সংবিধান সংশোধনে বিশেষ কমিটি
৯০ দিনে ব্যর্থ হলে আগের সরকারের অধীনে নির্বাচন: প্রধানমন্ত্রী
আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৯০ দিনের মধ্যে রাখার প্রস্তাব করা হয়েছে। এ ক্ষেত্রে ওই সময়ের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন সম্পন্ন করতে না পারলে পূর্ববর্তী সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানেরও সুপারিশ করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারকে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে চাপ দিতেই এ প্রস্তাব করা হয়েছে।আজ বুধবার বিকেলে প্রধানমন্ত্রী গণভবনে এক সংবাদ সম্মেলনে সংবিধান সংশোধনে তাঁর দলের অবস্থান ব্যাখা করেন। এর আগে দুপুরে জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটিতে দলের পক্ষে প্রস্তাব দেন তিনি।এর আগে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির সঙ্গে আজ বুধবার তিন ঘণ্টা বৈঠক করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দুপুর ১২টার দিকে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৩ সদস্যের একটি দল বৈঠকে যোগ দেয়।বৈঠক সূত্রে জানা যায়, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ নির্দিষ্ট করে দেওয়ার ব্যাপারে আওয়ামী লীগ বৈঠকে প্রস্তাব দিয়েছে। বিচারকদের অপসারণের ক্ষমতা সংবিধানে যেভাবে আছে, ওইভাবেই রাখার পক্ষে মত দিয়েছে দলটি। একই সঙ্গে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার বিদ্যমান বিধান নিয়ে আরও আলোচনা করে দলটি কমিটিকে সিদ্ধান্ত নিতে বলেছে।আজকের বৈঠকে যোগ দেওয়ার দলটির অন্য সদস্যরা হলেন নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ নাসিম, মহীউদ্দীন খান আলমগীর, আবদুল জলিল, ইউসুফ হোসেন হুমায়ুন, মতিয়া চৌধুরী, এইচ টি ইমাম, এ কে আজাদ চৌধুরী, দুর্গা দাস ভট্টাচার্য, আবুল হাসনাত আবদুল্লাহ, মশিউর রহমান, আলাউদ্দিন আহামেদ ও মাহবুবুল আলম হানিফ।আজকের বৈঠকের মধ্য দিয়ে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সঙ্গে বিশেষ কমিটির বৈঠক শেষ হলো। এ থেকে পাওয়া মতামতের ভিত্তিতে সংবিধান সংশোধনের চূড়ান্ত খসড়া তৈরি করবে কমিটি। সংসদের আগামী অধিবেশনেই তা উপস্থাপন করা হবে। এ নিয়ে সংসদে আলোচনা শেষে তা পাস হবে। এটি হবে সংবিধানের পঞ্চদশ সংশোধনী।