৯ জেলায় জামায়াতের ভাঙচুর, আগুন, পুলিশসহ আহত ৪৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা হরতাল শুরুর আগের দিন গতকাল শনিবার দেশের নয় জেলায় যানবাহন ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও আগুন দিয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এ সময় সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ অন্তত ৪৮ জন আহত হন। আটক করা হয়েছে অন্তত ৪০ জনকে।ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:সিলেট: বিকেল তিনটার দিকে জামায়াত-শিবিরের দুই শতাধিক নেতা-কর্মী নগরের আম্বরখানা মোড়ে জড়ো হয়ে মিছিল করার প্রস্তুতি নেন। কিন্তু মিছিল না করে তাঁরা তিন দলে ভাগ হয়ে ছড়িয়ে পড়েন। এঁদের অধিকাংশের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল। দরগাগেট এলাকায় বসুন্ধরা মোটরস শোরুমের সামনে এসে একটি দল হঠাৎ করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। একপর্যায়ে কয়েকজন শোরুমে ঢুকে আগুন দেন। এতে অন্তত ১৬টি মোটরসাইকেল পুড়ে যায়। পরে একটি ক্লিনিকসহ অন্তত ২০টি দোকান ভাঙচুর করা হয়। পূর্ব দরগাগেট এলাকায় সোনালী ব্যাংকের সামনে একটি পাজেরো জিপে আগুন দিয়ে এ দলটি ঘটনাস্থল ত্যাগ করে। অন্য দুটি দল পৃথকভাবে সুবিদবাজার ও শাহি ঈদগাহ এলাকায় গিয়ে প্রায় একই সময় পাঁচটি ব্যাংক, জীবন বীমা করপোরেশন, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স শাখাসহ শতাধিক ভবনে এলোপাতাড়ি ঢিল ছোড়ে। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই জামায়াত-শিবিরের কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় শিবিরের দুই কর্মীকে আটক করা হয়েছে। রাজশাহী: বেলা ১১টার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা নগরের রানীবাজার এলাকা থেকে ঝটিকা মিছিল বের করে রাস্তায় ইট ভেঙে অবরোধ করার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ তাঁদের ধাওয়া করলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে পুলিশ পিছু হটে। এ সময় ছবি তুলতে গেলে শিবিরের কর্মীরা স্থানীয় দুই পত্রিকার ফটোসাংবাদিক ও এসএ টিভির সাংবাদিককে বাধা দেন। অল্প সময়ের মধ্যে পুলিশের আরেকটি দল এসে শিবিরের কর্মীদের ধাওয়া দেয়। জামায়াত-শিবিরের কর্মীরা তখন ইটপাটকেল ও হাতবোমা ছুড়তে ছুড়তে অলোকার মোড়ের দিকে পালাতে থাকেন। এ সময় সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ২৫ জন আহত হন। এর আগে সকাল সাড়ে নয়টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে সন্দেহভাজন ২৫ জনকে আটক করে পুলিশ।খুলনা: সন্ধ্যার দিকে নগরের গল্লামারী থেকে জামায়াত-শিবিরের ৩৫-৪০ জন নেতা-কর্মী মিছিল নিয়ে নিরালা মোড়ের দিকে আসেন। ওই মোড়ে পুলিশ মিছিলে বাধা দেয়। এ সময় মিছিল থেকে পুলিশকে লক্ষ্য কয়েকটি হাতবোমা নিক্ষেপ করা হয়। এতে পুলিশের সদস্য মো. নুরুজ্জামান গুরুতর আহত হন। পুলিশ মিছিল লক্ষ্য করে গুলি ও রাবার বুলেট ছুড়লে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। নারায়ণগঞ্জ: বিকেল চারটর দিকে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের মাদানী নগর এলাকায় ঝটিকা মিছিল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুটি ট্রাক, একটি কাভার্ড ভ্যান ও পুলিশের এক কর্মকর্তার মোটরসাইকেলে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। এ ছাড়া বিআরটিসির অন্তত তিনটি বাস ভাঙচুর করা হয়। এ সময় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ হয়। একপর্যায়ে পুলিশ গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।