৯ জওয়ানের সবার সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের মামলায় রাঙামাটির লংগদু উপজেলার রাজনগর ১২ রাইফেল ব্যাটালিয়নের নয় আসামির সবাইকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল রোববার বিডিআরের রাঙামাটি সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতে এ রায় ঘোষণা করা হয়। এটি বিডিআরের বিদ্রোহ মামলায় পঞ্চম রায়। এর আগে সাতক্ষীরা, ফেনী, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পৃথক আদালতে বিদ্রোহের মামলায় রায় ঘোষণা করা হয়। আদালত আসামিদের মধ্যে ১২ রাইফেল ব্যাটালিয়নের হাবিলদার শামসুল হককে সর্বোচ্চ সাত বছর, হাবিলদার মো. শিব্বির আহমদ, মো. সোহরাব হোসেন ও সিপাহি আবুল কালাম আজাদকে তিন বছর করে, সিগন্যালম্যান সিপাহি আবদুর রহমানকে পাঁচ বছর, সিপাহি রাসেল কবিরকে তিন বছর এবং সিপাহি মো. সাখাওয়াত হোসেন, মো. জহির উদ্দিন ও মো. সরওয়ার কামালকে দুই বছর করে কারাদণ্ডাদেশ দেন। রায় ঘোষণার দিন থেকে তাঁদের সাজা কার্যকর হবে। রায় ঘোষণার পর আসামিদের রাঙামাটি জেলা কারাগারে নেওয়ার সময় তাঁদের কয়েকজন চিৎকার করে নিজেদের নির্দোষ বলে দাবি করতে থাকেন। বিডিআরের বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলামের সভাপতিত্বে বেলা দুইটা ২৫ মিনিটে আদালতের কার্যক্রম শুরু হয়। সভাপতি প্রথমে আসামিরা উপস্থিত রয়েছেন কি না, সরকারি কৌঁসুলি লে. কর্নেল হাবিবুল করিমের কাছে জানতে চান। সরকারি কৌঁসুলি আসামিরা সবাই উপস্থিত আছেন বলে আদালতকে জানান। এরপর সভাপতি বলেন, বিশেষ আদালতে বিচারিক কার্যক্রম চলার সময় বিডিআর আইনে বর্ণিত সব আইনি-প্রক্রিয়া সুনিশ্চিত করা হয়েছে। মেজর জেনারেল মইনুল ইসলাম বলেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে চিত্তবিনোদন-কক্ষে উল্লাস প্রকাশ করে ১২ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহে একাত্মতা প্রকাশ করা হয়। ঢাকার পিলখানা বিদ্রোহ নিশ্চিত হওয়ার পর ঊর্ধ্বতন কর্মকর্তারা সুশৃঙ্খল থাকতে আদেশ দিলেও আসামিরা তা অমান্য করেন। আসামিরা গুজব ছড়িয়ে জওয়ানদের বিদ্রোহে প্ররোচিত করেন। এরপর আদালতের সভাপতি একে একে আসামিদের শাস্তি ও জরিমানার রায় ঘোষণা করেন। আদালতে সভাপতিকে সহায়তা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহরাওয়ার্দী, বিডিআর কর্মকর্তা লে. কর্নেল আবদুর রউফ ও মেজর গোলাম মুস্তফা আল মামুন। আর বাদীপক্ষের কৌঁসুলি ছিলেন লে. কর্নেল হাবিবুল করিম। তাঁকে সহায়তা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোশাররফ হোসেন ও আইনজীবী রেজাউল করিম। আসামিদের পক্ষে কৌঁসুলি (ফ্রেন্ডস অব অ্যাকিউজড) ছিলেন বিডিআরের কর্মকর্তা মেজর এনামূল করীম।গত বছরের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহ হয়। এর জের ধরে রাজনগর ১২ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় মামলার কার্যক্রম শুরু হয় গত বছরের ২৪ নভেম্বর।আজ মারিশ্যা ৯ রাইফেল ব্যাটালিয়নের শুনানি: আজ সোমবার সকাল নয়টায় একই আদালতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ৯ রাইফেল ব্যাটালিয়নের ৭৫ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হবে। গত বছরের ৩০ ডিসেম্বর এ মামলার বিচার শুরু হয়।