৯ ব্যাংকের কাছে টাকা চেয়ে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লা শহরের ১০টি প্রধান সড়কের সৌন্দর্যবর্ধনের জন্য নয়টি বেসরকারি ব্যাংকের কাছে ২০ হাজার টাকা করে চেয়েছে কুমিল্লা সিটি করপোরেশন। করপোরেশনের প্রশাসক মো. নাসির উদ্দিন আহমেদ স্বাক্ষরিত চিঠিতে এই টাকা চাওয়া হয়।গত বৃহস্পতিবার নগরের বিভিন্ন ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। নগর ভবনে গিয়েও এর সত্যতা মিলেছে। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন কুমিল্লার বিশিষ্ট ব্যক্তি ও নাগরিক সমাজের সদস্যরা।চিঠিতে বলা হয়েছে, ‘পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগরীর সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সড়ক রঙিন ফেস্টুন দিয়ে সজ্জিত করা আবশ্যক। এ বিষয়ে আপনার অংশগ্রহণ আমাদের কার্যক্রমকে সাফল্যমণ্ডিত করবে। অতএব নগরের বিভিন্ন সড়ক সজ্জিতকরণ কার্যক্রমে অংশগ্রহণের জন্য নবগঠিত সিটি করপোরেশনের পক্ষ থেকে আপনাকে অনুরোধ করা হলো।’চিঠিতে বলা হয়, গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, নগরের কান্দিরপাড়ের পূবালী ব্যাংক চত্বর থেকে টমছম ব্রিজ সড়ক সজ্জিত করবে পূবালী ব্যাংক কুমিল্লার প্রধান কার্যালয়, পূবালী চত্বর থেকে রানীর বাজার হয়ে বাদশা মিয়ার বাজার পর্যন্ত দ্য সিটি ব্যাংক লিমিটেড, পূবালী চত্বর থেকে পুলিশ লাইন মোড় পর্যন্ত এনসিসি ব্যাংক, পুলিশ লাইন মোড় থেকে শাসনগাছা রেলগেট পর্যন্ত মার্কেন্টাইল ব্যাংক, পুলিশ লাইন মোড় থেকে সার্কিট হাউস পর্যন্ত পূবালী ব্যাংক জেলা পরিষদ শাখা, শিল্পকলা একাডেমী থেকে কান্দিরপাড় পূবালী চত্বর পর্যন্ত ওয়ান ব্যাংক, কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের চারপাশ সজ্জিত করবে বাংলাদেশ কমার্স ব্যাংক, কান্দিরপাড় থেকে রাজগঞ্জ মোড় পর্যন্ত ইসলামী ব্যাংক, রাজগঞ্জ থেকে চকবাজার পর্যন্ত আইএফআইসি ব্যাংক ও রাজগঞ্জ থেকে শিল্পকলা একাডেমী পর্যন্ত আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেড।চিঠিতে লেখা হয়, ‘রঙিন ফেস্টুন বাবদ সম্ভাব্য ব্যয় ২০ হাজার টাকা।’সংশ্লিষ্ট সূত্রমতে, গত বুধবার বেলা তিনটায় কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে নয়টি ব্যাংকের ব্যবস্থাপকদের বৈঠক হয়। নগর ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে ব্যাংক ব্যবস্থাপকদের নগরের প্রধান সড়কগুলো ঈদ উপলক্ষে রঙিন ফেস্টুন দিয়ে সাজানোর জন্য বলা হয়। ব্যবস্থাপকেরা ওই বৈঠকে জানান, প্রধান কার্যালয়ের অনুমোদন পেলেই ওই কাজ করা তাঁদের পক্ষে সম্ভব হবে।