৯০ কার্যদিবস অনুপস্থিতির সুযোগ বাতিলের দাবি
টানা ৯০ কার্যদিবস সংসদে অনুপস্থিত থাকার সুযোগ বাতিল করার দাবি করেছেন আওয়ামী লীগের সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত। এ জন্য তিনি সংসদের কাছে সংবিধানের ৬৭ অনুচ্ছেদ সংশোধনের আহ্বান জানিয়েছেন। আজ বৃহস্পতিবার সংসদের রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবসম্পর্কিত আলোচনায় তিনি এ আহ্বান জানান।বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ১১ মাস ২০ দিন পর সংসদের বৈঠকে যোগ দেন উল্লেখ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘ধারাবাহিকভাবে সংসদ বর্জন করার সুযোগ থাকা উচিত নয়। এ জন্য আমি সংবিধানের ৬৭ অনুচ্ছেদের “৯০ বৈঠক”-এর বদলে “৯০ দিন” করার দাবি জানাচ্ছি। এটা করা হলে বিরোধী দলকে সংসদের প্রতি অধিবেশনে যোগ দিতে হবে।’সংসদকাজে খালেদা জিয়ার যোগদান সম্পর্কে সুরঞ্জিত বলেন, ‘তিনি ঝড়ের বেগে আসলেন, উল্কার বেগে চলে গেলেন। এটা সংসদীয় শিষ্টাচারের মধ্যে পড়ে না।’ দেশে সাংবিধানিক শূন্যতা রয়েছে বলে খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন, সে সম্পর্কে তিনি বলেন, ‘সংবিধান না থাকলে তিনি সংসদে আসলেন কীভাবে? আসলে আমাদের সংবিধান আছে। নেই ওনাদের সামরিক ফরমান। সেই ফরমান আদালত অবৈধ করে দিয়েছেন।’যুদ্ধাপরাধীদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমা করে দিয়েছেন, জমিরউদ্দিন সরকারের এমন বক্তব্য সম্পর্কে সুরঞ্জিত বলেন, ‘জমিরউদ্দিন সাহেবের বয়স হয়েছে, তাই মতিভ্রম হয়েছে। তিনি ক্ষণজন্মা পুরুষ। তা না হলে কি ৩৬ লাখ টাকার ওষুধ খান। তিনি যুদ্ধাপরাধের বিচার মানেন না অথচ তাঁর নেত্রী বললেন যুদ্ধাপরাধের বিচার মানেন।’এর আগে জমিরউদ্দিন সরকার বলেন, এখন যুদ্ধাপরাধের বিচার করা হলে শেখ মুজিবুর রহমানকে অসম্মান করা হবে। কারণ তিনি যুদ্ধাপরাধীদের ক্ষমা করে দিয়েছিলেন।বিরোধীদলীয় সাংসদ মওদুদ আহমদ সরকারের উদ্দেশে বলেন, ‘বর্তমান সরকারের আমলে এখন পর্যন্ত চার হাজার ৮২৯ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে। এমনটা আমরাও করেছি। আমরা ভুল করেছি। কিন্তু আপনারা কেন ভুল করছেন? আপনারা আইনের শাসনকে আরও উন্নত করেন।’দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে উল্লেখ করে মওদুদ বলেন, ‘এমপিদের বাসায় ডাকাতি হলে আমরা বা দেশের জনগণ কোথায় যাবে?’ বিরোধীদলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি দাবি করেন।মইনউদ্দিন, ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন ও তাঁদের সহযোগীদের বিচার দাবি করে মওদুদ আহমদ বলেন, ‘রাজনৈতিক নেতাদের চরিত্র হননই ছিল বিগত তত্ত্বাবধায়ক সরকারের মূল উদ্দেশ্য। প্রথম আলোর এডিটর লিখেছিলেন, দুই নেত্রীকে সরে দাঁড়াতেই হবে। দুর্নীতির বিরুদ্ধে নয়, তাঁরা রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ক্যাম্পেইন চালিয়েছিলেন।’বিরোধী দল থেকে এ সরকারের আমলে বিদেশের সঙ্গে সম্পাদিত চুক্তি সংসদে উত্থাপনের যে দাবি জানানো হয়েছে, সে সম্পর্কে আওয়ামী লীগের সাংসদ তোফায়েল আহমেদ বলেন, বিএনপির আমলে বিদেশের সঙ্গে যত চুক্তি হয়েছে, তার একটি নিয়েও সংসদে আলোচনা হয়নি।রাষ্ট্রপতির ভাষণের ওপর আরও আলোচনা করেন আমানউল্লাহ, হাফিজুর রহমান মজুমদার, মুজিবুর রহমান সারোয়ার, হামিদুর রহমান আযাদ, নাজিমউদ্দিন প্রমুখ।