৯ বছর পর বদলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুকের দাবিতে শ্বশুরবাড়ির লোকজনের চালানো নির্যাতন সইতে পারেননি গৃহবধূ রচনা। একপর্যায়ে আত্মহত্যার পথ বেছে নেন। তাঁর ছোট ভাই বিজয় কুমার তা মেনে নিতে পারেননি। কিন্তু কিশোর বিজয়ের তখন কিছুই করার ছিল না। নয় বছর পর বড় হয়ে ভগ্নিপতি ও বোনের শাশুড়িকে হত্যা করে সেই বদলা নিলেন তিনি।গত বুধবার রাতে দিল্লি পুলিশের কনস্টেবল বিজয় কুমার (২৪) গুলি করে তাঁদের হত্যার মাধ্যমে এই বদলা নেন বলে আজ শুক্রবার টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়। দিল্লির আলীপুরের খামারবাড়ি এলাকার বাইরে এ ঘটনা ঘটে। পরে অবশ্য বিজয়ও আত্মহত্যা করেন।খবরে বলা হয়, যৌতুকের দাবিতে শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতন সইতে না পেরে ২০০৩ সালে বিষ খেয়ে আত্মহত্যা করেন রচনা। তখন বিজয় ছিলেন ১৫ বছরের কিশোর। বোনের মৃত্যু কিশোর বিজয়ের হূদয়ে গভীর দাগ কাটে। বদলা নেবেন বলে পণ করেন। বড় হয়ে দিল্লি পুলিশের কনস্টেবল হিসেবে যোগ দেন তিনি। ২০১০ সালে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার দায়িত্ব পান। খবরে বলা হয়, বুধবার বোনের শ্বশুরবাড়ির লোকজনকে হত্যা করেন বিজয়। নিজের ৯ মিলিমিটারের রিভলবার থেকে পাঁচটি গুলি ছোড়েন তিনি। এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ভগ্নিপতি মনোজ কুমার চৌহান (৩৬) ও বোনের শাশুড়ি প্রকাশী দেবী (৬২)। পরে বিজয়ও গুলি ছুড়ে আত্মহত্যা করেন।স্কুলশিক্ষক মনোজের সঙ্গে রচনার বিয়ে হয়েছিল ২০০২ সালে। এর দেড় বছর পর আত্মহত্যা করেন রচনা। মনোজের পরিবারের দাবি, মা হতে না পাওয়ার হতাশা থেকে আত্মহত্যা করেন রচনা। আত্মহত্যার আগে সেটা নাকি লিখেও গেছেন তিনি। তবে বিজয়ের পরিবারের অভিযোগ, যৌতুকের দাবিতে নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা করতে বাধ্য হন রচনা। মনোজের বিরুদ্ধে যৌতুকের মামলা ঠুকে দেয় বিজয়ের পরিবার। শুরু হয় আইনি লড়াই। কিন্তু লড়াইয়ে জয় হয় মনোজের। ২০০৫ সালে আবারও শিক্ষকতায় ফিরে যান তিনি। এর দুই বছর পর বিজয়িতা নামের এক নারীকে বিয়ে করেন মনোজ।এলাকাবাসী ও দিল্লির পুলিশ জানায়, বুধবার রাত সোয়া নয়টার দিকে প্রকাশীর বাড়িতে যান বিজয়। তাঁর ছেলে মনোজের সঙ্গে দেখা করতে চান তিনি। মনোজের বাড়ি ছিল কাছেই। প্রকাশী নিজে সেখানে বিজয়কে নিয়ে যান। মায়ের ডাকে মনোজ ঘর থেকে বেরিয়ে এলে সঙ্গে সঙ্গে তাঁর বুকে দুটি গুলি করেন বিজয়। এরপর তিনটি গুলি ছোড়েন প্রকাশীকে লক্ষ্য করে। ঘটনাস্থলে মারা যান তিনি। মনোজ মারা যান হাসপাতালে নেওয়া পর।হত্যাকাণ্ডের পর বিজয় নিজেই ফোন করে পুলিশকে এ হত্যাকাণ্ডের কথা জানন। কিন্তু পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে পায়নি। রাত ১২টার দিকে বিজয়ের রক্তাক্ত লাশ পাওয়া যায় আলীপুর পুলিশ স্টেশনের কাছে। মাথায় গুলি করে আত্মহত্যা করেন বিজয়। হত্যাকাণ্ডে ব্যবহূত রিভলবারটা পাওয়া যায় তাঁর লাশের পাশে।