দেশের নয় জেলার ১৫টি উপজেলায় অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়েছে। এসব এলাকায় গতকাল সোমবার পর্যন্ত ৪৯৫ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছে। গত ৭২ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৬ জন। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে এ তথ্য জানা গেছে।গত ১৮ আগস্ট সিরাজগঞ্জের বেলকুচি ও কামারখন্দ উপজেলায় অ্যানথ্রাক্সের সংক্রমণ দেখা দেয়। ওই এলাকার বেশ কয়েকটি গরুর মৃত্যুর ঘটনায় অ্যানথ্রাক্স সবার নজরে আসে।আইইডিসিআরের তথ্য অনুযায়ী, পাবনার বেড়া, সাঁথিয়া ও ফরিদপুর; সিরাজগঞ্জের শাহজাদপুর, বেলকুচি, কামারখন্দ ও উল্লাপাড়া; কুষ্টিয়ার দৌলতপুর; টাঙ্গাইলের ঘাটাইল ও গোপালপুর; মেহেরপুরের গাংনি; মানিকগঞ্জের সাটুরিয়া; রাজশাহীর চারঘাট এবং সাতক্ষীরা ও লালমনিরহাটের সদর উপজেলায় অ্যানথ্রাক্সের সংক্রমণ দেখা দিয়েছে।এসব এলাকায় গতকাল দুপুর পর্যন্ত ৪৯৫ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছে। গত ৭২ ঘণ্টায় নতুন করে ১৬ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে রাজশাহীর চারঘাটে আক্রান্ত হয়েছে সাতজন। আইইডিসিআরের বিজ্ঞানীরা জানান, গত পাঁচ দিনে নতুন করে চার জেলার পাঁচটি উপজেলায় অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়েছে।আইইডিসিআরের পরিচালক মাহমুদুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, অ্যানথ্রাক্সে আক্রান্ত ব্যক্তিদের ৮০ শতাংশই সুস্থ হয়ে গেছে। বাকিরাও শিগগির সুস্থ হয়ে যাবে। নতুন নতুন এলাকায় অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়ায় সেখানে আক্রান্তের সংখ্যাও বেড়েছে। তিনি জানান, সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তর গবাদিপশুকে টিকা দিচ্ছে। আর স্বাস্থ্য অধিদপ্তর আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা দিচ্ছে।৯৪টি গবাদিপশু আক্রান্ত: সরকারের প্রাণিসম্পদ অধিদপ্তর জানিয়েছে, গতকাল পর্যন্ত দেশে অ্যানথ্রাক্সে আক্রান্ত গরুর সংখ্যা ৩৯ ও ছাগলের সংখ্যা ৫৫টি। ইতিমধ্যে দেশের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে টিকা পাঠানোসহ টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছে। কোথাও গরু বা ছাগলের অসুস্থতার খবর পাওয়া গেলে দ্রুত স্বাস্থ্য পরীক্ষা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, দেশে দুই কোটি ২৯ লাখ ৭০ হাজার গরু ও দুই কোটি ২৪ লাখ ছাগল রয়েছে। অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ আলী প্রথম আলোকে বলেন, গরু মারা গেলেই মানুষ মনে করছে, অ্যানথ্রাক্স হয়েছে। এ বিষয়ে মানুষকে আরও সচেতন হতে হবে। তিনি বলেন, অ্যানথ্রাক্স এখনো সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। পর্যাপ্ত টিকাও মজুদ আছে।চট্টগ্রামের বাঁশখালী ও নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অ্যানথ্রাক্স সংক্রমণ হয়েছে কি না জানতে চাইলে মহাপরিচালক বলেন, ওই দুই উপজেলায় অ্যানথ্রাক্সের কারণে গরু মারা গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।