভয়াবহ লোডশেডিং হচ্ছে তা তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়নে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং এ পর্যন্ত যেসব পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা দ্রুত বাস্তবায়ন করার কথা বলেন। বিশেষ করে রমজানে যাতে এ ভোগান্তি কিছুটা কমে, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বৈঠকে যানজট দূর করতে ঢাকা থেকে জয়দেবপুর ও ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত প্রতি ঘণ্টায় শাটল ট্রেন চালু করার পরামর্শ দেন কোনো কোনো মন্ত্রী। কেউ কেউ যানজট দূর করতে সিএনজি বেবিট্যাক্সি ও রিকশা উঠিয়ে দেওয়ার কথা বলেন। প্রধানমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রীকে নির্দেশ দেন।