৯ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ
ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত দুই শিশুসহ নয় বাংলাদেশিকে বিডিআরের কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ রোববার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দানাজপুর সীমান্তে বিএসএফ ও বিডিআরের মধ্যকার এক পতাকা বৈঠকের পর তাদের ফেরত দেয় বিএসএফ।দিনাজপুর-২ রাইফেলস ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, হস্তান্তর করা বাংলাদেশিদের মধ্যে রয়েছেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কারুয়া ফতেহপুর গ্রামের মো. করিম (৪৫), কাশুয়া গ্রামের মো. ইসলাম (৩৮), হরিপুর গ্রামের রবিন চন্দ্র পাল (৪৩), সদর উপজেলার ভাউলার হাট গ্রামের পবেন সিং বর্মণ (৫৮) ও তাঁর স্ত্রী আশা সিং বর্মণ (৫০) এবং তাঁদের দুই সন্তান বলরাম সিং (৮) ও সবুজ সিং (৬), একই উপজেলার গড়েয়া মিলনপুর গ্রামের সুধীর বর্মণ (৫৫) ও মহেন্দ্রগাঁও গ্রামের যাদব বর্মণ (৪৭)।দিনাজপুর-২ রাইফেলস ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা মেজর মুনতাসীর প্রথম আলোকে বলেন, ভারতে বিভিন্ন মেয়াদে কারা ভোগের পর কারাদণ্ডের মেয়াদ শেষ হওয়ায় আজ তাদের ফেরত দেওয়া হয়েছে।