কুমিল্লা: সকাল সোয়া নয়টার দিকে জামায়াত-শিবির লাঠিসোঁটা নিয়ে প্রথমে কান্দিরপাড়ে পূবালী ব্যাংকের এটিএম বুথ ভাঙচুর করে। এরপর তারা নগরের রামঘাট এলাকার একটি হাসপাতালে হামলা চালায়। পরে লাকসাম সড়কের একটি মাদ্রাসার সামনে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ও ভ্যান ভাঙচুরের চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে জামায়াত-শিবিরের কর্মীরা দৌলতপুর রেলক্রসিং পার হয়ে ছায়াবিতান এলাকা দিয়ে পালিয়ে যান। চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কয়েকটি এলাকায় তিনটি গাড়ি ভাঙচুর করা হয় ও দুটি গাড়িতে আগুন দেওয়া হয়। চট্টগ্রাম: বাঁশখালীর নাপুড়া এলাকায় একটি বেইলি সেতুর পাটাতন উপড়ে ফেলার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির ইকবাল বিজিবি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় জামায়াত-শিবিরের অন্তত এক হাজার নেতা-কর্মী মিছিল নিয়ে সেখানে আসেন। একপর্যায়ে তাঁরা বিজিবির সদস্য ও ইউএনওকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিজিবির সদস্যরাও মিছিলকারীদের গুলি করতে উদ্যত হলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।মিরসরাইয়ে সকাল সাড়ে আটটার দিকে মিছিল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১০টি যানবাহন ভাঙচুর করা হয়। পুলিশ শিবিরের সাত কর্মীকে আটক করেছে। বগুড়া: বগুড়া শহরের তিনমাথা রেলগেট এলাকায় সন্ধ্যার পর রংপুরগামী বিআরটিসির একটি বাসে আগুন ধরিয়ে দেন জামায়াত-শিবিরের কর্মীরা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।মংলা (বাগেরহাট): মংলা থানার ওসি মুনীর উল গিয়াস জানান, দুপুরে জামায়াত-শিবিরের একটি মিছিল তাজমহল সড়কে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশের দুই সদস্যসহ জামায়াত-শিবিরের ২২ নেতা-কর্মী আহত হন। দুই কর্মীকে আটক করা হয়েছে। ঝিনাইদহ: বৃহস্পতিবার জামায়াত-শিবিরের সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলার বিভিন্ন স্থান থেকে ৩৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সহিংসতার ঘটনায় মামলা: সহিংসতার ঘটনায় সাতক্ষীরার বিভিন্ন থানায় চারটি মামলা করেছে পুলিশ। এসব মামলায় ৩৪ হাজার ৫০০ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া হত্যা, বাড়ি, দোকান ভাঙচুরের অভিযোগে আরও চারটি মামলা হয়। এসব মামলায় ১২ হাজার ৫৮০ জনকে আসামি করা হয়েছে। এসব ঘটনায় জেলা জামায়াতের নায়েবে আমির রবিউল ইসলামসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। যশোরে কোতোয়ালি থানায় তিনটি মামলা হয়েছে। মামলায় জামায়াত-শিবিরের ১০০ জনের নাম উল্লেখসহ ৩০০ জনকে আসামি করা হয়। এ ছাড়া মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় গত বৃহস্পতিবারের সহিংসতার ঘটনায় জামায়াত-শিবিরের তিন হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলায় ৩০ জনের নাম উল্লেখ করা হয়েছে।ত্রিশাল (ময়মনসিংহ): ত্রিশাল উপজেলা সদরে সন্ধ্যার পর শিবির হরতালের সমর্থনে মিছিল বের করলে পুলিশ ধাওয়া করে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে সেখান থেকে দুজনকে আটক করা হয়।