৯ মামলা, কেন্দ্রীয় ১২ নেতাসহ তিন হাজার আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাকরাইল ও বিজয়নগর এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় জামায়াতে ইসলামীর ১২ জন কেন্দ্রীয় নেতাসহ দুই থেকে তিন হাজার নেতা-কর্মীকে আসামি করে নয়টি মামলা করা হয়েছে। গত সোমবার পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া ৩৩৫ জনকে গতকাল এ নয়টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তাঁদের মধ্যে ১৮৩ জনকে আদালতে পাঠিয়ে ১৯ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।ঢাকার বাইরে ২৩ স্থান থেকে গ্রেপ্তার হওয়া ১০৮ জনকে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকার নয়টি মামলা হয়েছে রাজধানীর রমনা ও পল্টন থানায়। এর মধ্যে পাঁচটি মামলার বাদী পুলিশ এবং চারটির বাদী ক্ষতিগ্রস্ত যানবাহনের মালিকেরা। মহানগর পুলিশ জানায়, নয়টির মধ্যে চারটি মামলায় গ্রেপ্তার করা ১৮৩ জনকে গতকাল আদালতে পাঠিয়ে ১৯ দিনের রিমান্ডে আনা হয়েছে। গ্রেপ্তার হওয়া জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক তাসনীম আলম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ইজ্জত আলী, আবদুর রব, জামায়াতে ইসলামীর মুখপত্র সংগ্রাম-এর সম্পাদক আবুল আসাদকেও রিমান্ডে আনা হয়েছে। সংগ্রাম সম্পাদককে গতকাল সকালে র‌্যাবের সদস্যরা মগবাজারের বাসা থেকে গ্রেপ্তার করেন। গতকাল বিভিন্ন মামলায় জামায়াতের আরও যেসব নেতাকে আসামি করা হয়েছে তাঁরা হলেন: জামায়াতের নায়েবে আমির মাওলানা এ কে এম ইউসুফ, এ কে এম নাজির আহমদ, আবদুস সোবহান, তিন সহকারী সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাক, মুজিবুর রহমান, শফিকুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান মীর কাশেম আলী, এ টি এম মাসুম, জামায়াতের ঢাকা মহানগর কমিটির আমির রফিকুল ইসলাম খান, সেক্রেটারি হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি নুরুল ইসলাম, মাওলানা আবদুল হালিম, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ফখরুদ্দিন মানিক, সেক্রেটারি দেলোয়ার হোসেন উল্লেখযোগ্য। গত সোমবার রাজধানী ঢাকা, বাণিজ্যনগর চট্টগ্রামসহ দেশের বেশ কটি জেলায় দলের পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচির সময় জামায়াত ব্যাপক গাড়ি ভাঙচুর করে। তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এতে পুলিশ সদস্যসহ শতাধিক ব্যক্তি আহত হয়। জামায়াত-শিবির ঢাকায় পুলিশের সাতটিসহ মোট ১৫টি গাড়িতে অগ্নিসংযোগ করে। ভাঙচুর করা হয় শতাধিক গাড়ি। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক তাসনীম আলম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ইজ্জত আলী, আবদুর রব, জামায়াতে ইসলামীর মুখপত্র দৈনিক সংগ্রাম-এর সম্পাদক আবুল আসাদসহ ৩৩৫ জনকে গ্রেপ্তার করে। গতকাল সকালে জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ডিবির জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন, কর্মীদের ঢাকার বাইরে থেকে আনা হয়েছিল। পরে দুপুরের দিকে ডিবি কার্যালয় থেকে তাঁদের প্রিজনভ্যানে করে আদালতে নেওয়া হয়। নয় মামলা: পুলিশের করা মামলার এজাহারে পুলিশের ওপর হামলা চালিয়ে আহত করা, সরকারি কাজে বাধা, গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগ ও বিস্ফোরক ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আবদুল জলিল মণ্ডল প্রথম আলোকে বলেন, নগরের কাকরাইলে ঘটনার সূত্রপাত। সেখান থেকে নৈরাজ্য বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। তাই এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা দায়ের হওয়া নয়টি মামলায় আসামি হবেন।দলীয় সূত্র জানায়, এক মাস ধরে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাক দেশের বাইরে আছেন। দলটির দাবি, দেশের বাইরে থাকলেও তিনি আসামি হলেন কীভাবে? এ বিষয়ে প্রশ্ন করলে অতিরিক্ত কমিশনার আবদুল জলিল মণ্ডল বলেন, জামায়াতের কেন্দ্রীয় নেতা আবদুর রাজ্জাককে হামলার নির্দেশদাতা হিসেবে আসামি করা হয়েছে। দেশের বাইরে থাকলেও তিনি দলীয় নেতা-কর্মীদের সংগঠিত করে এসব ঘটনা ঘটিয়েছেন।