৯ মে থেকে সাংস্কৃতিক বৈচিত্র্য সম্মেলন-২০১২
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এবং জাতিসংঘের শিক্ষা ও শিল্প-সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কোর যৌথ উদ্যোগে ৯ মে বুধবার থেকে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘কালচারাল ডাইভার্সিটি মিনিস্টারিয়াল ফোরাম অব দি এশিয়া-প্যাসিফিক রিজিওন-২০১২’ (সিডিএমএফ) শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউনেস্কোর মহাপরিচালক মিজ ইরিনা বোকোভো।৯ মে সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলনের উদ্বোধন করবেন বলে নিশ্চিত করেছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও সিডিএমএফ আয়োজক কমিটির সদস্য শ্যাম সুন্দর সিকদার। ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভো এই সম্মেলনে উপস্থিত থাকবেন বলেও জানিয়েছেন তিনি।সম্মেলন চলাকালে রাজধানীর হোটেল রূপসী বাংলায় বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের ওপর একটি প্রদর্শনীর আয়োজন করা হবে। এ ছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে দেশবরেণ্য শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। ১১ মে শুক্রবার ‘ঢাকা ঘোষণা’র মধ্য দিয়ে এ সম্মেলন শেষ হবে।এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণ ও বিকাশে আয়োজিত মন্ত্রী-পর্যায়ের এ সম্মেলনে অংশগ্রহণের জন্য এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ৪৩টি দেশকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতিমধ্যে অংশগ্রহণ নিশ্চিত করেছে ৩২টি দেশ। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, আফগানিস্তান, নেপাল, পাকিস্তান, ভুটান, ইরান, কাজাখস্তান, লাওস, মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, চীন, মঙ্গোলিয়া, পাপুয়া নিউগিনি, পালাউ, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, কম্বোডিয়া, ফিজি, ইন্দোনেশিয়া, মায়ানমার প্রভৃতি। এসব দেশ থেকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল সম্মেলনে অংশ নেবে বলেই সম্মেলনসংশ্লিষ্ট ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।এই সম্মেলন সম্পর্কে বিস্তারিত জানা যাবে www.culdivminforum.gov.bd—এই ঠিকানায়।