হাইকোর্ট অঙ্গহানি ঘটিয়ে শিশু নিয়ামুলকে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করার ঘটনায় তদন্তের অগ্রগতি জানাতে বলেছেন। আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে এ-সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে তদন্তের দায়িত্ব পাওয়া র্যাব কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। সকালে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন। একই সঙ্গে আদালত ভিক্ষাবৃত্তিতে বাধ্য করার ঘটনা-সংক্রান্ত তথ্যাদি এ সময়ের মধ্যে সংশ্লিষ্টদের জানাতে বলেছেন।আজ আইন ও সালিশ কেন্দ্র, ব্লাস্ট ও ব্র্যাক ব্যাখ্যাদানকারী হিসেবে পক্ষভুক্ত হওয়ার আবেদন জানান। আদালত তাদের আবেদন মঞ্জুর করেছে। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এলিনা খান প্রথম আলোকে বলেন, র্যাব কর্মকর্তা এসপি বাতেন ১৮ জানুয়ারি এ ঘটনা তদন্ত করার দায়িত্ব পান। নিয়ামুলের ঘটনায় তদন্তের কী অগ্রগতি, আদালত সেটি ৯ ফেব্রুয়ারির মধ্যে জানাতে বলেছেন। এ ছাড়া সারা দেশে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা সম্পর্কে তথ্যপ্রমাণ থাকলে সংশ্লিষ্টদের এ সময়ের মধ্যে জানাতে বলা হয়েছে।গত ৩০ ডিসেম্বর ‘শিশুদের পঙ্গু করে নামানো হচ্ছে ভিক্ষায়’ শিরোনামে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এলিনা খান এ নিয়ে তিনটি দৈনিকের প্রতিবেদন ২ জানুয়ারি আদালতের নজরে আনেন। ওই প্রতিবেদন পর্যালোচনা করে আদালত ২ জানুয়ারি স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। একই সঙ্গে মামলার তদন্ত ও অগ্রগতি জানাতে কামরাঙ্গীরচর ও কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তদন্তকারী কর্মকর্তাকে হাইকোর্টে হাজির হতে নির্দেশ দেন। নিয়ামুল ও তার বাবা এবং ওই ঘটনার বর্ণনার জন্য র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম সোহায়েল হোসেনকেও হাজির হতে বলা হয়। ৯ জানুয়ারি র্যাব ও পুলিশ কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা হাইকোর্টে হাজির হন।ওই দিন আদালত রাজধানীর রাস্তায় ভিক্ষাবৃত্তি বন্ধ করার নির্দেশ দেন। এ ব্যাপারে পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে ব্যবস্থা নিতে বলা হয়।