রিমান্ড: গতকাল রমনা মডেল থানা পুলিশ দ্রুত বিচার আইনে করা মামলায় জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামসহ ১১০ জনকে পাঁচ দিন এবং পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় ১১১ জনকে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে। মহানগর হাকিম সুনন্দ বাগচী দুটি মামলায় পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। একই আদালত পল্টন থানায় করা দ্রুত বিচার আইনে এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা দুটি মামলায় ওই ব্যক্তিদের প্রত্যেককে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত শুনানি শেষে যথাক্রমে একটি মামলায় তিন দিন ও অপরটিতে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল বিকেল সোয়া চারটার দিকে এ টি এম আজহারুল ইসলামসহ পাঁচ আসামিকে কাঠগড়ায় হাজির করে পুলিশ। আদালতে স্থান সংকুলান না হওয়ায় বাকি আসামিদের বাইরে বারান্দায় রাখা হয়। এ নিয়ে আসামিপক্ষের আইনজীবীরা আপত্তি জানিয়ে আদালতকে বলেন, আসামিদের রিমান্ড শুনানি করার ক্ষেত্রে ওই আসামির উপস্থিতিতে করতে হয়। এ ছাড়া মামলার তদন্তসংক্রান্ত কাগজপত্র আদালতের সামনে উপস্থাপন করতে হবে। মামলার তদন্তসংক্রান্ত কাগজপত্র (সিডি) আদালতে উপস্থাপন করা হয়েছে বলে রাষ্ট্রপক্ষ আদালতকে জানান। আইনজীবী আবদুর রাজ্জাক আদালতকে বলেন, আজহারুল ইসলামকে কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নির্যাতন করা হয়েছে বলে আইনজীবীরা দাবি করেন।আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার আদালতকে বলেন, মামলার এজাহার, পুলিশি প্রতিবেদন ছাড়া রিমান্ড শুনানি করতে পারেন না তাঁরা। জামায়াত ও বিএনপিপন্থী আইনজীবীদের আপত্তিতে আদালত রাষ্ট্রপক্ষকে রিমান্ড-বিষয়ক প্রতিবেদন সরবরাহ এবং সব আসামির আদালতে হাজির করার নির্দেশ দেন। বিচারক ২০ মিনিটের জন্য আদালতের কার্যক্রম মুলতবি করে এজলাস থেকে নেমে যান।বিকেল পাঁচটা ২০ মিনিটে বিচারক এজলাসে উঠে আসামিপক্ষে রিমান্ড বিষয়ে শুনানি করতে বলেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা ১৮৩ আসামিকে আদালতে হাজির করতে বলেন। তা না হলে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড শুনানি করবেন না বলে আদালতকে জানান। এ পর্যায়ে বিচারক সুনন্দ বাগচী সব আসামিকে আদালতে হাজির করার নির্দেশ দিয়ে নেমে যান। সন্ধ্যা পৌনে ছয়টায় আসামিদের আদালতে হাজির করা হয়। বিচারক এজলাসে ওঠার পরপরই আসামিপক্ষের আইনজীবীরা হইচই শুরু করেন। বিচারক তাঁদের শান্ত হওয়ার অনুরোধ জানিয়ে বলেন, ‘আপনাদের সকলের বক্তব্য পর্যায়ক্রমে শুনানি হবে।’ আসামিপক্ষের আইনজীবীরা আদালতের কাছে দাবি করেন, সব আসামিকে হাজির করা হয়নি। আসামিদের হাজির করার বিষয় নিশ্চিত করা হোক। রাষ্ট্রপক্ষ সব আসামিকে হাজির করেছে বলে আদালতকে নিশ্চিত করে। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা আদালতের প্রতি পক্ষপাতের অভিযোগ এনে এজলাস ত্যাগ করেন। আদালত আসামিপক্ষে সময়ের আবেদন নাকচ করে দিয়ে রিমান্ডে নেওয়ার আদেশ দেন। আসামিপক্ষে শুনানি করেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়া, বর্তমান সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, মাছুদ আহমেদ তালুকদার, গোলাম মোস্তফা খান, বোরহান উদ্দিন, আবদুর রাজ্জাক, মসিউল আলম, কামাল উদ্দিন প্রমুখ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন শাহ আলম তালুকদার, আবদুল মান্নান, কাজী নজিবুল্লাহ, এ কে এম রেজাউল করিম, হাফিজুর রহমান, মাহফুজুর রহমান, তৌহিদুর রহমান প্রমুখ। মামলার বিবরণ: রমনা ও পল্টন থানায় দায়ের হওয়া নয়টি মামলায় ঘটনার বিবরণ প্রায় একই রকম। এজাহারে বলা হয়, ‘এজাহারে উল্লিখিত ব্যক্তিদের সঙ্গে অজ্ঞাতানামা দুই-তিন হাজার জামায়াত-শিবিরের নেতা-কর্মী গত সোমবার বিকেলে অস্ত্রসহ কাকরাইল, নাইটিঙ্গেল ও বিজয়নগর মোড়ে জড়ো হয়। তারা ভয়ভীতি ও বলপ্রয়োগ করে যান চলাচলে প্রতিবন্ধতা সৃষ্টি করে, ভাঙচুর করে। তারা রাজপথে ত্রাস সৃষ্টি করে এলাকায় বিশৃঙ্খলা এবং অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে। তাদের শান্ত করার চেষ্টা করলে তারা পুলিশের ওপর আক্রমণ করে। তারা সরকারি কাজে বাধা ও পুলিশ সদস্যদের হত্যার চেষ্টা করে। অনেক পুলিশ সদস্য আহত হন। পুরো ঘটনায় ১০০ কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩২৬ রাউন্ড গুলি ও ২৬২টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। হামলাকারীরা গাড়িতে আগুন ধরিয়ে দেয়। তারা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়ে মারে। হামলাকারীরা আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে চড়াও হলে তাদের দলীয় লোকজন আহত হয়। গ্রেপ্তারের সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও ধাওয়া-পাল্টাধাওয়ায় আরও কয়েকজন আহত হয়। গ্রেপ্তারের পর কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সন্ধ্যা পর্যন্ত নৈরাজ্য চালায় তারা।’খালেদা জিয়ার বিবৃতি: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, দৈনিক সংগ্রাম-এর সম্পাদক আবুল আসাদের গ্রেপ্তারের ঘটনা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর গ্রেপ্তার সরকারের নিম্ন রুচির আচরণ। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ গ্রেপ্তারের নিন্দা জানিয়ে আসাদের মুক্তি দাবি করেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও পৃথক বিবৃতিতে আবুল আসাদের মুক্তি দাবি করেছেন।