৯০ ঘণ্টা পর অনশন ভাঙলেন আন্না হাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সমাজকর্মী আন্না হাজারে আজ শনিবার অনশন ভেঙেছেন। সরকার তাঁর সব দাবি মেনে নেওয়ায় তিনি প্রায় ৯০ ঘণ্টা পর অনশন ভেঙেছেন বলে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে। এক শিশুর দেওয়া পানি পান করে তিনি অনশন ভাঙেন বলে জানা গেছে।সরকারি সূত্রগুলো জানিয়েছে, অনেক নাটকীয়তার পর আন্না হাজারের সঙ্গে সমঝোতা হয়। এর পরই হাজারে গতকাল শুক্রবার ঘোষণা দেন যে আজ সকালে তিনি অনশন ভাঙবেন। হাজারে আজ সকালে প্রথমে তাঁর সমর্থকদের অনশন ভাঙান। এরপর নিজে অনশন ভাঙেন। অনশন ভেঙে তিনি তাঁর সমর্থকদের বলেন, ‘এটা জনতার বিজয়।’হাজারে তাঁর সমর্থকদের জানান, তাঁর দাবি অনুযায়ী সরকার লোকপাল বিল বিষয়ে একটি খসড়া কমিটি গঠনে প্রজ্ঞাপন জারির করতে রাজি হয়েছে। এ ছাড়া ওই খসড়া কমিটিতে ৫০ শতাংশ সুশীল সমাজের প্রতিনিধি এবং বাকি ৫০ শতাংশ সরকারের প্রতিনিধি রাখার প্রস্তাবেও সরকার রাজি আছে।সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, সরকার আন্না হাজারের সব শর্ত মেনে নিয়েছে। তিনি যদি তাঁর অনশন ভাঙেন, তবে সরকার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে। আন্না হাজারে গত মঙ্গলবার থেকে নয়াদিল্লির যন্তর-মন্তরে আমরণ অনশন শুরু করেন। তাঁর দাবি ছিল, ভারতে দুর্নীত রোধে লোকপাল বিলের মতো আইন চালু করতে হবে। লোকপাল বিলের জন্য প্রজ্ঞাপন জারি করে খসড়া কমিটি গঠন এবং কমিটির প্রধান হিসেবে সরকারের বাইরের কাউকে রাখার দাবি জানিয়েছিলেন তিনি।ভারত সরকার প্রথমে হাজারের দাবি প্রত্যাখ্যান করলে তিনি ১২ এপ্রিল ভারত জুড়ে স্বেচ্ছায় কারাবরণের ডাক দেন। তবে সরকার তাঁর সব দাবি মেনে নেওয়ায় গান্ধীভক্ত আন্না হাজারেরই শেষ পর্যন্ত জয় হলো। আন্না হাজারের মতে, লোকপাল বিলের জন্য তাঁর এ অনশন ছিল ভারতের দ্বিতীয় সত্যাগ্রহ। এ বিল তৈরি করে তা অনুমোদন করলে দেশে দুর্নীতির বিরুদ্ধে শাস্তি আরও কঠোর হবে। অনশন কর্মসূচি শুরুর আগে গত সোমবার তিনি বলেছিলেন, ‘জনগণের অংশগ্রহণ ছাড়া সরকার যদি এ বিলের খসড়া তৈরি করে, তাহলে তা গণতান্ত্রিক হবে না, হবে স্বেচ্ছাচারিতা।’