৯ পুলিশ সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর তিন ফটোসাংবাদিককে পেটানোর ঘটনায় শেরেবাংলা নগর থানার পুলিশের একজন উপ পরিদর্শক, দুজন সহকারী উপপরিদর্শক ও ছয়জন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া শেরেবাংলা নগর থানার তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার শহীদুল ইসলামকে ক্লোজ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।আজ শনিবার গণসংযোগ শাখার অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলো ডটকমকে এ কথা জানিয়েছেন। সাংবাদিকদের পেটানোর ঘটনায় ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার শাহাবুদ্দিন কোরেশিকে প্রধান করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের উপ পরিদর্শক হলেন জহির, দুজন সহকারী উপপরিদর্শক হলেন শফিক ও নাজমুল। কনস্টেবল ছয়জন হলেন মতিউর, রাজ্জাক, শাহজাহান, জয়নাল, রতন ও জাহাঙ্গীর।সকালে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশের কিল, ঘুষি ও বেধড়ক লাঠিপেটায় প্রথম আলোর তিন ফটোসাংবাদিক আহত হয়েছেন। আহত ফটোসাংবাদিকেরা হলেন খালেদ সরকার, সাজিদ হোসেন ও জাহিদুল করিম। তাঁদেরকে প্রথমে পঙ্গু হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।এই ঘটনায় প্রথম আলোর সাংবাদিকেরা শেরে বাংলা নগর থানায় মামলা করতে যান। কিন্তু পুলিশ মামলা নেয়নি।