৯০ দিনের মধ্যে দাবি না মানলে দুর্বার আন্দোলন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার এত বছর পরও দেশের স্বাধীনতা বিপন্ন। এই বিপন্ন স্বাধীনতা ও গণতন্ত্রকে রক্ষা করতে সবাইকে সচেষ্ট হতে হবে।ফখরুল বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেওয়ার জন্য সরকারকে ৯০ দিন সময় দিয়েছেন। এই সময়ের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে না নিলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। আন্দোলনের মাধ্যমে সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে বলে মন্তব্য করেন ফখরুল।আজ বুধবার বিকেলে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত দলের আনন্দ শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বিজয়নগর ও মালিবাগ হয়ে মগবাজারে গিয়ে শেষ হয়।ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা বলেন, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সূচনা হয়। এর মধ্য দিয়ে জাতি স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। তিনি দলের নেতা-কর্মীদের শোভাযাত্রার পথে পথে জিয়াকে স্বাধীনতার ঘোষক হিসেবে তুলে ধরার জন্য আহ্বান জানান।শোভাযাত্রায় বিএনপির নেতা খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, রফিকুল ইসলাম মিয়াসহ কেন্দ্রীয় মহানগর কমিটির নেতারা উপস্থিত ছিলেন।