৯০ দিনের মধ্যে বিজিএমইএ ভবন ভাঙতে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজিএমইএ ভবন ৯০ দিনের মধ্যে ভেঙে ফেলতে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় আজ মঙ্গলবার প্রকাশিত হয়েছে। রায়ে আদালত বলেন, ভবনটি সৌন্দর্য ও মহিমান্বিত হাতিরঝিল প্রকল্পে একটি ক্যানসারের মতো। এই ধ্বংসাত্মক ভবন অচিরেই বিনষ্ট করা না হলে এটা শুধু হাতিরঝিল নয়, গোটা ঢাকা শহরকে সংক্রমিত করবে।রায়ে ভবনটি ৯০ দিনের মধ্যে ভেঙে ফেলার জন্য সরকার ও অন্যান্য কর্তৃপক্ষের ওপর নির্দেশ দেওয়া হয়। রায়ে বলা হয়, ওই জমি জনকল্যাণে ব্যবহার করতে হবে। হাতিরঝিল প্রকল্প একটি জনকল্যাণমূলক প্রকল্প।বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ২০১১ সালের ৩ এপ্রিল রায় ঘোষণা করেন। আজ সে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। রায়ে আদালত বলেন, বিজিএমইএ যাদের কাছে ওই ভবনের ফ্ল্যাটের অংশ বিক্রি করেছে, তাদের টাকা ফেরত দিতে হবে। দাবি করার এক বছরের মধ্যে টাকা ফেরত দেওয়ার কথা বলা হয় রায়ে। এর কারণ হিসেবে বলা হয়, বিজিএমইএ ভবনের সঙ্গে তাদের সঙ্গে চুক্তি ছিল বেআইনি। বিজিএমইএ ওই ভবন নির্মাণ বা ভবনের অংশ কারও কাছে বিক্রি করার কোনো অধিকার ছিল না। ওই জমির ওপর বিজিএমইএর মালিকানা নেই বলেও রায়ে উল্লেখ করা হয়। ভবনটি বেআইনিভাবে নির্মাণ করায় তারা কোনো সুদ পাওয়ার দাবিদার নয় বলে আদালত মত দেন।রায়ে আদালত বলেন, রেলওয়ে কর্তৃপক্ষ অর্থাত্ যাদের প্রয়োজনে জমি অধিগ্রহণ করা হয়েছিল, তারা মোট ৬.২১ একর জমি অপ্রয়োজনীয় বিবেচনায় ছেড়ে দেয় ১৯৬০ সালে। পরে ১৯৯৮ সালে রপ্তানি উন্নয়ন ব্যুরো ওই জমি একটি স্মারকের মাধ্যমে, বিজিএমইএ তার নিজস্ব ভবন তৈরির জন্য বেআইনিভাবে প্রদান করে। অথচ রপ্তানি উন্নয়ন ব্যুরো ২০০৬ সালের আগ পর্যন্ত ওই জমির মালিক ছিল না। অর্থাত্ রপ্তানি উন্নয়ন ব্যুরো যা করেছে, তা হলো—পরের ধনে পোদ্দারি। ভবনটি নির্মাণ করে বিজিএমইএ বহু প্রত্যাশিত হাতিরঝিল প্রকল্প বাস্তবায়নে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে তাদের আর্থিক প্রতিপত্তির কারণে, যা কোনো অবস্থাতেই আইনের শাসনের আঙ্গিকে গ্রহণযোগ্য হতে পারে না। ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার বলেন, ৬৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। বিষয়টি আপিল বিভাগে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। তবে ভবনটি খালি করতে ৯০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।বিজিএমইএর কৌঁসুলি মোস্তাফিজুর রহমান খান প্রথম আলো ডটকমকে বলেন, ‘২০১১ সালের ৩ এপ্রিল রায় ঘোষণার পর পর রায়ের অনুলিপির জন্য সংশ্লিষ্ট শাখায় দরখাস্ত করা হয়। পাশাপাশি অনুলিপি না পাওয়া পর্যন্ত হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত রাখার আবেদন জানানো হয়। চেম্বার বিচারপতি হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করেন। শুনেছি পূর্ণাঙ্গ রায়ে বিচারপতিরা সই করেছেন। আশা করছি, কয়েক দিনের মধ্যেই অনুলিপি হাতে পাব। হাতে পাওয়ার এক সপ্তাহের মধ্যেই নিয়মিত লিভ টু আপিল দাখিল করা হবে।’২০১১ সালের ৩ এপ্রিল জমির স্বত্ব্ব না থাকা ও জলাধার আইন লঙ্ঘন করে রাজধানীর হাতিরঝিল প্রকল্প এলাকায় নির্মিত পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ভবনটি ভাঙার নির্দেশ দিয়ে রায় দেন হাইকোর্ট। রায়ের অনুলিপি পাওয়ার ৯০ দিনের মধ্যে ওখানে থাকা কার্যালয় ও স্থাপনা অন্যত্র স্থানান্তর করতে নির্দেশ দেওয়া হয়।