৯ তলার অনুমোদন নিয়ে ভবন উঠে গেছে ১২ তলা
রাজধানীর গুলশানের নিকেতনে ৯ তলার অনুমোদন নিয়ে ১২ তলা বাড়ি তুলেছেন আওয়ামী লীগের নেতা সাবেক সাংসদ ডা. এইচ বি এম ইকবাল। সেখানে এই উচ্চতার আর কোনো বাড়ি নেই। স্ত্রী মমতাজ বেগমের নামে অনুমোদিত নকশার সঙ্গে নির্মিত বাড়িটির অনেক অমিল। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অবৈধ অংশ ভেঙে ফেলতে তিন দফায় নোটিশ দিলেও বাড়ির মালিক কোনো জবাব দেননি। ২০১০ সালের ২২ আগস্ট নিকেতন ‘এ’ ব্লকের ১ নম্বর সড়কের ২৫ নম্বর প্লটে একটি ৯ তলা বাড়ির নকশা অনুমোদন করে রাজউক। কিন্তু ১১ তলা নির্মিত হয়ে যাওয়ার পরই কেবল নোটিশ দেয় সংস্থাটি। তবে বারবার নোটিশ দেওয়া হলেও ডা. ইকবাল বা তাঁর স্ত্রী জবাব দেননি। দায়িত্বশীল সূত্রমতে, ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা হওয়ায় রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বাড়িটির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না। শুধু এই বাড়ি নয়, গুলশান অ্যাভিনিউতে নকশার অনুমোদন ছাড়াই ১৮ তলা বাড়ি নির্মাণ করেছেন ডা. ইকবাল। তবে ওই বাড়ির নকশা আছে বলে দাবি করে তিনি একসময় বলেছিলেন, এতে বাড়তি ‘মাত্র তিনটি তলা’ তোলা হয়েছে। এ ছাড়া নিকেতনে ১৫ কাঠা জমিতে তাঁর আরও একটি ১০ তলা বাড়ি হচ্ছে। এই বাড়িটির নির্মাণকাজের জন্য প্লটের পাশের রাস্তাটি ভেঙে যানবাহন ও জন চলাচল বিঘ্নিত হচ্ছে প্রায় পাঁচ মাস ধরে। নিকেতনে ৯ তলার অনুমোদন নেওয়া বাড়িটি নকশা অমান্য করে ১১ তলা পর্যন্ত তোলার পর গত বছরের ৯ মে রাজউক প্রথম নোটিশ দেয়। এতে বাড়তি অবৈধ অংশ ভেঙে ফেলার অনুরোধ জানানো হয়। দ্বিতীয় বা চূড়ান্ত নোটিশ দেওয়া হয় ২১ জুন। এতে কাজ না হওয়ায় সর্বশেষ গত ১৪ মার্চ তাগিদপত্র দেওয়া হয়। এরপর প্রায় আট মাস চলে গেলেও রাজউক এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি।রাজউক সূত্র জানায়, শুধু বাড়তি তলা নয়, নকশার ব্যত্যয় করা হয়েছে বাড়ির চারদিকে বাড়তি জায়গা রাখা নিয়েও। গত মঙ্গলবার এলাকায় গিয়ে দেখা যায়, ১২ তলার ছাদ ঢালাইয়ের কাজ শেষ। কাজ দেখভালের দায়িত্বে থাকা মো. বাবুল দাবি করেন, নকশা অনুযায়ী বাড়ি নির্মিত হচ্ছে। মঙ্গলবারই যুক্তরাষ্ট্রে অবস্থানরত ডা. ইকবালের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বাড়িটির ১০ তলা পর্যন্ত অনুমোদন আছে। আমি ১১ তলার পর ওপরে আংশিক স্থাপনা নির্মাণ করেছি। বাড়তি তলার সংশোধিত নকশা (রিভাইজ্ড প্ল্যান) অনুমোদনের জন্য রাজউকে জমা দেওয়া হয়েছে।’এ কথার সত্যতা যাচাই করতে রাজউকের সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করা হলে তাঁরা এ ধরনের কোনো আবেদন পাননি বলে জানান। নাম প্রকাশে অনিচ্ছুক রাজউকের কয়েকজন কর্মকর্তা বলেন, আগেই অবৈধ বাড়তি তলা নির্মাণ করে পরে মামলা বা অন্য উপায়ে সময় পার করা ডা. ইকবালের একটি ‘স্টাইল’। কখনোই নিয়মের তোয়াক্কা নেই!: ডা. ইকবাল গুলশান অ্যাভিনিউতে অনুমোদন ছাড়াই ‘প্রিমিয়ার স্কয়ার’ নামে ১৮ তলা বাণিজ্যিক ভবন নির্মাণ করেছেন। কাগজে-কলমে এটির মালিক ইকবালের স্ত্রী মমতাজ বেগম। রাজউক ব্যবস্থা নিতে গেলে ইকবাল মামলা করেন। এ ঘটনা বছর তিনেক আগের। রাজউক বলছে, মামলার কারণে ভবনটির বিষয়ে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। রাজউক সূত্র জানিয়েছে, তাদের কাছে প্রিমিয়ার স্কয়ারের কোনো নকশাই নেই। রাজউকের পরিচালক (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) শেখ আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ‘অনেক আগেই অনুমোদিত নকশা চাওয়া হলেও তা আমলেই নেওয়া হয়নি। পরে রাজউক তিন দফায় নোটিশ দিয়ে নকশা চাইলে তারও কোনো জবাব দেওয়া হয়নি। এই ভবনের ফাইলই পাওয়া যাচ্ছে না।’ মঙ্গলবার ডা. ইকবালের কাছে প্রিমিয়ার স্কয়ারের বিষয়টি জানতে চাইলে তিনি এড়িয়ে যান। নিকেতন ‘এ’ ব্লকের ২ নম্বর সড়কে পাশাপাশি তিনটি প্লটে ডা. ইকবাল আরেকটি বহুতল ভবন নির্মাণ করছেন। এর নির্মাণকাজের কারণে জুলাইয়ের শুরুতে ৩০ ফুট চওড়া রাস্তার ভবনসংলগ্ন অংশের প্রায় পুরোটাই ধসে যায়। ঢাকা উত্তর সিটি করপোরেশন রাস্তা মেরামতের জন্য ডা. ইকবালকে দুই দফায় চিঠি দিলেও তাতে কোনো কাজ হয়নি। এ বিষয়ে গত ২ সেপ্টেম্বর প্রতিবেদন তৈরির সময় ডা. ইকবাল প্রথম আলোর প্রতিবেদককে বলেছিলেন, এক মাসের মধ্যে রাস্তা মেরামতের কাজ ধরে দুই সপ্তাহের মধ্যে শেষ করবেন। কিন্তু দুই মাসেরও বেশি চলে গেলেও রাস্তা মেরামতের কাজ শুরুই করা হয়নি। মঙ্গলবার ডা. ইকবাল বলেন, রাস্তা মেরামতের ব্যবস্থা হয়ে গেছে। ঈদের জন্য দেরি হয়েছে বলে দাবি করেন তিনি। নিকেতন সোসাইটির সভাপতি হাবিব আহসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ইকবাল সাহেব রাস্তাটি মেরামত করবেন বলে বারবার আশ্বাস দিয়েও ঝুলিয়ে রেখেছেন। এতে এলাকাবাসীর খুবই সমস্যা হচ্ছে। তবে ক্ষতিগ্রস্ত পয়োলাইন মেরামত করা হয়েছে।’