৯০ দিনে নির্বাচন, নইলে আগের সরকার বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ হবে ৯০ দিন। এই ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে ব্যর্থ হলে আগের সরকার পুনর্বহাল হবে। সেই সরকার যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের আয়োজন করবে। সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।বৈঠক শেষে গণভবনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে আওয়ামী লীগের প্রস্তাব সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকারকে ৯০ দিনের মধ্যে অবশ্যই নির্বাচন করতে হবে। ব্যর্থ হলে পূর্ববর্তী রাজনৈতিক সরকার বহাল হয়ে যাবে এবং তারা নির্বাচন করবে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরের শাসনকালের অভিজ্ঞতা থেকে তিনি বলেন, ক্ষমতার লোভ তাদেরও পেয়ে বসেছিল। তাই তিন মাসের বদলে তারা দুই বছরের বেশি সময় ক্ষমতায় ছিল।বৈঠকে আওয়ামী লীগের পক্ষ থেকে সংবিধান সংশোধনে বেশ কয়েকটি প্রস্তাব দেওয়া হয়। গতকাল বুধবার দুপুর ১২টা থেকে বেলা তিনটা পর্যন্ত সংসদ ভবনে এ বৈঠক হয়। এতে আওয়ামী লীগের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মতিয়া চৌধুরী, আব্দুল জলিল, মোহাম্মদ নাসিমসহ ১৩ জন যোগ দেন। সভাপতিত্ব করেন কমিটির চেয়ারপারসন সৈয়দা সাজেদা চৌধুরী।প্রধান বিরোধী দল বিএনপির বিশেষ কমিটির সভায় যোগ না দেওয়া সম্পর্কে শেখ হাসিনা বলেন, এখনো তারা চাইলে প্রস্তাব দিতে পারে। বিশেষ কমিটি নিশ্চয়ই তাদের স্বাগত জানাবে। বিশেষ কমিটির কাছে আওয়ামী লীগের পক্ষ থেকে রাষ্ট্রধর্ম ইসলাম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, উপদেষ্টা নিয়োগ, সংসদে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ভোটদান, ধর্মভিত্তিক রাজনৈতিক দলসহ বিভিন্ন বিষয়ে আওয়ামী লীগ দলগতভাবে মতামত দেয় বলে জানান প্রধানমন্ত্রী।প্রধান উপদেষ্টা নিয়োগের পরিধি বাড়বে: তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগসংক্রান্ত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘সংসদের সরকারি ও বিরোধী দল পাঁচজন করে নাম প্রস্তাব করবে। এখান থেকে আলোচনার মাধ্যমে প্রধান উপদেষ্টা নিয়োগ করা যেতে পারে। পাশাপাশি প্রধান উপদেষ্টা নিয়োগের বিদ্যমান ব্যবস্থাও থাকবে। আমরা চাই, বিচার বিভাগের বাইরে আরও বিকল্প ব্যবস্থা থাকুক।’ তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা নিয়োগের ব্যাপারে তিনি বলেন, ‘সংসদে সরকার ও বিরোধী দল আলোচনা করে ১০ জন উপদেষ্টার নাম দিতে পারে। কিন্তু এটা সম্ভব কি না জানি না। সংবিধান সংশোধন কমিটিতে নাম চাওয়া হয়েছিল। সেটাও প্রধান বিরোধী দল দেয়নি।’ শেখ হাসিনা বলেন, নির্বাচন কমিশন আরও শক্তিশালী হলে এবং ই-ভোটিং চালু হলে ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকারের দরকার পড়বে না। নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করা দরকার। তিনি বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় এসে কোনো নির্বাচনে হস্তক্ষেপ করিনি। পৌরসভা বা কোনো উপনির্বাচনকে আমরা “মাগুরা” বানাইনি। নিজেদের আসনে হারলেও মেনে নিয়েছি।’রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে: সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সভানেত্রী বলেন, ‘ধর্ম আবেগপূর্ণ ব্যাপার। তাই ইসলামকে রাষ্ট্রধর্ম রেখেই অন্য ধর্মাবলম্বীদের যাতে শান্তিপূর্ণভাবে ধর্মকর্ম পালনের অধিকার থাকে, সে ধরনের ব্যবস্থা রাখার পক্ষে মত দেওয়া হয়েছে।’ অবশ্য তিনি বলেন, ‘রাষ্ট্রের ধর্ম থাকে না। ধর্ম হচ্ছে মানুষের জন্য। কিন্তু আমাদের দেশের সমস্যা হচ্ছে, ধর্মকর্মে যাদের মন নাই, আয়োজনটা তাদের বেশি। আবার অনেক ধর্মীয় দল আছে এ ধরনের নেতৃত্ব পছন্দ করে। এদের সঙ্গে এ দলগুলোর ওঠাবসাও বেশি।’ তিনি বলেন, ‘ইসলামকে রাষ্ট্রধর্ম করা হয় একটি ভোটারবিহীন সংসদে। আর এটা যিনি করেছিলেন, তাঁর সম্পর্কে কিছু বলতে চাই না। তিনি কেমন, তা আপনারা জানেন। অবশ্য তিনি এখন আমাদের সঙ্গে আছেন। তবে আমরা মনে করি, এটি মোটেও যৌক্তিক ছিল না।’ধর্মভিত্তিক রাজনীতির সুযোগ থাকবে: ধর্মভিত্তিক রাজনৈতিক দলের ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী দল হবে। এ ক্ষেত্রে বাহাত্তরের সংবিধানে যা আছে, তা কিছুটা নমনীয়তার সঙ্গে বিবেচনা নিয়ে সে আলোকে ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে ধর্মকে দলীয় বিতর্কের ঊর্ধ্বে রাখা ভালো। তাহলে ধর্মের মর্যাদা ঠিক থাকে। পবিত্র কোরআন নিয়ে রাস্তায় নেমে আবার ফ্লাইং কিক মারা ধর্মগ্রন্থের অবমাননা ছাড়া আর কিছুই নয়। কোমলমতি ছাত্রদের কোরআন শরিফ নিয়ে রাস্তায় নামিয়ে পবিত্র ধর্মগ্রন্থের প্রতি অবমাননা করা হয়েছে।বিসমিল্লাহির রাহমানির রাহিম সংবিধানে বহাল রাখার পক্ষে আওয়ামী লীগ প্রস্তাব দিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।বিচারপতিদের অভিশংসন প্রসঙ্গ: প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে নিয়োগ দেন। রাষ্ট্রপতিকে সংসদ অভিশংসন করতে পারলে তাঁর নিয়োগকৃতদের সংসদ অভিশংসন করতে পারবে না কেন? তা ছাড়া জনগণের কাছে সবার জবাবদিহি থাকা উচিত। তবে এ ব্যাপারে আওয়ামী লীগের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো সুপারিশ করা হয়নি। এ ব্যাপারে আওয়ামী লীগ অনমনীয়ও নয়। বিশেষ কমিটি আরও আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে। ৭০ অনুচ্ছেদ: প্রধানমন্ত্রী বলেন, ‘সংবিধানের ৭০ অনুচ্ছেদ বহাল থাকবে। এ বিধান যেমন আছে, সেভাবেই থাকা উচিত। তা না হলে সরকারের স্থিতিশীলতা থাকবে না। এখানে আমরা কোনো সংশোধনী দিইনি।’ প্রসঙ্গত, সংবিধানের ৭০ অনুচ্ছেদে সাংসদদের দলের বিরুদ্ধে ভোট দেওয়ার ব্যাপারে প্রতিবন্ধকতা রয়েছে।অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সংসদে সংরক্ষিত নারী আসন পর্যায়ক্রমে বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে এখন আওয়ামী লীগ আরও পাঁচটি আসন বাড়িয়ে ৫০টি করার প্রস্তাব দিয়েছে। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় রাষ্ট্রপতির জরুরি অবস্থা জারির ক্ষমতাসহ একক ক্ষমতা নিয়ে আলোচনা হয়েছে। কীভাবে ক্ষমতার ভারসাম্য রক্ষা করা যায়, সে ব্যাপারে কমিটি প্রস্তাব দেবে। তিনি বলেন, সরকারি অফিস-আদালতে প্রধানমন্ত্রীর ছবি প্রদর্শনের বিধান বাতিলের প্রস্তাব দেওয়া হয়েছে। কারণ এ কাজটি নির্বাহী আদেশেই হতে পারে। সংবিধানে থাকার প্রয়োজন নেই। তবে সংবিধানে জাতির পিতার ছবি প্রদর্শনের প্রস্তাব করা হয়েছে। শেখ হাসিনা বলেন, ‘আমরা সংবিধানে এমন ব্যবস্থা আনতে চাই, যাতে ভবিষ্যতে কেউ অসাংবিধানিকভাবে ক্ষমতায় আসতে না পারে। সংবিধান জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী হতে হবে। আমরা চাই, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকুক।’প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে বিএনপি এককভাবে তত্ত্বাবধায়ক সরকার আইন পাস করে। আইনটি তারা নিজেদের মনমতো করে পাস করিয়েছে। এতে অন্যদের মত দেওয়ার সুযোগ ছিল না। যে কারণে এই বিধানটিকে সংশোধনীর মাধ্যমে গ্রহণযোগ্য করতে হবে।