সিটি ব্যাংক কুমিল্লা শাখার ব্যবস্থাপক শওকত মাহমুদ বলেন, ‘সিটি করপোরেশন কর্তৃপক্ষ গত বুধবার আমাদের ডেকে নেয়। এরপর তারা সড়কের সৌন্দর্যবর্ধন আমাদের নিজ উদ্যোগে করার অনুরোধ করে, অথবা এই বাবদ ২০ হাজার টাকা জমা দেওয়ার জন্য বলে। আমরা সময়ের স্বল্পতার কথা উল্লেখ করি, একই সঙ্গে ঢাকায় প্রধান কার্যালয়কে বিষয়টি জানাব বলে জানাই। আমি বৃহস্পতিবার ঢাকায় এ ব্যাপারে চিঠি পাঠিয়েছি। বিকেল চারটা পর্যন্ত কোনো সাড়া পাইনি।’এনসিসি ব্যাংক কুমিল্লা শাখার ব্যবস্থাপক ফারহাত আকতার শাহরিয়ার বলেন, ‘আমরা ঢাকা কার্যালয়ে ফ্যাক্স করে বৃহস্পতিবার সিটি করপোরেশনের আবেদনটি পাঠিয়েছি। ঢাকা কার্যালয় টাকা দেওয়ার অনুমোদন দিলেই আমরা ওই কাজ করতে পারব।’আরব বাংলাদেশ ব্যাংক কুমিল্লা শাখার ব্যবস্থাপক নাসির উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ‘আমরা প্রধান কার্যালয়ে চিঠি দিয়েছি। সেখান থেকে এখন পর্যন্ত সাড়া পাইনি।’প্রতিক্রিয়া: সৌন্দর্যবর্ধনের নামে সিটি করপোরেশনের প্রশাসকের এভাবে টাকা আদায়ের প্রক্রিয়াকে কুমিল্লার বিশিষ্ট ব্যক্তি ও নাগরিক সমাজের সদস্যরা ভালোভাবে দেখছেন না। তাঁরা বলেছেন, প্রশাসকের কাজ রুটিনওয়ার্ক, এর বাইরে আর কিছু নয়।সচেতন নাগরিক কমিটি কুমিল্লার আহ্বায়ক শাহ মো. আলমগীর খান প্রথম আলোকে বলেন, ‘প্রশাসক হিসেবে এভাবে ব্যাংক থেকে টাকা আদায় করা স্বচ্ছতার বহিঃপ্রকাশ নয়।’সুশাসনের জন্য নাগরিকের (সুজন) কুমিল্লার সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম বলেন, ‘সৌন্দর্যবর্ধনের নামে টাকা চাওয়ার বিষয়টি আমি কোনোভাবেই মানতে পারছি না। এ প্রক্রিয়া বন্ধ করা উচিত।’ কুমিল্লা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মাসুদ মজুমদার মনে করেন, কুমিল্লা সিটি করপোরেশনের ক্ষতবিক্ষত সড়ক মেরামতের আগে সড়ক সৌন্দর্যবর্ধনের নামে টাকা আদায় যুক্তিযুক্ত নয়। প্রশাসককে ওই সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। একই কথা বলেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কুমিল্লার সভাপতি নাজমুল আলম চৌধুরী নোমান।জানতে চাইলে সিটি করপোরেশনের সচিব সৈয়দ মো. আবুজর গিফরী বৃহস্পতিবার বিকেলে তাঁর দপ্তরে প্রথম আলোকে বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নগরের বিভিন্ন সড়ক সজ্জিত করার জন্য নয়টি ব্যাংককে ওই চিঠি দেওয়া হয়। এতে ব্যাংকগুলোকে রঙিন ফেস্টুন সজ্জিত বাবদ ২০ হাজার টাকা করে অনুদান দেওয়ার জন্য বলা হয়েছে।টাকা চাওয়ার বিষয়ে সিটি করপোরেশনের প্রশাসক নাসির উদ্দিন আহমেদ মুঠোফোনে বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে বলেন, ‘কুমিল্লা নগরকে তিলোত্তমা নগরে পরিণত করতে ওই সৌন্দর্যবর্ধন করা হচ্ছে। কথা উঠলে প্রয়োজনে টাকা নেওয়া বন্ধ করে দেব। আমার ব্যক্তিগত কোনো কাজে ওই সৌন্দর্যবর্ধন করা হবে না। নগরবাসীর জন্যই করা হবে। এ ব্যাপারে আপনাদের (সাংবাদিকদের) সহযোগিতা দরকার।’