৯০ বছরের সাজাপ্রাপ্ত তাআমির উদ-দ্বীনের জঙ্গি জাহিদ ফের গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপন জঙ্গি সংগঠন তাআমির উদ-দ্বীন বাংলাদেশের কথিত সামরিক শাখার কমান্ডার ৯০ বছরের সাজাপ্রাপ্ত জঙ্গি এ বি জাহিদ হোসেন ওরফে বাবুকে (৩৫) গতকাল বুধবার কারা ফটক থেকে আবার গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সূত্র জানায়, ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার দিন বরিশালের বোমা হামলায় জড়িত বলে জাহিদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। জঙ্গি তৎপরতার অভিযোগে বরিশালে তাঁর বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। এ ছাড়া তিনি ফেনীতে ২০০৬ সালে একটি অপহরণ মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। তাঁর বাড়ি বরিশাল শহরের সিঅ্যান্ডবি রোডে।বরিশাল কোতোয়ালি মডেল থানা সূত্রে জানা গেছে, উচ্চ আদালত থেকে জামিন পাওয়া জাহিদকে গতকাল দুপুরে বরিশাল কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।মুক্তি পাওয়ার পর জাহিদ আবারও জঙ্গি তৎপরতা চালাতে পারেন—এই আশঙ্কায় তাঁকে পুলিশ আবার গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, জাহিদ ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার দিন বরিশাল শহরের ১৩টি স্থানে বোমা হামলার সঙ্গে জড়িত ছিলেন। এরপর তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গত ৫ জানুয়ারি তাঁকে ঢাকা থেকে র‌্যাব গ্রেপ্তার করে এবং বরিশাল পুলিশের কাছে হস্তান্তর করে। তবে সংশ্লিষ্ট অপর একটি সূত্র জানায়, তত্ত্বাবধায়ক সরকার আমলে ২০০৮ সালে জাহিদকে আটক করে একটি গোয়েন্দা সংস্থা। পরে চলতি বছরের ৫ জানুয়ারি তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।জানা গেছে, জাহিদ নিষিদ্ধঘোষিত হরকাতুল জিহাদের (হুজি) সদস্য ছিলেন। পরবর্তী সময়ে হুজি ভেঙে তাআমির উদ-দ্বীন গঠিত হওয়ার পর জিহাদ এ সংগঠনের সামরিক শাখার গুরুত্বপূর্ণ নেতা হয়ে ওঠেন। তাঁর নেতৃত্ব ২০০৬ সালে বিভিন্ন এলাকায় অপহরণ করে মুক্তিপণ আদায় করে তাআমির উদ-দ্বীনের জন্য তহবিল সংগ্রহের কাজ চলত। তখন তাঁরা ফেনী সদর থানায় মহিউছছুন্নাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ডা. হায়দারের শিশুসন্তান সাজ্জাদকে ওই মাদ্রাসা থেকে অপহরণ করে আট লাখ টাকা মুক্তিপণ আদায় করে। এ ঘটনায় ফেনী থানায় দায়ের করা মামলায় জাহিদ অভিযোগপত্রভুক্ত প্রধান আসামি (জিআর মামলা নম্বর ১৪৭/২০০৬)। মামলাটি বর্তমানে ফেনীর নারী-শিশু নির্যাতন ট্রাইব্যুনালে বিচারাধীন আছে। তবে এখন পর্যন্ত তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি বলে ফেনীর পুলিশ সূত্র জানায়। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন প্রথম আলোকে বলেন, জাহিদের বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। এর মধ্যে তিনটির রায়ে তাঁকে ৯০ বছরের কারাদণ্ড দিয়েছেন নিম্ন আদালত।