৯ ডিসেম্বর রাজপথ অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৯ ডিসেম্বর রাজপথ অবরোধসহ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। আজ বুধবার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এ ঘোষণা দেন। ১৮ দলের নতুন কর্মসূচির মধ্যে রয়েছে: ৬ ডিসেম্বর গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে সারা দেশে সভা-সমাবেশ, ৯ ডিসেম্বর সব উপজেলা, পৌরসভা ও জেলা সদরে রাজপথ অবরোধ, ২৩ ডিসেম্বর সরকারের দুর্নীতি-দুঃশাসনের প্রতিবাদে গণবিক্ষোভ ও ২৬ ডিসেম্বর সারা দেশে গণসংযোগ। ঢাকায় গণসংযোগে নেতৃত্ব দেবেন খালেদা জিয়া। এ ছাড়া ১২ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত জোটভুক্ত দলগুলো বিজয়ের মাস উপলক্ষে নিজ নিজ কর্মসূচি পালন করবে। সমাবেশে কর্মসূচি ঘোষণা করে খালেদা জিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার যদি এসব কর্মসূচিতে বাধা দেয় বা কোনো রকম নির্যাতন-নিপীড়নের চেষ্টা চালায়, তাহলে হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে।বিএনপির চেয়ারপারসন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে বলেন, ‘আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য ১৭৩ দিন হরতাল করেছিল। আমরা করেছি মাত্র ১৩ দিন। দাবি না মানলে সেভাবেই জবাব দেওয়া হবে। প্রয়োজনে লাগাতার হরতালে যেতে হবে।’ লাগাতার আন্দোলনে যেতে ঘরে ঘরে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বিরোধীদলীয় নেত্রী।নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘তারা (সরকার) যদি মনে করে ভালো কাজ করেছে, তাহলে জনগণ তাদের সুযোগ দেবে; আমরা আপত্তি করব না। কিন্তু সে নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে, কোনো দলীয় সরকারের অধীনে নয়।’দুর্নীতি দমন কমিশনকে সরকারের পদলেহী মিথ্যাবাদী সংস্থা আখ্যা দিয়ে বিএনপির নেতা বলেন, এর নাম ‘মিথ্যাবাদী কমিশন’ রাখা উচিত। খালেদা জিয়ার অভিযোগ, কুইক রেন্টাল ও পদ্মা সেতু দুর্নীতি, শেয়ারবাজার লুণ্ঠন, ডেসটিন ও হল-মার্ক কেলেঙ্কারির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করে সরকার দেশকে দেউলিয়া করে ফেলেছে। কারা, কোথায়, কত টাকা পাচার করছে, তা জানা আছে উল্লেখ করে তিনি বলেন, সময়মতো তথ্য-প্রমাণ দেওয়া হবে। সরকারের দুর্নীতির কারণেই পদ্মা সেতু হতে পারেনি বলে দাবি করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দুটি পদ্মা সেতু করা হবে। এ সরকারকে সব দিক থেকে ব্যর্থ উল্লেখ করে খালেদা জিয়া বলেন, বাংলাদেশে প্রতিনিয়ত বেকারত্ব বাড়ছে, দ্রব্যমূল্য বাড়ছে। সরকার মিথ্যা কথা বলে যাচ্ছে। এমনকি প্রধানমন্ত্রী নিজেও মিথ্যাচার করছেন। খালেদা জিয়া প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘তিনি যদি সত্যি না বলেন, মানুষ তাহলে কার ওপর বিশ্বাস করবে। শেখ হাসিনার সত্য বলার সাহস নেই। এই সরকার জনগণের জন্য বোঝা হয়ে গেছে। মানুষ আল্লাহ, ভগবান, ঈশ্বরকে ডাকছে; আর বলছে, “আমরা বাঁচতে চাই।” বিএনপি ক্ষমতায় গেলে কর্মসংস্থান সৃষ্টি করা হবে।’খালেদা জিয়া আরও বলেন, বিএনপি কাজ করে আর আওয়ামী লীগ এসে সেই নামফলক ফেলে দিয়ে নিজেদের নামফলক বসায়। কিন্তু কাজ করতে পারে না। ক্ষমতায় গেলে এসব মিথ্যা নামফলক রাখা হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন। বিকেল সোয়া চারটা থেকে প্রায় ৫০ মিনিটের বক্তব্যে সরকারের সমালোচনার পাশাপাশি বিএনপির কিছু পরিকল্পনাও তুলে ধরেন খালেদা জিয়া। তিনি বলেন, আগামী দিনে বিএনপির নেতৃত্বাধীন জোট ক্ষমতায় গেলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা হবে। গ্রামে গ্রামে উন্নয়ন করা হবে।বর্তমান সরকারের আমলে বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে গেছে অভিযোগ করে খালেদা জিয়া বলেন, ‘অর্থমন্ত্রী এ জন্য ড. মুহাম্মদ ইউনূসকে দায়ী করেছেন। ড. মুহাম্মদ ইউনূসকে দায়ী করে লাভ নেই। বরং ড. ইউনূস ভালো কাজের জন্য পুরস্কৃত হয়েছেন, সারা বিশ্বে বাংলাদেশের সুনাম বাড়িয়েছেন।’সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকঢোল পিটিয়ে, বাঁশি বাজিয়ে জোটের নেতা-কর্মীরা নয়াপল্টন এলাকায় আসতে শুরু করেন। দুপুর ১২টার পর নেতা-কর্মীদের সমাগম বাড়তে থাকে। ঢাকার আশপাশের এলাকা ছাড়াও নোয়াখালী, ঝালকাঠিসহ বিভিন্ন জেলা থেকে নেতা-কর্মীরা এ সমাবেশে যোগ দেন।নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পশ্চিমে নাইটিঙ্গেল মোড় এবং পূর্ব দিকে ফকিরাপুল পর্যন্ত এলাকায় মাইক ব্যবহার করা হয়। কিন্তু নির্ধারিত এই এলাকার বাইরেও ছড়িয়ে-ছিটিয়ে ছিলেন বিরোধী জোটের হাজার হাজার নেতা-কর্মী। বিএনপির কার্যালয়কে কেন্দ্র করে পশ্চিম দিকে কাকরাইল মসজিদ মোড়, পূর্ব দিকে নটর ডেম কলেজ এবং দক্ষিণে পুরানা পল্টন ও দৈনিক বাংলা মোড় পর্যন্ত রাস্তা ও অলিগলিতে নেতা-কর্মীদের বিচ্ছিন্নভাবে অবস্থান নিতে দেখা যায়। দুপুরের পর থেকেই এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।বেলা দেড়টার দিকে সমাবেশ শুরু হয়। সমাবেশে বেলা সোয়া তিনটার দিকে যোগ দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সমাবেশের শুরুতে আশুলিয়ায় নিহত পোশাককর্মী ও চট্টগ্রামে উড়াল সড়ক ধসে নিহত ব্যক্তিদের জন্য দোয়া করা হয়। পরে সমাবেশ চলাকালে তাঁদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।