৯ ডিসেম্বর গাড়ি বের করবেন না
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘৯ ডিসেম্বর ১৮ দলের রাজপথ অবরোধ কর্মসূচি। তাই দয়া করে কেউ গাড়ি বের করবেন না।’আজ বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে ‘গণতন্ত্র মুক্তি দিবস’ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে ফখরুল এই আহ্বান জানান। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন হয়েছিল। ওই দিনটিকে এ বছর ‘গণতন্ত্র মুক্তি দিবস’ হিসেবে পালন করে বিএনপির নেতৃত্বাধীন বিরোধী জোট।সমাবেশে মির্জা ফখরুল বলেন, ‘বিশ্বব্যাংকের বিশেষ দল অসন্তুষ্ট হয়ে ফিরে গেছে। এক বছরের বেশি সময় ধরে বিশ্বব্যাংকের সঙ্গে মন্ত্রী ও প্রধানমন্ত্রীর আত্মীয়স্বজনের দুর্নীতি নিয়ে টানাহেঁচড়া চলছে। আমরা দাবি জানিয়েছিলাম দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম প্রকাশ করতে, কিন্তু সরকার তা করল না। আজ নাম বেরিয়ে এসেছে। সেদিন প্রধানমন্ত্রী আবুল হোসেনকে দেশপ্রেমিক বলেছিলেন। আজ প্রমাণিত হয়েছে আবুল হোসেন চোরের রাজা।’ মির্জা ফখরুলের অভিযোগ, পদ্মা সেতু প্রকল্পের ঘুষের টাকা আবুল হোসেনের মাধ্যমে বিদেশে পাচার হয়েছে। এ কারণেই দুর্নীতি দমন কমিশন আবুল হোসেনের নামে মামলা করতে চায় না। টিআইয়ের দেওয়া প্রতিবেদনের কথা উল্লেখ করে বিএনপির মুখপাত্র বলেন, ‘সরকার আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত। কোন দিকে দুর্নীতি নেই তা খুঁজতে মাইক্রোস্কোপ লাগাতে হবে।’আওয়ামী লীগ সরকারকে ‘স্বৈরাচার’ আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘পুরোনো স্বৈরাচার, নতুন স্বৈরাচার, ফ্যাসিস্ট এক হয়ে জনগণের ওপর চেপে বসেছে। গণতন্ত্র, ডিজিটাল বাংলাদেশ, দিনবদলের কথা বলে এই সরকার মানুষের বুকে জগদ্দল পাথরের মতো চেপে বসেছে।’ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানান মির্জা ফখরুল।সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য তাসনিম আলম প্রমুখ বক্তব্য দেন। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম।