৯ তলার অনুমোদন নিয়ে ২২ তলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার গুলশান-১ নম্বর গোলচত্বরের কাছে ২২ তলা জব্বার টাওয়ার। এর মাত্র নয়তলা পর্যন্ত অনুমোদন আছে। বাকি ১৩ তলা অবৈধ। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদনহীন ভবনের তালিকায়ও জব্বার টাওয়ারের নাম আছে। ভবনের মালিক জাতীয় পার্টির সাতক্ষীরা-২ আসনের সাংসদ এম এ জব্বার ও তাঁর ভাই এম এ গফ্ফার।গুলশান এভিনিউয়ের ১৩৫ নম্বর সড়কের ৪২ নম্বর প্লটে ১৩ কাঠা জমির ওপর নির্মিত ভবনের উচ্চতা ২২০ ফুট। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিধি অনুসারে গুলশান এভিনিউ এলাকায় ১৫০ ফুটের (১৫ তলা) বেশি উঁচু ভবন নির্মাণ করা যায় না। ২০০৭ সালে এর নির্মাণকাজ শেষ হয়। যোগাযোগ করা হলে সাংসদ এম এ জব্বার প্রথম আলোকে বলেন, রাজউক নয়তলা পর্যন্ত অনুমোদন দিয়েছে। তবে পরে তিনি সংশোধিত নকশা জমা দিয়ে ২২ তলা করার অনুমোদন চান। তিনি বলেন, ‘নিয়ম অনুযায়ী আবেদনপত্র জমা হওয়ার ৪৫ দিনের মধ্যে আবেদনকারীকে অনুমোদন পাওয়া বা না পাওয়ার বিষয়ে জানাতে হয়। কিন্তু রাজউক এ সময়ের মধ্যে কিছু জানায়নি। তাই ধরে নেওয়া যায়, ২২ তলার অনুমোদন পাওয়া গেছে, তাদের কোনো আপত্তি নেই। তাই আমি ২২ তলা করেছি।’সাংসদের এই বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা বলেন, এটা তো কোনো যুক্তি হতে পারে না। তাই যদি হতো, তাহলে তো লোকজন কেবল অনুমোদনের আবেদন করেই উঁচু উঁচু ভবন বানিয়ে ফেলত।রাজউক সূত্র জানায়, ভবন নির্মাণের দুই বছর পর সর্বশেষ গত বছরের ২৮ এপ্রিল ২২ তলা ভবনের নকশা অনুমোদনের জন্য এম এ জব্বার রাজউকে আবেদন করেন। বিষয়টি তিনি গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিকেও অবহিত করেন। কমিটি জানতে চাইলে রাজউক জানিয়েছে, বিধান অনুযায়ী আবেদনটি বিবেচনা করার সুযোগ নেই। সাংসদ জব্বার প্রথম আলোকে জানান, সম্প্রতি তিনি আবারও সংসদীয় কমিটির কাছে অভিযোগ করেছেন, আবেদনপত্রের সঙ্গে জমা দেওয়া কিছু কাগজপত্র রাজউক থেকে খোয়া গেছে। হয়তো তাই তাঁর নকশা অনুমোদন হচ্ছে না।এম এ জব্বার অভিযোগ করেন, জোট সরকারের সময়ে তিনি নয় তলা ভবনের নকশা অনুমোদন করাতে গেলে রাজউকের তিন কর্মকর্তা তাঁকে ২২ তলার জন্য ফি জমা দেওয়ার পরামর্শ দেন। তিনি তাতে রাজি না হয়ে নির্ধারিত ৪৬ হাজার টাকা জমা দেন। পরে সংশোধিত নকশায় তিনি ২২ তলার অনুমোদনের জন্য ৬৮ হাজার টাকা জমা দেন। কিন্তু তাঁর ফাইল থেকে কাগজপত্র সরিয়ে নেওয়া হয়। রাজউকের লোকজন তাঁর কাছে মোটা অঙ্কের টাকা চেয়েছিল বলেও তিনি দাবি করেন। এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাজউকের চেয়ারম্যান বলেন, ‘যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে বলে অভিযোগ আসে, তাহলে আমরা তা খতিয়ে দেখব।’ রাজউকের নথিতে দেখা যায়, এম এ জব্বার ও এম এ গফ্ফার ২০০৪ সালের ২১ জানুয়ারি নয় তলা ভবন নির্মাণের আবেদন করেন। ২০০৫ সালের ২৭ অক্টোবর ১৫ তলা বাণিজ্যিক ভবন তৈরির জন্য আবেদন করেন। ২০০৬ সালের ৭ ডিসেম্বর রাজউকের বিসি কমিটিতে (বিল্ডিং কনস্ট্রাকশন) আবেদন উপস্থাপন করা হয়। কিন্তু অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণ করায় কমিটি ইমারত নির্মাণ আইন অনুযায়ী আবেদনকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়। এর আগেই নকশা না মেনে ভবন নির্মাণের কারণে ২০০৫ সালের ২৭ নভেম্বর, ২০০৬ সালের ২৩ জুলাই এবং একই বছরের ৯ আগস্ট তিন দফায় নোটিশ দেওয়া হয় ভবন মালিককে। মালিকদের আবেদনের পর ২০০৭ সালের ২৮ জুন আবারও বিসি কমিটিতে তা পর্যালোচনা করা হয়। কমিটি ১৫ তলা ভবনের অনুমোদন হওয়ার আগেই নির্মাণকাজ করা এবং নির্মাণ ত্রুটির কারণে নকশা অনুমোদন না করার সিদ্ধান্ত জানায়। ওই বছরের ১০ জুলাই আবেদনকারী রাজউকের আপিল কর্তৃপক্ষের কাছে ২২ তলা ভবনের নকশা অনুমোদনের জন্য দাখিল করেন। কিন্তু আবেদনের সঙ্গে কোনো নকশা ফি বা জমার রসিদ দেওয়া হয়নি। ২ সেপ্টেম্বর আপিল বিভাগ তাদের আবেদন নাকচ করে দেয়। কিন্তু মালিকপক্ষ ২২ তলা ভবন নির্মাণের কাজ চালিয়ে যায়। পরবর্তী সময় রাজউক অবৈধ ভবন ভেঙে ফেলার নোটিশ দিলে মালিকপক্ষ তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট আবেদন করে। হাইকোর্ট প্রথমে তিন মাস এবং পরে ২০০৮ সালের ১৩ অক্টোবর মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাজউকের নোটিশ স্থগিত করেন। রাজউকের চেয়ারম্যান বলেন, এ ধরনের মামলার কারণে অনেক অনুমোদনহীন ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। তিনি বলেন, এ ধরনের মামলার বিষয়ে একটি বিশেষ বেঞ্চ গঠনের জন্য ২৯ জুন পূর্ত মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে রাজউক। এমন বেঞ্চ গঠন হলে অনুমোদনহীন বা ঝুঁকিপূর্ণ ভবনের বিরুব্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।সাংসদ এম এ জব্বার স্বীকার করেছেন, নয় তলার ওপরের বিভিন্ন তলা বা স্পেস বিক্রি, বিক্রির জন্য বায়না করা ও ভাড়া দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জব্বার টাওয়ারে গিয়ে দেখা যায়, তিন তলা পর্যন্ত বিপণিবিতান। চার তলায় মালিক পক্ষের কার্যালয়। সেখানে উপস্থিত কর্মকর্তা হাবিবুর রহমানও জানান, ওপরের কয়েকটি তলা বিক্রি ও ভাড়া দেওয়া হয়েছে। এখনো কয়েকটি তলা খালি আছে। ১০ তলায় আছে মিডওয়ে সিকিউরিটি সার্ভিস এবং ১৭ তলায় ব্যাংক অ্যাসোসিয়েশনের দপ্তর। এম এ জব্বার জানান, ১৭ তলা বিক্রির জন্য তিনি বায়না করেছেন। সাংসদ এম এ জব্বার বলেন, বিমান ওঠানামায় তাঁর ২২ তলা ভবন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করছে না। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, উন্নত বিশ্ব থেকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের শিক্ষা নেওয়া উচিত। সাংসদ জব্বার বলেন, ‘একটি তলা বিক্রি করলে ১০ কোটি টাকা পাব। সরকার কর পাবে দুই কোটি টাকা। রাজউকের এটা বোঝা উচিত।’ সাংসদ জব্বার রাজধানীর অভিজাত সুন্দরবন হোটেলেরও মালিক।