৯ কোটি টাকা ঘুষ-বাণিজ্য হিসাবরক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে স্বাস্থ্য বিভাগের ১৭৭টি পদে লোক নিয়োগে সিভিল সার্জনের কার্যালয়ে অন্তত নয় কোটি টাকার ঘুষ-বাণিজ্য হয়েছে বলে অভিযোগ উঠেছে। ৯ ডিসেম্বর ঢাকায় বসে ওই নিয়োগপত্রে সই করেছেন সিভিল সার্জন মো. নাজিমুদ্দিন খান।নিয়োগ পরীক্ষার চূড়ান্ত তালিকা সিভিল সার্জনের কার্যালয়ে টাঙানো এবং নিয়োগপত্র ডাকযোগে পাঠানোর কথা। কিন্তু গত বুধবার রাতে উত্তীর্ণ প্রার্থীদের বাড়িতে ডেকে নিয়োগপত্র দেন সিভিল সার্জনের কার্যালয়ের প্রধান অফিস সহকারী মো. সাইফুল ইসলাম, অফিস সহকারী রেজাউল করিম ও শাহ আলম। খবর পেয়ে চাকরিবঞ্চিত প্রার্থীরা গত শুক্রবার সাইফুলের বাসা থেকে বেশ কিছু নিয়োগপত্র উদ্ধার করেন।এদিকে তিন লাখ টাকা উৎকোচ দিয়েও চাকরি না হওয়ায় সিভিল সার্জনের কার্যালয়ের হিসাবরক্ষক রেজাউল করিমের বিরুদ্ধে শুক্রবার সিরাজগঞ্জ সদর থানায় মামলা করেন লক্ষ্মী রানী নামের আয়া পদের এক চাকরিপ্রার্থী। রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়া লতিফুল ইসলাম জানান, গতকাল শনিবার ভোরে সাইফুল ইসলাম ও রেজাউলের বাসায় অভিযান চালানো হয়। এ সময় সাইফুলের বাসা থেকে ১১টি এবং রেজাউলের বাসা থেকে ৭৬টি নিয়োগপত্র উদ্ধার করা হয়েছে। এ ছাড়া রেজাউলের বাসা থেকে এক লাখ টাকা উদ্ধার করা হয়। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানিয়েছেন, ওই টাকা এক চাকরিপ্রার্থীর কাছ থেকে নিয়েছিলেন।লতিফুল ইসলাম জানান, রেজাউলকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। সোমবার রিমান্ডের শুনানি অনুষ্ঠিত হবে।সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার নয় উপজেলার উপজেলা স্বাস্থ্য সহকারী, অফিস সহকারী, পরিসংখ্যান, স্টোরকিপার, ওয়ার্ডবয়, সুইপারসহ বিভিন্ন পদে ১৮৮ জন লোক নিয়োগের জন্য গত মার্চ মাসে বিজ্ঞপ্তি দেওয়া হয়। এতে প্রায় ১২ হাজার প্রার্থী আবেদন করেন। লিখিত পরীক্ষা শেষে গত ৫ নভেম্বর মৌখিক পরীক্ষা নেওয়া হয়।চাকরিবঞ্চিত প্রার্থীদের অভিযোগ, চাকরিবিধি অনুযায়ী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে একটি পদের বিপরীতে সর্বোচ্চ পাঁচজনকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকার কথা। তা না মেনে প্রতি পদে শতাধিক প্রার্থীকে ডাকা হয়। পছন্দের প্রার্থীদের নিয়োগ দিতে এমনটি করা হয়। সিভিল সার্জন ও তাঁর সহযোগীরা ওই প্রার্থীদের কাছ থেকে পাঁচ থেকে ছয় লাখ টাকা করে ঘুষ নিয়েছেন বলে অভিযোগ করেন বঞ্চিত প্রার্থীরা।নাম প্রকাশে অনিচ্ছুক সিভিল সার্জনের কার্যালয়ের একজন কর্মকর্তা বলেন, ২ ডিসেম্বর কার্যালয়ে বসে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল তৈরি করেন সিভিল সার্জন ও প্রশাসনিক কর্মকর্তা মো. মুক্তার হোসেন। ৫ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের একটি প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য সিভিল সার্জন ঢাকায় যান। ৯ ডিসেম্বর ঢাকায় স্বাস্থ্য বিভাগের এক কর্মচারীর বাসায় বসে নিয়োগপত্রে সই করেন সিভিল সার্জন। সঙ্গে ছিলেন মুক্তার, সাইফুল ও শাহ আলম। বুধবার রাতে গাড়িতে করে নিয়োগপত্র সিরাজগঞ্জে আনা হয়। ওই দিন রাতে বাসা থেকে নিয়োগপত্র বিতরণ শুরু করা হয়।এ ব্যাপারে সিভিল সার্জনের কার্যালয়ের প্রধান অফিস সহকারী সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘দু-একজন নিজস্ব লোকের নিয়োগপত্র আমার কাছে ছিল। সেগুলো তাঁরা নিয়ে গেছেন। এ ছাড়া বাসায় কাজের জন্য কিছু কাগজপত্র এনে রেখেছিলাম। সেগুলোসহ বিলি হওয়া নিয়োগপত্রের অবশিষ্ট অফিশিয়াল কপি চাকরিবঞ্চিত প্রার্থীরা নিয়ে গেছেন।’এদিকে ঢাকায় প্রশিক্ষণ শেষেও অফিসে যোগ দেননি নাজিমুদ্দিন খান। প্রশিক্ষণের পর তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে তাঁর কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে। নাজিমুদ্দিন খান ও মুক্তার হোসেনের বক্তব্য জানতে তাঁদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তা বন্ধ পাওয়া গেছে।সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ কমিটির সভাপতি স্বাস্থ্য অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক আশরাফুজ্জামান বলেন, ‘চূড়ান্ত তালিকার পর নিয়োগপত্র দিতে সিভিল সার্জনকে বলা হয়েছে। তিনি অফিস থেকে, নাকি বাইরের কোথাও থেকে নিয়োগ দিয়েছেন, এ বিষয়ে আমার জানা নেই।’