৯ আগস্ট পল্টন থেকে বিএনপির গণমিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৯ আগস্ট ঢাকায় গণমিছিল কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। এই কর্মসূচিতে বাধা না দেওয়ার জন্য দলটি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। গত মঙ্গলবার নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ৯ আগস্ট বিকেলে পল্টন ময়দান থেকে গণমিছিল শুরু হবে। আওয়ামী দুঃশাসন, হত্যা, নির্যাতন, দখল, টেন্ডারবাজি, গ্যাস-বিদ্যুৎ-পানিসংকটের কারণে জনদুর্ভোগ, সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে এবং দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী, নাসির উদ্দীন পিন্টু, আবদুস সালাম পিন্টু, এহছানুল হক, কমিশনার আরিফসহ সব নেতা-কর্মীর মুক্তির দাবিতে এ কর্মসূচির আহ্বান করা হয়েছে।সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেন, বিএনপি ৯ আগস্ট শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চায়। সরকার যদি বাধা দেয়, তাহলে তাদের স্বৈরাচারী মনোভাবেরই প্রতিফলন ঘটবে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বিশেষ এজেন্ডা বাস্তবায়নের জন্য। এখন সেটাই বাস্তবায়নের জন্য ব্যস্ত হয়েছে পড়েছে।খোন্দকার দেলোয়ার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-ব্যয়ের ওপর আরোপিত কর প্রত্যাহারের আহ্বান জানান। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলারও নিন্দা জানান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান ও রিজভী আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রীকে হুমকির অভিযোগ অস্বীকার: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া এবং ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন। গতকাল বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তাঁরা এ অভিযোগের বিষয়ে নিজ নিজ অবস্থান তুলে ধরেন। রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘শেখ হাসিনা আমার বন্ধুর স্ত্রী, তাঁকে হত্যার হুমকি দেওয়ার প্রশ্নই আসে না।’শাহ মোয়াজ্জেম বলেন, ‘২০ বছর জেল খেটেছি, জেলের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা কোনো হুমকি দেইনি, পরিণতির কথা বলেছি মাত্র। আর পরিণতির কথা তো শুভাকাঙ্ক্ষীরাই বলে।’গত ২৫ জুলাই রাজধানীর মুক্তাঙ্গনে বিএনপির এক সমাবেশে দুই নেতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার এক আওয়ামী লীগের নেতা প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগ এনে তাঁদের বিরুদ্ধে মামলা করেন।